মুঘল স্থাপত্যে জ্ঞান, শিল্পবোধ ও নান্দনিকতার সম্মিলিত প্রকাশ
তাজমহলের সামনে দাঁড়ালে প্রথমেই আমাদের মনে পড়ে বহুল প্রচলিত সেই প্রেমের গল্প। লালকেল্লার দিকে তাকালে চোখের সামনে ভেসে ওঠে হারিয়ে যাওয়া এক সালতানাতের স্মৃতি। ফতেহপুর সিক্রির নিস্তব্ধ প্রাঙ্গণে আমরা যেন খুঁজে ফিরি বাদশাহ আকবরের রাজদরবারের পদচিহ্ন। কিন্তু এসব স্থাপনার দিকে আরও গভীরভাবে তাকালে একটি ভিন্ন প্রশ্ন সামনে আসে: কেমন একটি সভ্যতা এমন সব অসাধারণ সৃষ্টি তৈরি করতে সক্ষম হয়েছিলো?
কারণ, তাজমহলের মতো স্থাপত্য কোনো আকস্মিক সৃষ্টি নয়। কেবল একজন শাসকের ইচ্ছা কিংবা একজন স্থপতির প্রতিভা দিয়েও এমন সৃষ্টি অসম্ভব। এর পেছনে প্রয়োজন- শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি, সুসংগঠিত প্রশাসন, উন্নত শিল্প ও উৎপাদনব্যবস্থা, প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা দক্ষ শিল্পী ও স্থাপত্যবিদ, গণিত ও প্রকৌশলের শক্তিশালী জ্ঞানগত ভিত্তি এবং সর্বোপরি এমন এক নন্দনচেতনা, যেখানে সৌন্দর্য নিছক বিলাসিতা নয়, বরং একটি সভ্যতার আত্মপ্রকাশের ভাষা।
তাই মুঘল স্থাপত্যকে কেবল কয়েকটি অনিন্দ্যসুন্দর ভবনের ইতিহাস হিসেবে দেখলে এর গভীরতর তাৎপর্য বোঝা সম্ভব না। এই স্থাপত্যসমূহ এমন এক যুগের স্মারক, যখন এই উপমহাদেশের রাজনৈতিক শক্তি, অর্থনৈতিক সমৃদ্ধি, শিল্পদক্ষতা ও জ্ঞানচর্চা একসূত্রে মিলিত হয়েছিলো। সেই সম্মিলিত শক্তিই পাথর, পানি, আলো, ছায়া ও বাগানের বিন্যাসে নির্মাণ করেছিলো এক স্বতন্ত্র সভ্যতাগত ও নান্দনিক ভাষা।
একটি নতুন স্থাপত্যভাষার জন্ম
মুঘলরা যখন ভারতবর্ষে আসে, তারা সঙ্গে করে নিয়ে এসেছিল মাওয়ারাউন নাহারের ঐতিহ্যের স্মৃতি। সমরকন্দের বিশাল প্রবেশখিলান, জ্যামিতিক পরিকল্পনা ও রাজকীয় বাগানের ধারণা তাদের পরিচিত ছিলো। হুমায়ূনের দীর্ঘকাল পারস্য অঞ্চলে (বর্তমান ইরান) বসবাসের কারণে ইরানের স্থাপত্য ও শিল্পরীতিও মুঘল দরবারে আরও প্রত্যক্ষভাবে প্রবেশ করে। এর সঙ্গে ভারতবর্ষের বহু শতাব্দীর নিজস্ব নির্মাণকৌশল, পাথরখোদাই, স্তম্ভনির্ভর স্থাপত্য এবং স্থানীয় আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার নানা রীতি যুক্ত হয়ে ধীরে ধীরে জন্ম নেয় এক স্বতন্ত্র মুঘল স্থাপত্যভাষা। ফলত, মুঘল শিল্পজগৎ হয়ে ওঠে মধ্য এশীয়, পারস্য ও ভারতীয় অঞ্চলের গভীর সাংস্কৃতিক বিনিময়ের সম্মিলিত সৃষ্টি।
এই স্থাপত্যের কিছু বৈশিষ্ট্য পরবর্তী কয়েক শতাব্দীর জন্যই মুঘল পরিচয়ের অংশ হয়ে যায়। বিশাল কেন্দ্রীয় খিলান, একদিকে উন্মুক্ত উঁচু কক্ষ বা ইওয়ান, দ্বিস্তর গম্বুজ, জ্যামিতিক সামঞ্জস্য, হাশত-বিহিশত নামে পরিচিত কেন্দ্রীয় কক্ষকে ঘিরে আটটি সহায়ক অংশের বিন্যাস, চার ভাগে বিভক্ত চারবাগ, পাথর কেটে তৈরি সূক্ষ্ম জালি, লাল বেলেপাথরের সঙ্গে সাদা মার্বেলের বৈপরীত্য এবং মার্বেলের গায়ে রঙিন পাথরখচিত জড়িকাজ, সব মিলিয়ে এমন একটি দৃশ্যভাষা তৈরি হয়, যা আজও বিশ্বের শ্রেষ্ঠ স্থাপত্যধারাগুলোর পাশে নিজস্ব মহিমায় সমুজ্জ্বল।
কিন্তু মুঘলদের কৃতিত্ব শুধু এই উপাদানগুলো ব্যবহারে নয়। তাদের বড় কৃতিত্ব ছিল বিভিন্ন অঞ্চলের জ্ঞানকে গ্রহণ করে তাকে নিজেদের প্রয়োজন ও কল্পনার মধ্যে নতুনভাবে গড়ে তোলা। বাংলার বাঁকানো চালাও একসময় মুঘল স্থাপত্যে প্রবেশ করেছে। ভারতীয় স্তম্ভ ও পাথরের কড়ির নির্মাণপদ্ধতি ফতেহপুর সিক্রির রাজপ্রাসাদে নতুন জীবন পেয়েছে। পারস্যের চারবাগ ভারতবর্ষের নদী, সমতলভূমি ও পাহাড়ি ভূপ্রকৃতির সঙ্গে মানিয়ে বদলে গেছে। এই গ্রহণ ও রূপান্তরের সাথে অঞ্চলের রীতিকে একত্রিত করে ফুটিয়ে তোলায় মুঘলরা এক অর্থে সর্বোচ্চ সৃজনশীলতার পরিচয় দিয়েছে।
বাবর: পাথরের আগে বাগান
মুঘল স্থাপত্য বলতে আমরা অনেকেই স্রেফ তাজমহল বুঝে থাকি। অথচ এর শুরু কোনো বিশাল সমাধিসৌধ দিয়ে হয়নি। শুরু হয়েছিলো অনেকটাই বাগান দিয়ে।
বাবরের নিজের স্মৃতিকথা ‘বাবরনামা’য় উপমহাদেশে বাগান নির্মাণের প্রতি তাঁর গভীর অনুরাগের কথা বারবার উঠে এসেছে। মধ্য এশিয়ার বাগান তাঁর কাছে নিছক অবকাশযাপনের স্থান ছিলো না। নির্দিষ্ট অক্ষ, জলধারা ও জ্যামিতিক বিন্যাসের মধ্যে একটি ভূখণ্ডকে সাজিয়ে তিনি দেখতেন প্রকৃতিকে মানুষের সৃজনশীল বোধে শৃঙ্খলিত, পরিমিত ও সৌন্দর্যময় করে তোলার এক শিল্পিত প্রয়াস হিসেবে।
ভারতের উষ্ণ ও তুলনামূলক শুষ্ক পরিবেশে মধ্য এশিয়ার বাগানরীতি হুবহু অনুসরণ করা সহজ ছিলো না। তাই বাবরকে নতুন ভূপ্রকৃতি ও জলবায়ুর সঙ্গে মানিয়ে নিতে হয়েছিলো। তিনি কখনো নদীর তীরে বাগান গড়ে তুলেছেন, কখনো ধাপে ধাপে পানি প্রবাহের ব্যবস্থা করেছেন, আবার কোথাও খাল ও ভূগর্ভস্থ জলপথের সাহায্য নিয়েছেন। যমুনার তীরে তাঁর নির্মিত আরাম বাগ এবং কাবুলের বাগ-ই বাবর এই প্রাথমিক মুঘল বাগানচিন্তার উল্লেখযোগ্য নিদর্শন। পরবর্তী সময়ে এই বাগান আর কেবল স্থাপনার চারপাশের সৌন্দর্যবর্ধক অনুষঙ্গ হয়ে থাকেনি; হুমায়ূনের কবর থেকে তাজমহল পর্যন্ত তা স্থাপত্য পরিকল্পনারই অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়।

আরাম বাগ

বাগ ই বাবর
বাবরের আমলে পানিপথ ও সম্ভলের মসজিদে তখনও দিল্লি সালতানাতের পুরোনো স্থাপত্যরীতির ছাপ স্পষ্ট ছিলো। তবে সেই পরিচিত কাঠামোর ভেতরেই মাওয়ারাউন নাহারের স্থাপত্যধারার কিছু নতুন বৈশিষ্ট্য ধীরে ধীরে জায়গা করে নিতে শুরু করে। বিশেষ করে কিবলার দেয়ালের কেন্দ্রভাগে উঁচু ও প্রাধান্যপূর্ণ খিলান নির্মাণের যে প্রবণতা তখন দেখা যায়, পরবর্তী মুঘল স্থাপত্যে সেটিই আরও সুসংহত ও মহিমান্বিত রূপ লাভ করে।
মকবরা-ই হুমায়ুনী: মুঘল স্থাপত্যের মহাকাব্যিক সূচনা
মুঘল স্থাপত্য প্রথম সত্যিকারের মহাকাব্যিক আকার ধারণ করে বাদশাহ হুমায়ূনের কবরে।
হুমায়ূনের জীবদ্দশায় বড় পরিসরে স্থাপত্য নির্মাণের সুযোগ খুব বেশি ছিলো না। তাঁর প্রতিষ্ঠিত দীনপানাহ নগরীরও অধিকাংশ রাজনৈতিক উত্থান-পতনের ভেতর হারিয়ে যায়, ধ্বংস হয় কিংবা পরে বদলে ফেলা হয়। কিন্তু তাঁর মৃত্যুর পর বেগা বেগম যে সমাধিসৌধ নির্মাণ করান, সেটিই মুঘল স্থাপত্যে এক নতুন অধ্যায়ের সূচনা করে।
এই নির্মাণের সঙ্গে পারস্যের স্থপতি মিরাক মির্জা গিয়াস ও তাঁর পুত্র সাইয়্যিদ মুহাম্মদের নাম জড়িয়ে আছে। এর মধ্য দিয়ে মুঘল দরবারের আরেকটি বৈশিষ্ট্যও স্পষ্ট হয়ে ওঠে। সাম্রাজ্যের রাজনৈতিক সীমানা যেখানে শেষ, জ্ঞান ও দক্ষতার সন্ধান সেখানে থেমে থাকেনি। প্রয়োজনমতো দূরদেশের প্রতিভাবান স্থপতি ও কারিগরদেরও নিজেদের বৃহৎ নির্মাণপরিকল্পনার সঙ্গে যুক্ত করতে পেরেছিলো মুঘলরা।
হুমায়ূনের কবরের সামনে দাঁড়ালে প্রথমেই চোখে পড়ে এর বিশাল উঁচু ভিত্তি। মনে হয়, পুরো স্থাপনাটিকে যেন সাধারণ ভূমি থেকে তুলে এনে আলাদা এক জগতে স্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় গম্বুজকে ঘিরে হাশত-বিহিশত বিন্যাস, চারদিকে বিস্তৃত চারবাগ, আর জলধারা ও পথের নিখুঁত জ্যামিতিক সমন্বয় এখানে স্থাপত্য ও প্রকৃতিকে আলাদা রাখেনি। দুটিকে মিলিয়ে গড়ে তুলেছে একটি অখণ্ড, সুবিন্যস্ত পরিসর।


মকবরা ই হুমায়ুনী
এর দ্বিস্তর গম্বুজ ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। ভেতরের গম্বুজটি মানুষের চোখে স্বাভাবিক ও সুষম অনুপাত বজায় রেখেছে, আর তার ওপরে নির্মিত পৃথক বহিরাবরণ পুরো স্থাপনাকে বাইরে থেকে দিয়েছে আরও উঁচু, গম্ভীর ও রাজকীয় রূপ। নান্দনিক সৌন্দর্য ও কাঠামোগত প্রয়োজনকে একই কৌশলে সামঞ্জস্য করার এই পদ্ধতি পরে মুঘল স্থাপত্যের অন্যতম স্বতন্ত্র বৈশিষ্ট্যে পরিণত হয়।
লাল বেলেপাথরের বিস্তৃত পৃষ্ঠে সাদা মার্বেলের সংযমী ব্যবহার, সুউচ্চ কেন্দ্রীয় প্রবেশখিলান, নিখুঁত জ্যামিতিক সামঞ্জস্য, মুকারনাসের সূক্ষ্ম অলংকরণ এবং চারপাশের সুবিন্যস্ত বাগান, সব মিলিয়ে হুমায়ূনের কবরে মুঘল স্থাপত্য যেন নিজের একটি পূর্ণাঙ্গ ভাষা খুঁজে পেতে শুরু করে। কয়েক দশক পর তাজমহলে যে স্থাপত্যধারা তার সর্বোচ্চ পরিণতি লাভ করবে, তার শক্ত ভিত গড়ে উঠেছিল এখানেই। ইতিহাসবিদগণের দৃষ্টিতে তাই হুমায়ূনের কবর মুঘল স্থাপত্যের বিকাশে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বিবেচিত।
আকবর: স্থাপত্য যখন সালতানাতের ভাষা
আকবরের সময়ে মুঘল স্থাপত্য কেবল আকারে বিস্তৃত হয়নি, তার চরিত্রেও দেখা দিয়েছিল অসাধারণ বৈচিত্র্য।
আগ্রা দুর্গ তার সবচেয়ে উজ্জ্বল উদাহরণগুলোর একটি। পুরোনো বাদলগড় দুর্গের জায়গায় আকবর যে বিশাল দুর্গপ্রাসাদ নির্মাণ শুরু করেন, তার প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ প্রাচীর শুধু সামরিক শক্তির প্রকাশ ছিল না। দুর্গের ভেতরেই গড়ে উঠেছিল রাজকীয় আবাস, প্রশাসনিক পরিসর এবং নানা প্রয়োজনে নির্মিত অসংখ্য স্থাপনা। লাল বেলেপাথরের দৃঢ় ও গম্ভীর কাঠামোর মধ্যেও ছিল সূক্ষ্ম সৌন্দর্যের বিস্তার। সাদা মার্বেলের অলংকরণ, পাথরখোদাই, ফুল, পাখি, জ্যামিতিক নকশা, এমনকি কল্পিত প্রাণীর অবয়বও সেখানে জায়গা পেয়েছিলো।
দুর্গের দিল্লি দরওয়াজাও ছিল নিছক একটি প্রবেশপথের চেয়ে অনেক বেশি। এর বিপুল উচ্চতা ও গাম্ভীর্য এমনভাবে নির্মিত হয়েছিলো যে, দুর্গের ভেতরে পা রাখার আগেই একজন দর্শক সাম্রাজ্যের শক্তি ও মহিমার মুখোমুখি হতো।


আগ্রা দুর্গ
লাহোর দুর্গও আকবরের সময় থেকে একটি গুরুত্বপূর্ণ মুঘল সাম্রাজ্যিক কেন্দ্রে পরিণত হয়। কাবুল, কাশ্মীর, মুলতান এবং উত্তর ভারতের প্রধান যোগাযোগপথের কাছাকাছি অবস্থান তাকে কেবল স্থাপত্যিক নয়, কৌশলগত গুরুত্বও দিয়েছিলো। পরবর্তী বাদশাহগণ এর সঙ্গে নতুন নতুন প্রাসাদ, অলংকরণ ও বাগান যুক্ত করে গেছেন।

লাহোর দুর্গ
তবে আকবরের সবচেয়ে অনন্য সৃষ্টি ছিলো ফতেহপুর সিক্রি। এখানে একটি ভবন নয়, প্রায় সম্পূর্ণ একটি নতুন রাজধানী নির্মাণ করা হয়েছিল। রাজপ্রাসাদ, প্রশাসনিক ভবন, মসজিদ, রাজপরিবারের আবাস, উন্মুক্ত প্রাঙ্গণ এবং সাধারণ নগরজীবনের প্রয়োজনীয় স্থানগুলোকে একত্রে পরিকল্পনা করা হয়েছিল। অনেক ইতিহাসবিদ একে মুঘলদের প্রথম পরিকল্পিত নগর হিসেবে বর্ণনা করে।
ফতেহপুর সিক্রির সবচেয়ে আকর্ষণীয় দিক তার স্থাপত্যিক সাহস ও বৈচিত্র্য। এখানে মুঘল নির্মাতারা কোনো একটি নির্দিষ্ট ধারাকে অনুসরণ করে থেমে থাকেননি। বরং নানা নির্মাণরীতিকে পাশাপাশি এনে তৈরি করেছেন এক নতুন স্থাপত্যভাষা। বিশাল ইসলামি খিলানের পাশে দেখা যায় ভারতীয় স্তম্ভ ও পাথরের কড়িভিত্তিক নির্মাণপদ্ধতি। কোথাও বাইরে বেরিয়ে থাকা পাথরের কার্নিশ, কোথাও স্তম্ভের মাথায় সূক্ষ্ম কারুকাজ, আবার কোথাও প্রশস্ত আঙিনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে আবাসিক স্থাপনার সমাহার।
দিওয়ান-ই খাসের ভেতরের বিখ্যাত কেন্দ্রীয় স্তম্ভটি তার অনন্য উদাহরণ। একটি পাথরের স্তম্ভ ওপরে গিয়ে অসংখ্য কারুকার্যময় বাহুর মতো ছড়িয়ে পড়েছে, সেখান থেকে চারদিকে পাথরের সরু সেতু বেরিয়ে গেছে। একটি স্থাপনার কাঠামোগত প্রয়োজনকে এখানে প্রায় ভাস্কর্যের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।

বুলন্দ দরওয়াজা

ফতেহপুর সিক্রি
রাজপরিবারের নারীদের আবাসন পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল তাঁদের গোপনীয়তা, স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা। আঙিনাকে ঘিরে কক্ষগুলোর বিন্যাস, পাথরের জালিতে আড়াল রেখে আলো-বাতাস প্রবেশের ব্যবস্থা, নিয়ন্ত্রিত প্রবেশপথ এবং নিজস্ব বাগান, জলাধার ও হাম্মামখানা মিলিয়ে তাঁদের জন্য গড়ে তোলা হয়েছিলো শান্ত, সুরক্ষিত ও স্বয়ংসম্পূর্ণ এক ব্যক্তিগত পরিসর। বাইরের জগতের কোলাহল থেকে পৃথক হলেও এই আবাস ছিলো আলো, বাতাস, প্রকৃতি ও আরামের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।
ফতেহপুর সিক্রির জামে মসজিদের বুলন্দ দরওয়াজা আকবরি স্থাপত্যের আরেক ভাষা। বিশাল সিঁড়ির ওপর দাঁড়ানো প্রবেশদ্বারটি কেবল মসজিদের পথ নয়, বিজয়েরও ঘোষণা। কিন্তু একই প্রাঙ্গণে সেলিম চিশতির ছোট সাদা মার্বেলের সমাধি সম্পূর্ণ ভিন্ন অনুভূতি তৈরি করে। উদ্ধত বিজয়ী নয়, বরং খোদার দরবারে সুফীদের ন্যায় বিনয়ী হতেও শেখায়। এর কারুকার্যে বিশাল লাল পাথরের চারপাশে তার সূক্ষ্ম পাথরের জালি যেন কঠিন শিলাকেও কাপড়ের মতো কোমল করে তুলেছে।
আকবরি স্থাপত্যের মাহাত্ম্য সম্ভবত এখানেই। এটি একরৈখিক নয়। একই সাম্রাজ্যের মধ্যে দুর্গের দৃঢ়তা, মসজিদের মহিমা, সুফীদের আধ্যাত্মিকতা, প্রাসাদের পরীক্ষামূলক কাঠামো এবং ভারতীয় কারিগরি ঐতিহ্য পাশাপাশি জায়গা পেয়েছে।
জাহাঙ্গীরের যুগ: মহিমার সঙ্গে সূক্ষ্মতার মিলন
জাহাঙ্গীরের সময়ে মুঘল স্থাপত্যের দৃষ্টি ধীরে ধীরে বিশাল কাঠামোর পাশাপাশি সূক্ষ্ম অলংকরণের দিকেও ঘুরে যায়।
আকবরের কবর এই পরিবর্তনের একটি চমৎকার নিদর্শন। সিকান্দ্রার বিশাল বাগানের মাঝখানে দাঁড়ানো ভবনটি প্রচলিত মুঘল সমাধির মতো একটি প্রধান গম্বুজের অধীন নয়। পাঁচটি তলা ধাপে ধাপে ছোট হয়ে ওপরে উঠেছে। সর্বোচ্চ স্তরটি সম্পূর্ণ সাদা মার্বেলের খোলা মণ্ডপের মতো। কোণায় চারটি সরু মার্বেলের মিনার তাকে এক নতুন রূপ দিয়েছে।
এই স্থাপনায় বাংলার বাঁকানো চালার প্রভাবও দেখা যায়। বাংলার প্রবল বর্ষণের জন্য তৈরি বাঁকানো ছাদের রূপ মুঘল সাম্রাজ্যিক স্থাপত্যে স্থান পেয়েছিলো। একটি অঞ্চল রাজনৈতিকভাবে সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলে তার স্থাপত্যস্মৃতিও যে বৃহত্তর মুঘল সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারত, এটি তার সুন্দর দৃষ্টান্ত।
আরও বড় পরিবর্তন আসে ইতিমাদ-উদ-দৌলার কবরে। নূরজাহান তাঁর পিতার জন্য এই কবর নির্মাণ করান। এখানে লাল পাথরের বিশালতা সরে গিয়ে সাদা মার্বেল প্রধান হয়ে ওঠে। মার্বেলের গায়ে রঙিন অর্ধমূল্যবান পাথরের সূক্ষ্ম জড়াই, পাথরের জালি এবং ফুলেল নকশা এমন একটি নতুন সৌন্দর্য তৈরি করে, যার পূর্ণ বিকাশ আমরা তাজমহলে দেখতে পাই।

মকবরা ই আকবরী

ইতিমাদ উদ্দৌলার কবর
এই সময়েই মুঘল বাগান স্থাপত্যও নতুন উচ্চতায় পৌঁছায়। কাশ্মীরের শালিমার বাগে সমতল চারবাগের ধারণাকে পাহাড়ের ঢালের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। একটি প্রধান জলধারা ধাপে ধাপে বিভিন্ন স্তর অতিক্রম করে নেমে আসে। তার সঙ্গে যুক্ত হয় ঝরনা, ফোয়ারা, জলাধার, বৃক্ষসারি এবং মার্বেলের মণ্ডপ। ঝরনার পেছনে তৈরি ছোট ছোট খিলানযুক্ত কুঠুরি, যেগুলো চিনিখানা নামে পরিচিত, পানি ও আলোর মিলনে এক বিশেষ দৃশ্য সৃষ্টি করতো।
এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। মুঘলদের কাছে বাগান ভবনের চারপাশে পড়ে থাকা খালি জমি ছিল না। বাগান নিজেই ছিল স্থাপত্য। পানি ছিলো তার পথ, গাছ ছিলো তার দেয়াল, ছায়া ছিল তার ছাদ, আর মানুষের চলাচল ছিল তার জীবন্ত অংশ।
শাহজাহানের যুগ: পরিপূর্ণতার সন্ধানে
আকবরের স্থাপত্যে যে পরীক্ষা, বৈচিত্র্য ও মেলবন্ধনের সূচনা হয়েছিল, শাহজাহানের যুগে এসে তা আরও সুসংহত ও পরিশীলিত রূপ নেয়। মুঘল স্থাপত্য যেন এ সময় নিজের ভাষাকে পুরোপুরি চিনে ফেলে।
রেখা ও অনুপাত হয় আরও নিখুঁত, সামঞ্জস্য আরও নিয়ন্ত্রিত। সাদা মার্বেল ক্রমে প্রধান উপকরণ হয়ে ওঠে, গম্বুজে আসে পূর্ণতর বক্রতা, খিলানে আরও কোমলতা ও ঔজ্জ্বল্য। অলংকরণও আর ভবনের গায়ে বসানো কোনো আলাদা সৌন্দর্য নয়; তা মিশে যায় নির্মাণের শরীরে, হয়ে ওঠে পুরো নকশারই অংশ।
এই স্থাপত্যবোধের সবচেয়ে পূর্ণাঙ্গ প্রকাশ তাজমহল।
তবে তাজমহলকে শুধু তার শুভ্র গম্বুজের জন্য দেখলে তার প্রকৃত বিস্তার ধরা পড়ে না। এটি একক কোনো ভবন নয়, বরং একটি সম্পূর্ণ স্থাপত্যজগৎ, যেখানে ভবন, বাগান, জল, পথ, আলো ও শূন্যতা মিলেই গড়ে তুলেছে এক অনবদ্য সামগ্রিকতা।
প্রবেশের আগে রয়েছে বৃহৎ প্রাঙ্গণ। তারপর বিশাল দরজা। তার পর খুলে যায় জ্যামিতিক বাগান, দীর্ঘ জলাধার এবং সোজা অক্ষরেখা। সবকিছুর শেষে যমুনার তীরে উঁচু পাথরের ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে সাদা মার্বেলের সমাধিসৌধ। চার কোণে চারটি মিনার, মাঝখানে বিশাল দ্বিস্তর গম্বুজ এবং প্রতিটি মুখে উঁচু প্রধান খিলান পুরো স্থাপনাটিকে এমন সামঞ্জস্য দিয়েছে যে একটি অংশ সরিয়ে নিলে যেন সম্পূর্ণ ভারসাম্যটাই ভেঙে যাবে।
মূল ভবনের ভেতরেও কেন্দ্রীয় কক্ষকে ঘিরে সহায়ক কক্ষগুলোর বিন্যাস করা হয়েছে। মমতাজ মহল ও শাহজাহানের যে অলংকৃত কবরফলক দর্শকেরা দেখেন, সেগুলো কেবল প্রতীকী। তাঁদের প্রকৃত কবর ভবনের নিচের স্তরে অবস্থিত।
সাদা মার্বেলের গায়ে রঙিন পাথর বসিয়ে ফুল ও লতার সূক্ষ্ম নকশা তৈরি করা হয়েছে। কোরআনের আয়াতগুলো স্থাপত্যের গায়ে এমনভাবে উৎকীর্ণ যে ক্যালিগ্রাফি এখানে কেবল লেখা নয়, ভবনের সামগ্রিক সৌন্দর্যেরই অবিচ্ছেদ্য অংশ। পাথরের জালি আলোকে পুরোপুরি আটকে দেয় না, আবার ভেতরটাকেও সম্পূর্ণ উন্মুক্ত করে না। দিনের আলোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাই কক্ষের ভেতরের আলোছায়ার রূপও বদলে যায়।
কবরের পশ্চিমে মসজিদ, পূর্বে তার সামঞ্জস্য রক্ষাকারী আরেকটি ভবন। পুরো স্থাপনার কোনো একটি অংশকে আলাদা করে দেখলে তাজমহলকে বোঝা যায় না। ভবন, বাগান, পানি, ক্যালিগ্রাফি, পাথরখোদাই এবং দূরের নদী, সব মিলেই এর সম্পূর্ণতা।

তাজমহল
তাজমহলের সঙ্গে উস্তাদ আহমদ লাহোরির নাম সবচেয়ে দৃঢ়ভাবে যুক্ত। তবে এমন বিশাল একটি নির্মাণকে একজন ব্যক্তির সৃষ্টি হিসেবে দেখা ঠিক নয়। সমকালীন সূত্র থেকে বোঝা যায়, স্থপতি, প্রকৌশলী, নির্মাণ তত্ত্বাবধায়ক এবং নানা বিশেষায়িত কারিগরের একটি বৃহৎ দল এসব প্রকল্পে কাজ করত। শাহজাহান নিজেও নির্মাণের নকশা ও পরিকল্পনায় গভীর আগ্রহ নিতেন। মুঘল স্থাপত্যের ইতিহাস আসলে বিখ্যাত স্থপতিদের পাশাপাশি অসংখ্য নামহীন পাথরশিল্পী, রাজমিস্ত্রি, জালিশিল্পী, ক্যালিগ্রাফার ও প্রকৌশলীরও ইতিহাস।
লালকেল্লা ও শাহজাহানাবাদ: যখন পুরো শহর হয়ে ওঠে স্থাপত্য
শাহজাহানের স্বপ্ন তাজমহলে থেমে থাকেনি। তিনি একটি নতুন রাজধানী নির্মাণ করেন, শাহজাহানাবাদ।
তার কেন্দ্র ছিল কিলা-ই মুবারক, আজকের লালকেল্লা। এটি শুধু প্রতিরক্ষার দুর্গ ছিলো না। এর ভেতরে জনদরবারের দিওয়ান-ই আম, অভিজাতদের জন্য দিওয়ান-ই খাস, রাজপরিবারের আবাস ও অতিথিশালা ছিলো।
সবচেয়ে সুন্দর ব্যবস্থাগুলোর একটি ছিল নহর-ই বেহেশত, অর্থাৎ ‘বেহেশতের প্রবাহ’। রাজকীয় কক্ষগুলোর ভেতর দিয়ে প্রবাহিত পানি একদিকে পরিবেশকে সৌন্দর্যময় করত, অন্যদিকে গরম আবহাওয়ায় শীতলতার অনুভূতিও সৃষ্টি করতো। প্রবাহিত পানিকে এখানে আবারও দেখা যায় কার্যকারিতা ও সৌন্দর্যের মিলনস্থল হিসেবে।

কিল্লা ই মুবারক/লালকেল্লা
লালকেল্লার বাইরে গড়ে ওঠা শাহজাহানাবাদও সাম্রাজ্যিক নগরচিন্তার পরিচয় বহন করে। জাহানারা বেগমের পরিকল্পিত চাঁদনি চক হয়ে ওঠে শহরের প্রধান বাণিজ্যিক অক্ষ। রোশনারা বেগম নির্মাণ করেন নিজস্ব বিশাল বাগান। শহরের আরেক প্রান্তে উঁচু ভিত্তির ওপর নির্মিত জামা মসজিদ তার বিশাল প্রাঙ্গণ, প্রশস্ত সিঁড়ি, তিনটি গম্বুজ ও দুই সুউচ্চ মিনার নিয়ে নগরের আকাশরেখায় নিজের উপস্থিতি ঘোষণা করত।
একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানেই স্পষ্ট হয়। মুঘল স্থাপত্য শুধু মকবরা নির্মাণের শিল্প ছিল না। তারা দুর্গ নির্মাণ করেছে, রাজধানী নির্মাণ করেছে, বাজারের পথ তৈরি করেছে, মসজিদ বানিয়েছে, রাজপ্রাসাদ ও বাগানকে নগরের সঙ্গে যুক্ত করেছে। অর্থাৎ তাদের স্থাপত্যচিন্তা ছিলো একটি পূর্ণাঙ্গ নগরসভ্যতার চিন্তা।
মুঘল স্থাপত্যের পেছনে ইসলামী সৌন্দর্যবোধ
এত এত স্থাপত্যকে কেবল অর্থনৈতিক শক্তির ফল বললেও তার ব্যাখ্যা অসম্পূর্ণ থেকে যায়। কারণ সম্পদ দিয়ে ভবন নির্মাণ করা যায়, কিন্তু তাজমহলের মতো একটি নন্দনতাত্ত্বিক জগৎ কেবল সম্পদ দিয়ে সৃষ্টি করা যায় না।
মুঘলরা ইসলামী সভ্যতার একটি দীর্ঘ শিল্পঐতিহ্যের উত্তরাধিকার বহন করেছিল। সেই ঐতিহ্যে সৌন্দর্য বহু সময় শৃঙ্খলা, সামঞ্জস্য, পুনরাবৃত্তি ও পরিমিতির মাধ্যমে প্রকাশ পেয়েছে। জ্যামিতিক নকশার একটি রেখা আরেকটির জন্ম দেয়, একটি ফুল আরেকটির মধ্যে মিশে যায়, পুনরাবৃত্ত নকশা চোখকে দৃশ্যমান সীমার বাইরে অনন্তের অনুভূতি দেয়।
ক্যালিগ্রাফিও এখানে শুধু অলংকরণ নয়। ওহীর ভাষা নিজেই হয়ে ওঠে স্থাপত্যের অংশ। তাজমহলের দেয়ালে কোরআনের আয়াত বা মসজিদের প্রবেশপথে খোদিত আরবি লেখা স্থাপত্যকে অর্থ ও সৌন্দর্যের একটি যৌথ জগতে নিয়ে যায়।
চারবাগের ধারণার সঙ্গেও জান্নাতের কল্পনার একটি গভীর সম্পর্ক ছিল। প্রবাহিত নদী, বৃক্ষ, ছায়া ও উদ্যানের কুরআনিক চিত্র পারস্য ও মধ্য এশিয়ার বাগানচিন্তায় দীর্ঘদিন ধরে নানা রূপ পেয়েছিল। মুঘলরা সেই উত্তরাধিকারকে ভারতবর্ষে এনে নতুন ভূগোলের সঙ্গে মেলালো। হুমায়ূনের কবরের চারবাগ থেকে কাশ্মীরের শালিমার এবং লালকেল্লার নহর-ই বেহেশত পর্যন্ত, পানি তাই শুধু প্রয়োজন মেটায়নি, একটি আদর্শ সৌন্দর্যময় জগতের স্মৃতিও বহন করেছে।
তবে ইসলামী শিল্পকে কেবল জ্যামিতি ও অক্ষরের মধ্যে সীমাবদ্ধ ভাবাও ভুল। মুঘল দরবারে মানুষ, প্রাণী, ফুল ও প্রকৃতির অসাধারণ চিত্রকলার বিকাশ ঘটেছিলো। বরং মুঘল শিল্পের বিশেষত্ব ছিলো, ধর্মীয় স্থাপত্যে ক্যালিগ্রাফি, জ্যামিতি ও উদ্ভিদলতার নকশাকে এক ধরনের মহিমা দেওয়া এবং একই সঙ্গে রাজদরবারের চিত্রকলায় দৃশ্যমান পৃথিবীকে গভীর মনোযোগে পর্যবেক্ষণ করা। এই বহুমাত্রিক শিল্পবোধই স্থাপত্যকেও সমৃদ্ধ করেছে।
কিন্তু এমন সব নির্মাণ সম্ভব হয়েছিলো কীভাবে?
এখানেই মুঘল স্থাপত্য আমাদের তাদের সভ্যতার আরও গভীরে নিয়ে যায়।
একটি তাজমহল নির্মাণের জন্য শুধু একজন সম্রাটের কাছে অর্থ থাকাই যথেষ্ট নয়। মার্বেল খনি থেকে পাথর তুলতে হয়। শত শত মাইল দূর থেকে তা পরিবহন করতে হয়। পাথর কাটার কারিগর লাগে, গম্বুজ নির্মাণের দক্ষতা লাগে, খোদাইশিল্পী লাগে, জালিশিল্পী লাগে, ক্যালিগ্রাফার লাগে, মূল্যবান পাথর বসানোর কারিগর লাগে। এত মানুষের কাজকে দীর্ঘ সময় ধরে এক পরিকল্পনার অধীনে পরিচালনা করতে হয়।
ফতেহপুর সিক্রির মতো একটি নগর নির্মাণে প্রয়োজন আরও বড় সাংগঠনিক শক্তি। শালিমারের মতো বাগানে পাহাড়ের ঢাল বুঝে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে হয়। হুমায়ূনের সমাধির বিশাল গম্বুজ কিংবা তাজমহলের সামঞ্জস্য বজায় রাখতে পরিমাপ ও জ্যামিতির গভীর ব্যবহার প্রয়োজন হয়।
এই সবকিছু একটি বৃহৎ অর্থনৈতিক ও শিল্পভিত্তি ছাড়া সম্ভব নয়।
ঐতিহাসিক অর্থনীতিবিদ অ্যাঙ্গাস ম্যাডিসনের বহুল আলোচিত হিসাব অনুযায়ী, ১৬০০ সালের দিকে বৃহত্তর ভারতীয় অর্থনীতি বিশ্ব মোট উৎপাদনের আনুমানিক ২২.৬ শতাংশ এবং ১৭০০ সালে প্রায় ২৪.৪ শতাংশের প্রতিনিধিত্ব করত। মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ সময়টি এমন এক উপমহাদেশীয় অর্থনীতির মধ্যে জন্ম নিয়েছিলো, যা পৃথিবীর মোট উৎপাদনের প্রায় এক-চতুর্থাংশ ধারণ করতো।
তখন ভারতীয় বস্ত্র ও নানা কারুশিল্পের আন্তর্জাতিক চাহিদা ছিলো প্রবল। মুঘল রাষ্ট্রের রাজস্বব্যবস্থা, নগরকেন্দ্র, অভ্যন্তরীণ বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত এক বিস্তৃত উৎপাদনজগতের ওপর এই সালাতানাত সংস্কৃতি দাঁড়িয়ে ছিলো।
স্থাপত্য ছিলো সেই সমৃদ্ধির সবচেয়ে দৃশ্যমান রূপ।
কারণ সম্পদ যখন কেবল রাজকোষে জমা থাকে, তা ইতিহাসে দেখা যায় না। কিন্তু সেই অর্থ যখন দক্ষতা ও জ্ঞানের সঙ্গে যুক্ত হয়ে একটি তাজমহল, একটি ফতেহপুর সিক্রি বা একটি লালকেল্লায় রূপ নেয়, তখন একটি সভ্যতা তার সক্ষমতাকে শতাব্দীর পর শতাব্দীর জন্য দৃশ্যমান করে রেখে যায়।
আওরঙ্গজেব এবং পরবর্তী উত্তরাধিকার
শাহজাহানের পর মুঘল স্থাপত্যের মহাকায় রাজকীয় পৃষ্ঠপোষকতা কিছুটা কমে এলেও নির্মাণ থেমে যায়নি। আওরঙ্গজেবের আমলে দীর্ঘ সামরিক অভিযানের চাপ রাজকোষ ও প্রশাসনের ওপর প্রভাব ফেলেছিলো। তারপরও লাহোরের বাদশাহী মসজিদ মুঘল স্থাপত্যের অন্যতম বৃহৎ নিদর্শন হয়ে ওঠে। লালকেল্লার ভেতরের ছোট কিন্তু মার্জিত সাদা মার্বেলের মতি মসজিদ আবার অন্য ধরনের সংযত সৌন্দর্য প্রকাশ করে। তাঁর শাসনামলে নির্মিত বিবি কা মকবারায় তাজমহলের স্থাপত্যস্মৃতি স্পষ্ট, যদিও তার পরিসর ও উপকরণ অপেক্ষাকৃত সীমিত।
মুঘল রাজনৈতিক ক্ষমতা দুর্বল হয়ে যাওয়ার পরও তাদের স্থাপত্যভাষা হারিয়ে যায়নি। আওধ, মুর্শিদাবাদ ও হায়দরাবাদের আঞ্চলিক শাসকেরা নিজেদের স্থাপত্যে মুঘল গম্বুজ, খিলান, বাগান ও সামঞ্জস্যের ধারণা গ্রহণ করেন। আবার প্রতিটি অঞ্চল নিজের উপকরণ ও নির্মাণঐতিহ্য দিয়ে সেই ভাষাকে বদলে নেয়। বাংলায় বাঁকানো কার্নিশ ও ইটের ব্যবহার, আওধে বিশাল খিলানঘর এবং হায়দরাবাদে দাক্ষিণাত্য ও পারস্যের প্রভাবের সঙ্গে মুঘল রীতির মিলন দেখায়, একটি সাম্রাজ্য পতনের পরও তার সভ্যতাগত প্রভাব কত দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে।

বাদশাহী মসজিদ

বিবি কা মকবরা
পাথরগুলো আজও যে কথা বলে
আজ আমরা যখন তাজমহলের দিকে তাকাই, তখন একটি সুন্দর সমাধিসৌধ দেখি। কিন্তু আমাদের আরও কিছু দেখা উচিত।
দেখা উচিত সেই খনি, যেখান থেকে পাথর এসেছে। সেই পথ, যে পথ দিয়ে তা শত শত মাইল অতিক্রম করেছে। সেই কারিগরকে, যার হাতে কঠিন মার্বেল ফুলের পাপড়ি হয়ে উঠেছে। সেই প্রকৌশলীকে, যিনি পানিকে পাহাড়ের ঢাল বেয়ে নির্দিষ্ট পথে প্রবাহিত করেছেন। সেই স্থপতিকে, যিনি ভেতরের মানুষের অনুপাত এবং বাইরের রাজকীয় মহিমার জন্য দুটি আলাদা গম্বুজের পরিকল্পনা করেছেন। সেই রাষ্ট্রকে, যে কয়েক দশক ধরে হাজারো মানুষের দক্ষতাকে একটি নির্মাণের মধ্যে সংগঠিত করতে পেরেছে।
তাজমহল তখন আর কেবল একটি প্রেমের স্মৃতিসৌধ থাকে না।
ফতেহপুর সিক্রি তখন আর পরিত্যক্ত শহর থাকে না।
লালকেল্লা তখন আর মৃত সাম্রাজ্যের দুর্গ থাকে না।
এগুলো হয়ে ওঠে একটি সভ্যতার সৌন্দর্যবোধ, নন্দনতত্ত্ব, ঐশ্বর্য, সক্ষমতা ও শ্রেষ্ঠত্বের দলিল।
মুঘলরা তাদের সময়ের পৃথিবীতে শুধু যুদ্ধ করেনি, শুধু ভূখণ্ড শাসন করেনি। তারা নগর নির্মাণ করেছে, বাগানকে স্থাপত্যে পরিণত করেছে, পানিকে সৌন্দর্যের ভাষা দিয়েছে, পাথরকে আলো প্রবেশের মতো সূক্ষ্ম করেছে। মধ্য এশিয়া, পারস্য, ভারত ও বাংলার শিল্পঐতিহ্যকে মিলিয়ে এমন একটি স্থাপত্যভাষা তৈরি করেছে, যার পদচিহ্ন আজও পৃথিবীর মানচিত্রজুড়ে ছড়িয়ে আছে।
এই ইতিহাস স্মরণ করার অর্থ অতীতের মধ্যে আশ্রয় নেওয়া নয়। বরং বুঝতে শেখা, বড় কোনো সভ্যতাগত সৃষ্টি একা জন্ম নেয় না। তার পেছনে থাকে সমৃদ্ধ অর্থনীতি, জ্ঞানের প্রতি সম্মান, দক্ষতার দীর্ঘ সাধনা, শক্তিশালী প্রতিষ্ঠান এবং সৌন্দর্য সৃষ্টি করার আত্মবিশ্বাস।
মুঘল সালতানাত আজ নেই। কিন্তু তাদের স্থাপত্যগুলো আজও কথা বলে।
সেই পাথর আমাদের মনে করিয়ে দেয়, একসময় এই উপমহাদেশে এমন এক সভ্যতা ছিল, যার অর্থনৈতিক শক্তি ছিল পৃথিবীর বৃহত্তমগুলোর একটি, যার কারিগরের হাত ছিল বিস্ময়কর, যার প্রকৌশলীরা পানি ও পাথরকে নিজের কল্পনার অধীন করতে জানতো, আর যার শিল্পবোধ পৃথিবীর বুকে এমন কিছু সৃষ্টি করে গেছে, যার সামনে চার শতাব্দী পরও মানুষ নীরব হয়ে দাঁড়িয়ে থাকে।
এই ইতিহাস আত্মমুগ্ধ হওয়ার জন্য নয়।
এই ইতিহাস আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য।
