ফুল মানব সভ্যতায় শুধু সৌন্দর্যের প্রতীক নয়; কখনও তা ধর্মীয় আবেগের ভাষা, কখনও প্রেম ও স্মৃতির চিহ্ন, আবার কখনও শিল্প ও স্থাপত্যের অলংকার। ভারতবর্ষের ইতিহাসে এই ফুলের উপস্থিতি আরও গভীর ও বহুমাত্রিক। শতাব্দীর পর শতাব্দী ধরে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, পারস্য ও খ্রিস্টীয় সংস্কৃতির পারস্পরিক সংস্পর্শে ভারতীয় শিল্প এমন এক বৈচিত্র্যময় রূপ লাভ করেছে, যেখানে ভিন্ন ভিন্ন ঐতিহ্য পরস্পরকে গ্রহণ করেছে, বদলে দিয়েছে এবং নতুন সৌন্দর্যের জন্ম দিয়েছে।
মুঘল যুগে এই সাংস্কৃতিক মিলনের অন্যতম সুন্দর প্রকাশ ঘটেছিল ফুলের নকশায়। প্রাসাদের দেয়াল, সমাধিসৌধের মার্বেল, পাথরের খোদাই, ক্ষুদ্রচিত্র, বস্ত্র কিংবা অলংকরণ—প্রায় সর্বত্রই ফুল হয়ে উঠেছিল সৌন্দর্যের এক অভিন্ন ভাষা। পারস্যের সূক্ষ্ম নকশা, ইসলামী জ্যামিতি এবং ভারতীয় শিল্পীদের প্রকৃতিনির্ভর কল্পনা মিলেমিশে সৃষ্টি করেছিল এমন এক শিল্পরীতি, যার সৌন্দর্য আজও ভারতের স্থাপত্য ও শিল্পঐতিহ্যে জীবন্ত।
ভারত: নানা সংস্কৃতির মিলনভূমি
ভারত এমন এক অসাধারণ সাংস্কৃতিক ভুবন, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, পারস্য ও খ্রিস্টীয় প্রভাব এসে মিলিত হয়েছে। রাজস্থান তার একটি উজ্জ্বল উদাহরণ। রাজ্যের শহরগুলোতে ছড়িয়ে থাকা ঐশ্বর্যমণ্ডিত প্রাসাদ, দুর্গ ও স্থাপত্য আজও এই সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের সাক্ষ্য বহন করে।
ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত ভারতের বিস্তীর্ণ অঞ্চল শাসন করেছিল মুঘল সাম্রাজ্য। নিজেদের মসজিদ, প্রাসাদ ও সমাধিসৌধ নির্মাণের জন্য মুঘল শাসকেরা ভারতীয় নির্মাতা এবং দক্ষ ভাস্করদের সহযোগিতা নিয়েছিলেন। এই শিল্পীরা বহু আগে থেকেই পাথরের মন্দির নির্মাণ ও সূক্ষ্ম কারুকাজে অভ্যস্ত ছিলেন।
ভারতীয় শিল্পে ফুল বরাবরই ছিল এক অফুরন্ত অনুপ্রেরণার উৎস। চিত্রকলা, বয়নশিল্প, ভাস্কর্য, খোদাই—সব ক্ষেত্রেই ফুলের নকশা বারবার ফিরে এসেছে। মুঘল ও হিন্দু শিল্পধারার সম্মিলনে যে অসাধারণ শিল্পরূপ গড়ে উঠেছিল, তার কয়েকটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত নিচে আলোচনা করা হলো। এগুলো শুধু শিল্পকলার নিদর্শন নয়, বরং পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং সৌন্দর্য সম্পর্কে অভিন্ন দৃষ্টিভঙ্গিরও প্রকাশ।
পিয়েত্রা দুরা কৌশল
ষোড়শ শতাব্দীর শেষ দিকে ফ্লোরেন্সে উদ্ভাবিত পিয়েত্রা দুরা কৌশলটির নামের আক্ষরিক অর্থ ইতালীয় ভাষায় ‘কঠিন পাথর’। এই পদ্ধতিতে মার্বেলের গায়ে বিভিন্ন আধা-মূল্যবান পাথরের টুকরো বসিয়ে সূক্ষ্ম নকশা তৈরি করা হয়।

প্রথমে কাগজে বা পাথরের ওপর কাঙ্ক্ষিত নকশাটি আঁকা হয়। এরপর কারিগর প্রতিটি পাথরকে সেই নকশা অনুযায়ী কেটে আকার দেন এবং যথাযথ গভীরতায় বসানোর জন্য প্রস্তুত করেন, যেন প্রতিটি অংশ মার্বেলের সঙ্গে নিখুঁতভাবে মিশে যায়। এটি এমন এক শিল্পকৌশল, যেখানে অসাধারণ ধৈর্য, নিখুঁততা ও দক্ষতার প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের এবং বিভিন্ন রঙের পাথরের পরস্পর সংযোজনে নকশাগুলো যেন প্রাণ পেয়ে ওঠে।
ভারতীয় হিন্দু কারিগরেরা আগে থেকেই ফুল ও লতাপাতার নকশা পাথরে খোদাই করতেন। পরে সম্রাট শাহজাহানের আমলে ইউরোপীয় উৎস থেকে আগত পিয়েত্রা দুরা পদ্ধতির মাধ্যমে এসব নকশাকে নতুন রূপ দেওয়া হয়। লাল বেলেপাথর, ল্যাপিস লাজুলি এবং অন্যান্য রঙিন পাথরের ব্যবহারে স্থাপত্যের ফুলেল অলংকরণ আরও উজ্জ্বল ও জীবন্ত হয়ে ওঠে।
জ্যামিতিক নকশার সঙ্গে ফুলের মিলন
মুঘল সালতানাতের প্রভাবে পারস্য স্থাপত্যের কোমল সৌন্দর্য ভারতীয় তথা হিন্দু স্থাপত্যরীতির নানা উপাদানের সঙ্গে মিশে যায়। লাল বেলেপাথর, স্তম্ভশীর্ষ, কার্নিশ ও ছত্রী বা কিয়স্কের মতো ভারতীয় স্থাপত্য-উপাদান ইসলামী জ্যামিতিক বিন্যাসের সঙ্গে যুক্ত হয়ে এক নতুন নান্দনিক ভারসাম্য সৃষ্টি করে।
বিভিন্ন রঙের পাথরের ব্যবহার এই জ্যামিতিক শৃঙ্খলাকে একঘেয়ে হতে দেয়নি। বরং কঠোর জ্যামিতির সঙ্গে রঙ ও ফুলের কোমলতা মিলে স্থাপত্যে সৃষ্টি করেছে বৈচিত্র্য ও ছন্দ।
হিন্দু রীতির স্তম্ভে দেখা যায় মুসলিম শিল্পপ্রভাবিত জ্যামিতিক নকশা, আবার ইসলামী খিলানের পাশে পাওয়া যায় ভারতীয় অলংকরণের ছাপ। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ফুলের মোটিফের সঙ্গে ইসলামী জ্যামিতিক নকশার সমন্বয় হিন্দু ও মুসলিম কারিগরদের সহযোগিতার প্রতীক হয়ে ওঠে।
মুঘল ক্ষুদ্রচিত্র
১৫৪৪ সালে আফগান শাসক শের শাহ এবং হুমায়ূনের ভাই মির্জা কামরানের কাছে পরাজিত হয়ে সম্রাট হুমায়ূন পারস্যে নির্বাসিত হন। সেখানে তিনি ইরানি ক্ষুদ্রচিত্রকলার সঙ্গে পরিচিত হন এবং এই শিল্পরীতির প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। পরে ভারতে ফিরে নিজের ক্ষমতা পুনরুদ্ধার করার সময় হুমায়ূন সঙ্গে করে পারস্যের শিল্পী ও চিত্রকরদের নিয়ে আসেন। তার পুত্র সম্রাট আকবর, যিনি নিজেও একজন পারস্যীয় শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেছিলেন, রাজদরবারে একটি চিত্রশালা বা কর্মশালা প্রতিষ্ঠা করেন। সেখানে পারস্যের শিল্পী এবং ভারতীয় হিন্দু কারিগররা পাশাপাশি কাজ করতেন। এই দুই ধারার মিলন থেকেই ধীরে ধীরে জন্ম নেয় স্বতন্ত্র মুঘল চিত্রশৈলী।
মুঘল ক্ষুদ্রচিত্রে রাজদরবার, শিকার, যুদ্ধ, রাজপুত্র ও অভিজাতদের প্রতিকৃতি অত্যন্ত সূক্ষ্মভাবে অঙ্কিত হতো। রঙের ব্যবহার ছিল পরিশীলিত, রেখা ছিল অত্যন্ত সূক্ষ্ম, এবং কোথাও কোথাও সোনার প্রলেপও ব্যবহার করা হতো। শিল্পীরা কখনও এমন সূক্ষ্ম তুলি ব্যবহার করতেন, যা মাত্র কয়েকটি পশম বা লোম দিয়ে তৈরি করা হতো।
ফলে ক্ষুদ্র আয়তনের মধ্যেই বিস্ময়কর মাত্রার বিশদ বিবরণ তুলে ধরা সম্ভব হতো।
দিল্লির লালকেল্লা: মুঘল ক্ষমতার রাজনৈতিক কেন্দ্র
দিল্লির লালকেল্লা মুঘল রাজনৈতিক ও স্থাপত্য ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। শাহজাহানের সময় এই দুর্গ-প্রাসাদ মুঘল স্থাপত্যের এক অনন্য রূপ লাভ করে।
‘শাহজাহানাবাদের প্রাসাদ-দুর্গ’ হিসেবেও এটি পরিচিত ছিল। পরবর্তীকালে ব্রিটিশরা একে ‘রেড ফোর্ট’ বা লালকেল্লা নামে অভিহিত করে। বিশাল এই স্থাপত্য-কমপ্লেক্স উঁচু প্রাচীর ও বিভিন্ন টাওয়ার দিয়ে পরিবেষ্টিত।
এর অভ্যন্তরে রয়েছে মসজিদ, রাজকীয় প্রাসাদ এবং মার্বেলের প্যাভিলিয়ন। দুর্গের পরিকল্পনায় ইসলামী, পারস্য, তিমুরীয় ও হিন্দু স্থাপত্যের বৈশিষ্ট্য একত্রে দেখা যায়। স্থাপত্যের বিভিন্ন অংশে ভারতীয় ফুলের নকশা ও খোদাই বিশেষভাবে লক্ষণীয়।
তাজমহল: হিন্দু-মুসলিম শিল্পের এক অপূর্ব সম্মিলন
১৬৩২ থেকে ১৬৪৮ সালের মধ্যে সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে তাজমহল নির্মাণ করেন। সন্তান জন্ম দিতে গিয়ে মুমতাজের মৃত্যুর পর তাঁর প্রতি ভালোবাসা ও স্মৃতিকে স্থায়ী করে রাখার উদ্দেশ্যেই এই সমাধিসৌধ নির্মিত হয়েছিল।

তাজমহলের মূল স্থাপত্যে সাদা মার্বেলের ব্যবহার বিশ্বজুড়ে বিখ্যাত। এর অলংকরণে ল্যাপিস লাজুলি এবং অন্যান্য মূল্যবান ও আধা-মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছে। কালো পাথরের পিয়েত্রা দুরা পদ্ধতিতে তৈরি ক্যালিগ্রাফিক অলংকরণও এর স্থাপত্যসৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।
তাজমহলের দেয়ালে ফুলের নকশা বিশেষভাবে লক্ষণীয়। কোথাও পাথরে ফুল খোদাই করা হয়েছে, আবার কোথাও রঙিন পাথরের ইনলে কাজের মাধ্যমে ফুলের পাপড়ি, কাণ্ড ও পাতা ফুটিয়ে তোলা হয়েছে। ভারতীয় কারিগরদের প্রকৃতিপ্রেম এবং মুঘল নান্দনিকতার শৃঙ্খলা এখানে একে অপরের সঙ্গে মিলিত হয়েছে।
স্থাপনাটির নিখুঁত সামঞ্জস্য ও প্রতিসাম্য তাজমহলকে এক অনন্য স্থাপত্যকীর্তিতে পরিণত করেছে। জলাধারের প্রতিবিম্বে সেই সামঞ্জস্য আরও মোহনীয় হয়ে ওঠে।
‘তাজমহল’ নামটির সঙ্গে ‘মুকুট’-এর ভাবার্থ যুক্ত। এর স্থাপত্যে ভারতীয় ও ইসলামি শিল্পরীতির যে মিলন ঘটেছে, তা বহু শতাব্দীর সাংস্কৃতিক আদান-প্রদানেরও প্রতীক।
ফুল: ঐতিহ্য থেকে সমকালীন নকশায়
মুঘল যুগের ফুলেল শিল্পরীতির প্রভাব কেবল ঐতিহাসিক স্থাপত্যেই সীমাবদ্ধ থাকেনি। আজও ভারতীয় বস্ত্র, গৃহসজ্জার সামগ্রী, কুশন, টেবিল লিনেন, ব্যাগ এবং নানা কারুশিল্পে সেই ঐতিহ্যের প্রতিধ্বনি দেখা যায়।
কোমল কাণ্ড, পাতা ও পাপড়ির সঙ্গে দৃঢ় জ্যামিতিক বর্ডারের সংমিশ্রণ আজও ভারতীয় নকশাকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দেয়। অতীতের মুঘল ও ভারতীয় শিল্পের পারস্পরিক প্রভাব তাই সমকালীন ডিজাইনেও নতুনভাবে বেঁচে আছে। মুঘল যুগের ফুলেল শিল্প আমাদের মনে করিয়ে দেয় যে, শিল্পের সবচেয়ে সুন্দর সৃষ্টি অনেক সময় জন্ম নেয় সংস্কৃতির মিলনস্থলে। পারস্যের নান্দনিকতা, ইসলামের জ্যামিতিক শৃঙ্খলা, ইউরোপীয় কারুশিল্পের কিছু কৌশল এবং ভারতীয় শিল্পীদের প্রকৃতিনির্ভর কল্পনাশক্তি—এসবের সম্মিলনে যে শিল্পভাষা গড়ে উঠেছিল, তা কোনো একক জাতি বা সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ ছিল না।

ফুল সেই মিলনের সবচেয়ে কোমল ও একইসাথে শক্তিশালী প্রতীক। পাথরের কঠিন গায়ে খোদাই করা পদ্ম, মার্বেলের বুকে রঙিন পাথরে ফুটিয়ে তোলা টিউলিপ কিংবা ক্ষুদ্রচিত্রের সূক্ষ্ম পাপড়ি—সবই যেন একই কথা বলে।
সম্রাট, সাম্রাজ্য ও রাজদরবার আজ ইতিহাসের অংশ। কিন্তু তাদের সময়ের শিল্পীরা যে ফুল পাথর, রং ও রেখায় ফুটিয়ে তুলেছিলেন, সেগুলো এখনও যেন অমলিন। লালকেল্লার দেয়াল থেকে তাজমহলের মার্বেল, মুঘল ক্ষুদ্রচিত্র থেকে আজকের বস্ত্রনকশা; সর্বত্র সেই ফুল আমাদের সামনে অতীত ও বর্তমানের মধ্যে এক অদৃশ্য সেতু তৈরি করে। আর হয়তো সেখানেই মুঘল ফুলেল শিল্পের সবচেয়ে বড় সৌন্দর্য। পাথরের ভেতরেও সে প্রকৃতির কোমলতা ধরে রাখে, আর শতাব্দী পেরিয়েও তার পাপড়িগুলো ঝরে পড়ে না।
জেরোমি গাল্যান্ড
অনুবাদ : সুরাইয়া আফরিন মুনতাহা
