মালিক বিন নবী (১৯০৫–১৯৭৩) একজন আলজেরীয় সমাজচিন্তক ও দার্শনিক, যিনি বিংশ শতাব্দীর ইসলামী জ্ঞানতাত্বিক ধারায় একটি স্বতন্ত্র স্থান অধিকার করে আছেন। বি-উপনিবেশায়ন যুগের এক সংকটময় সময়ে লেখালেখি করতে গিয়ে বিন নবী এমন একটি প্রশ্নের অবতারনা করেছিলেন, যা তাঁর সময়ের অনেক মুসলিম স্কলারকেই ভাবিয়ে তুলেছিলো। প্রশ্নটি ছিলো: যে মুসলিম সমাজ একসময় মানব সভ্যতার শীর্ষে উপনীত হয়েছিলো, পরবর্তীতে কেন তারা ইউরোপীয় উপনিবেশবাদের কাছে দুর্বল হয়ে পড়ে? তাঁর সমসাময়িক অধিকাংশ স্কলার যেখানে মুসলিমদের এই পতনের জন্য প্রধানত বাহিরের (ইউরোপের) আগ্রাসনকে দায়ী করতেন, সেখানে বিন নবী আত্মসমালোচনার পথে এগিয়ে গিয়ে একটি ভিন্ন সমাজতত্ত্ব নির্মাণ করেন। তার সেই সমাজতত্ত্ব ব্যাখ্যা করে— কীভাবে নিজেদের অভ্যন্তরীণ দুর্বলতা আধিপত্য বিস্তারের উপযুক্ত পরিবেশ তৈরী করে দেয়।
বিন নবী ফরাসি দখলদারিত্বের অধীনস্থ আলজেরিয়ার কনস্টান্টিন শহরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে প্যারিস থেকে ডিগ্রি নিয়ে প্রকৌশলী হন। ফলে, তিনি একদিকে ইউরোপীয় চিন্তার বুদ্ধিবৃত্তিক প্রাণশক্তি এবং অন্যদিকে উপনিবেশিক বর্ণবাদের কঠোর বাস্তবতা—উভয়ই প্রত্যক্ষভাবে অনুভব করেন। সন্দেহের অবকাশ রাখেনা যে, এই দ্বৈত অভিজ্ঞতা তাঁর বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গিকে গড়ে তুলতে ভূমিকা রেখেছিলো। তাঁর রচনাসমূহ, যেমন: Les Conditions de la Renaissance (দ্য কন্ডিশনস অব রেনেসাঁ) এবং Vocation de l’Islam (দ্য ভোকেশন অব ইসলাম) সভ্যতার গতিশীলতার একটি সমন্বিত তত্ত্ব উপস্থাপন করে, যা রাজনৈতিক বিশ্লেষণ এর গন্ডি ছাড়িয়ে উপনিবেশ-পরবর্তী মুসলিম সমাজের উপর একটি গভীর সমাজতাত্ত্বিক বিশ্লেষণ প্রদান করে।
বিন নবীর সবচেয়ে কালজয়ী অবদান হলো তাঁর “কলোনাইজেবিলিটি” তত্ত্ব, যেখানে তিনি যুক্তি দিয়ে প্রমাণ করেন যে, সমাজের কিছু অভ্যন্তরীণ দুর্বলতা তাকে বহিরাগত আধিপত্যকে মেনে নেয়ার জন্য প্রস্তুত করে তোলে। এই ধারণাটি মুসলিম বিশ্বে উপনিবেশবাদ নিয়ে আলোচনার মোড় ঘুরিয়ে দেয়; মুসলমানদের ভুক্তভোগিতা থেকে দায়বদ্ধতার দিকে নিয়ে যায়। শুধু “উপনিবেশবাদীরা আমাদের কী কী ক্ষতি করেছে?” এই প্রশ্নে সীমাবদ্ধ না থেকে বরং আরও অস্বস্তিকর প্রশ্নের অবতারনা করে: “আমাদের মধ্যে কোন দুর্বলতা ছিল যা আমাদের শোষিত হবার পথ উন্মুক্ত করে দিয়েছে?” বিতর্কিত হলেও, আধুনিক বিশ্বায়ন, সাংস্কৃতিক ক্ষেত্রে পরনির্ভরতা এবং আত্নপপরিচয় সংকটের প্রেক্ষাপটে এই প্রশ্নটি আজও অত্যন্ত প্রাসঙ্গিক।
বিন নবীর সমাজতাত্ত্বিক কাঠামোর মূল ধারণাসমূহ
সভ্যতার সমীকরণ: মানুষ, মাটি এবং সময়
বিন নবীর সমাজতত্ত্বের কেন্দ্রে রয়েছে তাঁর বিখ্যাত “সভ্যতার সমীকরণ”:
সভ্যতা = (মানুষ + মাটি + সময়) × সংস্কৃতি
এই আপাতদৃষ্টিতে সহজ সূত্রটি সভ্যতার গতিশীলতা সম্পর্কে একটি গভীর বোঝাপড়ার দ্বার উন্মোচন করে। বিন নবীর মতে, সভ্যতা কেবল বস্তুগত উপাদান দ্বারা গঠিত হয়না; বরং এটি তিনটি মৌলিক উপাদানের সুষম পারস্পরিক ক্রিয়ার ফল, যাকে পরিচালিত করে একটি প্রভাবশালী চিন্তা।
এখানে “মানুষ” বলতে কেবল জৈবিক মানবসত্তাকে বোঝায় না; বরং উচ্চতর মূল্যবোধের দিকে ধাবমান এক সংস্কৃতিবান ও সচেতন ব্যক্তিসত্তাকে বোঝায়।
“ভূমি/ মাটি” বলতে শুধু এক টুকরো জমি নয়; বরং একটি সমাজের সকল বস্তুগত সম্পদ ও প্রাকৃতিক সম্ভাবনার সমষ্টিকে বোঝায়।
আর “সময়” বলতে শুধু ক্রনোলজিকাল/ কালানুক্রমিক সময় নয়; বরং সুনির্দিষ্ট লক্ষ্যগামী-ফলপ্রসূ প্রচেষ্টাকে বুঝায়, যাকে বিন নবী “ক্ষয়ে যাওয়া সময়”-এর বিপরীতে “সামাজিক সময়’’ বলেন।
সমীকরণে সংস্কৃতির সাথে গুণের ব্যবহারটি ইচ্ছাকৃত: যদি এই উপাদানটি (সংস্কৃতি) শূন্য হয়, তবে পুরো সভ্যতাই শূন্য হয়ে যায়। একটি সমাজের ভূমি থাকতে পারে এবং সময়ের পরিক্রমায় সভ্যতাটি বেঁচে থাকতে পারে, কিন্তু সংস্কৃতির দ্বারা গঠিত এবং অর্থবহ চিন্তা দ্বারা পরিচালিত মানুষ না থাকলে প্রকৃত সভ্যতার অস্তিত্ব বিলীন হয়ে যায়।
কলোনাইজেবিলিটি: আধিপত্য বিস্তারের অভ্যন্তরীণ শর্তাবলি
বিন নবীর “কলোনাইজেবিলিটি” (Colonizability) তত্ত্ব উপনিবেশ-উত্তর চিন্তাধারায় তাঁর সবচেয়ে মৌলিক অবদান। তিনি “কলোনাইজেশন” এবং কলোনাইজেবিলিটি এর মধ্যে একটি পার্থক্য রচনা করেন একটিকে রাজনৈতিক ও বাহ্যিক বিষয় এবং অন্যটিকে সমাজতাত্ত্বিক ও অভ্যন্তরীণ অবস্থা হিসেবে তুলে ধরার মাধ্যমে। বিন নবীর মতে, একটি সমাজ তখনই উপনিবেশ বা শোষণের উপযোগী হয়ে উঠে, যখন তার নিজস্ব সভ্যতা তিনটি আন্তঃসম্পর্কিত রোগ দ্বারা পতনের পর্যায়ে চলে যায়:
প্রথমটি হলো চিন্তার সংকট (আযমত আল আফকার): যখন কোনো সভ্যতাকে গঠনকারী মৌলিক চিন্তাগুলো তাদের প্রাণশক্তি ও সৃজনশীলতা হারায়, তখন তাদের বুদ্ধিবৃত্তিক জীবন হয়ে ওঠে নিষ্প্রাণ ও অনুকরণনির্ভর। বড় বড় ইসলামী সালতানাতগুলো যখন সৃজনশীলতা ও চিন্তার ক্ষেত্রে গতিশীলতা হারিয়ে ফেলে এবং তার পরিবর্তে রক্ষণশীল ঐতিহ্যবাদ ও বুদ্ধিবৃত্তিক স্থবিরতা তাদের উপর ভর করে, তখনই মূলত তাদের পতনের ঘন্টাধ্বনি বেজে উঠে; বিন নবী এটিকে আল মোহাদ পরবর্তী সময় বলে অভিহিত করেন।
দ্বিতীয়ত, বস্তুগত বিষয়সমূহের প্রতি মোহ (তাকদিস আল আশইয়া): পতনশীল সভ্যতায় বস্তুগত সম্পদ এক ধরনের পূজ্য বস্তুতে পরিণত হয় এবং সভ্যতা তার আখলাকী বা কার্যকরী অর্থ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিন নবী লক্ষ্য করেন যে, উপনিবেশ-পরবর্তী সমাজগুলো প্রায়ই পশ্চিমা সভ্যতার বস্তুগত বিষয়গুলো, যেমন: প্রযুক্তি, ভোগ্যপণ্য এবং প্রতিষ্ঠান—অনুকরণ করে, কিন্তু সেগুলোর পেছনের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে গ্রহণ করে না। এর ফলে এক ধরনের ঝলমলে কিন্তু ঠুনকো আধুনিকতার পর্দা সৃষ্টি হয়, যা সভ্যতার আত্মিক দেউলিয়াত্বকে আড়াল করে; বিন নবী এটিকে উদ্ধৃত করেছেন ‘’মেকি সভ্যতা” হিসেবে।
তৃতীয়ত, সামাজিক অবক্ষয়: যখন একটি সমাজের আধ্যাত্মিক ও নৈতিক ভিত্তি দুর্বল হয়ে যায়, তখন তার সামাজিক সম্পর্কগুলো সহযোগিতার বদলে পারস্পরিক শোষণের রূপ ধারণ করে। পারস্পরিক বিশ্বাস কমে যায়, সাধারণ লক্ষ্য হারিয়ে যায়, এবং স্বার্থপর ব্যক্তি ও প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীতে বিভক্ত হওয়ার মাধ্যমে সমাজকাঠামো ভেঙ্গে পড়ে।
এই তিনটি ব্যাধি একত্রে একটি সভ্যতাগত শূন্যতা সৃষ্টি করে, যা অনিবার্যভাবে বহিরাগত শক্তিগুলো পূরণ করে। বিন নবীর মতে, তাই কলোনাইজেবিলিটি কেবল দুর্বলতার চিহ্ন নয়; বরং এটি একটি রোগগ্রস্ত অবস্থা—এক ধরনের আত্মসৃষ্ট দুর্বলতা, যা বহিরাগত আধিপত্যকে আমন্ত্রণ জানায়।
সংস্কৃতি, চিন্তা এবং “শাইয়িয়্যাহ”-এর সমস্যা
বিন নবীর সমাজতত্ত্বের কেন্দ্রে রয়েছে তাঁর সংস্কৃতি তত্ত্ব। তিনি সংস্কৃতিকে সঞ্চিত জ্ঞান বা সংরক্ষিত ঐতিহ্যের সমষ্টি হিসেবে দেখেন না; বরং তিনি এটিকে এমন এক আখলাকী ও নান্দনিক মূল্যবোধ সম্বলিত ব্যবস্থা হিসেবে সংজ্ঞায়িত করেন, যার মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রিত হয় এবং ব্যক্তিত্ব গঠিত হয়। বিন নবীর দৃষ্টিতে, সংস্কৃতি হলো সুনির্দিষ্ট সামাজিক বাস্তবতায় ধর্মীয় চিন্তার ব্যবহারিক প্রকাশ।
তিনি “শাইয়িয়্যাহ” বা বস্তুবাদে রূপান্তর এর ধারণা উপস্থাপন করেন— এটি হলো একটি অসুস্থ অবস্থা, যেখানে চিন্তাকে পণ্যের মতো বিবেচনা করা হয়, বাহ্যিক রূপকে অতিরঞ্জিতভাবে গুরুত্ব দেওয়া হয়, অন্তর্নিহিত অর্থকে অবহেলা করা হয় এবং আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের পরিবর্তে বস্তুগত সম্পদকে অগ্রাধিকার দেওয়া হয়। বিন নবীর মতে, এই বস্তুবাদ ধর্মীয় ও সেক্যুলার—উভয় পরিমন্ডলেই বিকশিত হয়। দ্বীনি ফিরকাগুলোর ক্ষেত্রে এটি দেখা যায় আখলাক ও আধ্যাত্মিকতা থেকে বিচ্ছিন্ন আনুষ্ঠানিক আচার-অনুষ্ঠানের কঠোর অনুসরণে, আর উন্নয়নের ক্ষেত্রে এটি প্রকাশ পায় অন্ধ অনুকরণের মাধ্যমে; পশ্চিমা প্রতিষ্ঠান ও প্রযুক্তির পেছনের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক ভিত্তি বিবেচনা ছাড়াই সেগুলো গ্রহণের মাধ্যমে।
বিন নবীর মতে, শাইয়িয়্যাহ-এর প্রতিকার হলো একটি জীবন্ত ধর্মীয় চেতনার ভিত্তিতে প্রকৃত সাংস্কৃতিক পুনর্জাগরণ। এর অর্থ অতীতের প্রতি নস্টালজিক প্রত্যাবর্তন নয়; বরং ইসলামের মূল্যবোধ ও আদর্শের সঙ্গে সৃজনশীল ও গতিশীল সম্পৃক্ততা—যার মাধ্যমে আধুনিক বিশ্বের জন্য বুদ্ধিবৃত্তিক ভাবে সুসংহত এবং আধ্যাত্মিক ভিত্তিসম্পন্ন প্রস্তাবনা হাজির করা যায়।
সমাজের চালিকা শক্তি হিসেবে ধর্ম/ দ্বীন
সেক্যুলার সমাজতাত্ত্বিকগণ ধর্মকে কেবল একটি আদর্শ বা ভ্রান্ত চেতনা হিসেবে দেখেন। অন্যদিকে ঐতিহ্যবাদীরা (traditionalist) ধর্মকে শুধুমাত্র বাস্তব জীবনে প্রয়োগ উপযোগী কিছু আইন-কানুনের সমষ্টি হিসেবে বিবেচনা করেন। এই দুই প্রান্তিক চিন্তা থেকে সম্পূর্ণ ভিন্নভাবে, বিন নবী ধর্মকে দেখেন সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে একটি রূপান্তরকারী জীবনব্যবস্থা হিসেবে, যা ব্যক্তির চেতনা এবং সমষ্টিগত আচরণকে পুনর্গঠন করতে সক্ষম। এমিল দুর্খেইমের ধর্মের সামাজিক ভূমিকা সম্পর্কিত দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করে এবং সেটিকে ইসলামী থিওলজিক্যাল চিন্তার মাধ্যমে সমৃদ্ধ করে বিন নবী যুক্তি দেন যে, প্রকৃত ধর্মীয় চেতনা মানুষকে ইতিবাচক পরিবর্তনের দিকে ধাবিত করে।
তিনি ব্যাখ্যা করেন যে, এই অভিযাত্রা তিনটি মাত্রায় কাজ করে:
- সময়: ইতিহাসের কাল পরিক্রমায় অর্থবহ ভূমিকা
- স্থান: শুধু ভূমি নয়, সামাজিক ও ভৌত পরিবেশের যৌক্তিক সম্মিলন;
- আধ্যাত্মিক মাত্রা: মেটাফিজিক্যাল বিষয়ের সঙ্গে আত্মপরিচয় স্থাপন।
যখন এই মাত্রাগুলো প্রকৃত দ্বীনের ছত্রচ্ছায়ায় মিলিত হয়, তখন তা সভ্যতার প্রাণশক্তি হয়ে ওঠে এবং এর অগ্রগতিতে ভূমিকা রাখে। বিপরীতে, যখন এগুলো বিচ্ছিন্ন হয়ে যায়—যখন ধর্ম আখলাক থেকে বিচ্ছিন্ন হয়ে কেবল আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ হয়ে যায়, যখন মানুষের কর্ম প্রচেষ্টা লক্ষ্যচ্যুত হয়ে যায় এবং যখন পারিপার্শ্বিক পরিবেশ অবহেলিত হয়, তখন অনিবার্যভাবে সভ্যতার পতন ঘটে।
সমাজতাত্ত্বিক প্রেক্ষাপটে বিন নবী; একটি তুলনামূলক পাঠ
ম্যাক্স ওয়েবার এবং “প্রোটেস্ট্যান্ট ইথিক্স”
ম্যাক্স ওয়েবার এর বিখ্যাত তত্ত্ব The Protestant Ethic and the Spirit of Capitalism-এর সঙ্গে বিন নবীর চিন্তার মিল পাওয়া যায়। তারা উভয়েই ধর্মীয় চিন্তা কীভাবে অর্থনৈতিক কার্যাবলী এবং সামাজিক সম্পর্ককে প্রভাবিত করে- এ বিষয়ে আগ্রহী ছিলেন। তবে যেখানে ওয়েবার পুঁজিবাদের উৎপত্তিকে নির্দিষ্ট প্রোটেস্ট্যান্ট মতবাদের সঙ্গে যুক্ত করেন, সেখানে বিন নবীর যুক্তি হলো, যে কোনো প্রকৃত ধর্মীয় চেতনা মানব কর্মকাণ্ডকে মেটাফিজিক্যাল লক্ষ্যের দিকে পরিচালিত করে এবং মানুষের মধ্যে শৃঙ্খলাবদ্ধ ও অর্থবহ আচরণ গড়ে তোলে, যা সভ্যতাকে গতিশীল রাখে।
তাদের মধ্যে পার্থক্য মূলত উপসংহারে। ওয়েবার শেষ পর্যন্ত তাঁর বিশ্লেষণকে সেক্যুলারিজমের দিকে নিয়ে যান, যেখানে প্রোটেস্ট্যান্ট আখলাককে একটি সাংস্কৃতিক ঘটনা হিসেবে দেখা হয়, যার ধর্মীয় বিশ্বাসের দিকটি পুঁজিবাদ পরিপক্ক হওয়ার পর অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। বিপরীতে, বিন নবী জোর দিয়ে বলেন যে, ধর্মীয় চেতনা সভ্যতার স্থায়ী প্রাণশক্তির জন্য অপরিহার্য। তাঁর মতে, সেক্যুলারিজম অগ্রগতির প্রতীক নয়; বরং এটি পতনের লক্ষণ—যাকে তিনি “পশ্চিমা ব্যাধি” বলে উল্লেখ করেন। তার মতে, এটি অনুকরণ করলে মুসলিম সমাজ বিপদের সম্মুখীন হতে পারে।
ফ্রানৎস ফ্যানন এবং উপনিবেশ-পরবর্তী মনস্তত্ত্ব
বিন নবীর সমসাময়িক ফ্রানৎস ফ্যানন বি-উপনিবেশায়ন নিয়ে একই রকম উদ্বেগ প্রকাশ করলেও তাঁর দৃষ্টিভঙ্গি ছিল বিপ্লব ও মনস্তত্ব কেন্দ্রিক। ফ্যানন ঔপনিবেশিক শক্তি কর্তৃক মনস্তাত্ত্বিক আঘাতের উপর গুরুত্ব দেন এবং মর্যাদা পুনরুদ্ধারের জন্য সহিংস বিপ্লবকে সমাধান হিসেবে দেখেন। বিন নবী উপনিবেশবাদের মনস্তাত্ত্বিক ক্ষতিকে স্বীকার করলেও, বেশি গুরুত্ব দেন সেই অভ্যন্তরীণ দুর্বলতাগুলোর উপর, যা সমাজকে আগে থেকেই আধিপত্য ও শোষণকে মেনে নেয়ার উপযোগী করে তোলে।
ফেনন এবং বিন নবী দুজনেই এ বিষয়ে একমত যে, শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা প্রকৃত মুক্তি নিশ্চিত করতে পারে না; এর জন্য প্রয়োজন গভীর নৈতিক ও বুদ্ধিবৃত্তিক পুনর্জাগরণ। তবে ফ্যাননের বিপ্লবী আদর্শবাদের বিপরীতে, বিন নবীর দৃঢ় বিশ্বাস হলো— “সভ্যতার পুনর্জাগরণ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, যা কেবল রাজনৈতিক উচ্ছ্বাস এর মাধ্যমে নয়; বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে অর্জিত হয়।”
আর্নল্ড টয়েনবি এবং সভ্যতার বৃত্ত
বিন নবীর সভ্যতা তত্ত্ব আর্নল্ড টয়েনবির সভ্যতার উত্থান-পতনের বৃত্তীয় ধারণার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উভয়েই সভ্যতাকে একটি জীবন্ত সত্তা হিসেবে দেখেন, যা বৃদ্ধি, বিকাশ এবং পতনের বিভিন্ন পর্যায় অতিক্রম করে এবং উভয়েই পুনর্জাগরনের ক্ষেত্রে সংখ্যালঘু বুদ্ধিজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
তবে বিন নবীর ইসলামী ফ্রেমওয়ার্ক/ কাঠামো তাঁকে টয়েনবির ঐতিহাসিক নিয়তিবাদ থেকে ভিন্ন উপসংহারে নিয়ে যায়। টয়েনবি যেখানে সভ্যতার পতনকে প্রায় অপ্রত্যাবর্তনীয় মনে করেন—যার ফলে একটি নতুন সভ্যতার জন্ম হয়, সেখানে বিন নবী ইসলামের মধ্যে একটি চিরস্থায়ী পুনর্জাগরণের উৎস (তাজদীদ) খুঁজে পান। কুরআন ও নববী আদর্শ অনুযায়ী সংস্কারকদের (মুজাদ্দিদুন) মাধ্যমে “বৃত্তীয় পুনর্জাগরনের ধারণা” বিন নবীর কাছে আশা ও পুনরুত্থানের একটি ধর্মতাত্ত্বিক/ থিওলজিকাল ভিত্তি প্রদান করে—যা টয়েনবির নিয়তিবাদী ইতিহাসের দৃষ্টিভঙ্গিতে অনুপস্থিত।
আধুনিক যুগে বিন নবীর তত্ত্বের প্রাসঙ্গিকতা
সাংস্কৃতিক নির্ভরশীলতা এবং নব্য-উপনিবেশবাদ
উপনিবেশ থেকে আনুষ্ঠানিক স্বাধীনতার দীর্ঘ সময় পরে এসে আধুনিক যুগেও যে ঔপনিবেশিক শক্তির উপর নির্ভরতার বিভিন্ন রূপ বিদ্যমান রয়েছে, তা ব্যাখ্যা করতে বিন নবীর “কলোনাইজেবিলিটি” তত্ত্ব অত্যন্ত কার্যকর। আজকের দুনিয়ায় অনেক মুসলিম সমাজে এমন বৈশিষ্ট্য দেখা যায়, যাকে বিন নবী “কন্টিনিউয়াস কলোনাইজেবিলিটি” বলতেন। যেমন: পশ্চিমা সিস্টেম/ ব্যবস্থার ওপর অর্থনৈতিক নির্ভরতা, পশ্চিমা দার্শনিক কাঠামোর ওপর বুদ্ধিবৃত্তিক নির্ভরতা এবং ভোগবাদী জীবনধারাকে ব্যাপক হারে গ্রহণের মাধ্যমে সাংস্কৃতিক নির্ভরতা।
শাইয়িয়্যাহ-এর প্রতি তাঁর সমালোচনা উন্নয়নের স্থায়ী ব্যর্থতাগুলোও স্পষ্ট করে। অধিকাংশ মুসলিম সমাজ আধুনিকতার প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো, যেমন: পার্লামেন্ট, বিশ্ববিদ্যালয় এবং অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদি আমদানি করেছে, কিন্তু সেগুলোকে কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ গড়ে তুলতে পারেনি। এর ফলেই তৈরি হয়েছে সেই “মেকি সভ্যতা” (আল হাদারাহ আয যায়িফাহ), যার বিষয়ে বিন নবী সতর্ক করেছিলেন এই বলে যে, এটি মূলত একটি আধুনিকতার আবরণ, যার আড়ালে তার গূঢ় সভ্যতাগত দেউলিয়াত্বকে লুকিয়ে রাখে।
আত্মপরিচয় সংকট এবং সাংস্কৃতিক স্বকীয়তা
আধুনিক মুসলিম সমাজ একটি তীব্র আত্মপরিচয় সংকটের সম্মুখীন—একদিকে ধর্মীয় রক্ষণশীলতা, অন্যদিকে সেক্যুলার আধুনিকতা; একদিকে নিজস্ব সংস্কৃতির প্রতি টান, অন্যদিকে বৈচিত্র্যহীন পশ্চিমা সংস্কৃতি গ্রহণের বৈশ্বিক চাপ। বিন নবীর তাত্ত্বিক কাঠামো এই দ্বন্দ্ব মোকাবিলার জন্য একটি জ্ঞানতাত্ত্বিক দিকনির্দেশনা প্রদান করে, যা অন্ধ পশ্চিমাকরণ এবং রক্ষণশীল ঐতিহ্যবাদ—উভয়কেই এড়াতে সাহায্য করে।
সংস্কৃতি সম্পর্কে তাঁর ব্যবহারিক ধারণা হল, এটি কোন অপরিবর্তনীয় মীরাস নয় বরং একটি আখলাকী দৃষ্টিভঙ্গি—যা ইসলামী সভ্যতার গতিশীলতা এবং তার নৈতিক ভিত্তির অভিযোজনক্ষমতাকে তুলে ধরে। এই অন্তর্দৃষ্টি বিশেষভাবে অভিবাসন, সংখ্যালঘু এবং সাংস্কৃতিক বহুত্ববাদের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ, যেখানে পরিবর্তনশীল সামাজিক পরিবেশে মুসলিমদের তাদের ঈমান ও আত্মপরিচয়ের জানান দিতে হয়।
মুসলিম সমাজের বুদ্ধিবৃত্তিক সংকট
সমসাময়িক মুসলিম বিশ্বের জ্ঞানতাত্ত্বিক সংকটের প্রেক্ষাপটে বিন নবীর প্রাসঙ্গিকতা সবচেয়ে বেশি চোখে পড়ে। রাজনৈতিক স্বাধীনতা এবং কিছু অর্থনৈতিক উন্নতি অর্জন সত্ত্বেও, অনেক মুসলিম-সংখ্যাগরিষ্ঠ সমাজ এখনো জ্ঞানের উৎপাদক নয়, বরং ভোক্তা—বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য পশ্চিমা একাডেমিক প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্রগুলোর ওপর নির্ভরশীল।
বিন নবীর “চিন্তার সংকট” বিশ্লেষণ এবং জ্ঞানতাত্ত্বিক পুনর্জাগরণের আহ্বান মুসলিম চিন্তাবিদদেরকে আধুনিকতাবাদ বনাম ঐতিহ্যবাদের স্থবির দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে একটি সৃজনশীল সমন্বয় গড়ে তোলার আহ্বান জানায়। তাঁর দৃঢ় বিশ্বাস—সভ্যতার পুনর্জাগরণের জন্য কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক সংস্কার যথেষ্ট নয়; বরং প্রয়োজন গভীর বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক পরিবর্তন, যা আজকের প্রযুক্তিনির্ভর সংকীর্ণ উন্নয়ন মডেলের জন্য একটি অত্যাবশ্যক সংশোধনীর প্রস্তাবনা দেয়।
বিন নবীর দায়িত্ববোধের মীরাস
মালিক বিন নবী “কলোনাইজেবিলিটি”-কে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন, যাতে বোঝা যায় কীভাবে সভ্যতাগুলোর পতন হয় এবং কীভাবে নতুন সামাজিক কাঠামোর উদ্ভব ঘটে। তাঁর সবচেয়ে বড় অবদান হলো, তিনি কোন ধার করা সমাধান দেননি; বরং তিনি মুসলিম সমাজগুলোকে কিছু মৌলিক প্রশ্নের মুখোমুখি করেছেন। বিন নবী বাহ্যিক হুমকি থেকে মনোযোগ সরিয়ে অভ্যন্তরীণ দুর্বলতার দিকে নিয়ে যান এবং জোর দিয়ে বলেন যে, “রাজনৈতিক মুক্তির মাধ্যমে নয়, বরং প্রকৃত মুক্তি শুরু হয় সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সংস্কার এর মাধ্যমে।”
বিন নবী আরও যুক্তি দেন যে, পশ্চিমা উপনিবেশিক শক্তি একাই উপনিবেশবাদ সৃষ্টি করেনি; বরং এটি মুসলিম সমাজগুলোর মধ্যে পূর্ব থেকে-বিদ্যমান দুর্বলতার মধ্যে উর্বর ক্ষেত্র খুঁজে পেয়েছিল। উপনিবেশবাদ সম্পর্কে তাঁর সুপরিচিত বিশ্লেষণে বিন নবী দেখান যে আধিপত্যের আগে অভ্যন্তরীন দুর্বলতা আসে—অভ্যন্তরীণ অবক্ষয় শুরু হওয়ার পরেই বিদেশি দখল সম্ভব হয়। তবে এই উপলব্ধি ঔপনিবেশিক কিংবা আধুনিক বৈশ্বিক শোষণকে কোনোভাবেই বৈধতা দেয় না। বরং বিন নবী এটিকে আত্ম-সংস্কারের জন্য একটি নৈতিক চ্যালেঞ্জে রূপান্তরিত করেন।
সমালোচনা সত্ত্বেও, বিন নবীর চিন্তাধারা আমাদেরকে গভীরভাবে ইতিবাচকতার দিকে ধাবিত করে। যেহেতু পতনের উৎস আমাদের ভেতর থেকে, তাই পুনর্জাগরণের উৎসও অভ্যন্তর থেকেই আসতে হবে। তিনি জোর দিয়ে বলেন যে, সভ্যতার পুনর্জাগরন নির্ভর করে সাংস্কৃতিক সৃজনশীলতা, জ্ঞানতাত্ত্বিক গভীরতা এবং আধ্যাত্মিক প্রাণশক্তির ওপর। কেবল বস্তুগত অগ্রগতি বা ধার করা মডেল যথেষ্ট নয়; প্রকৃত রেনেসাঁ অবশ্যই চিন্তা, সংস্কৃতি এবং অর্থবহ প্রচেষ্টার মাধ্যমে স্বাভাবিকভাবে বিকশিত হতে হবে।
বিন নবীর চিন্তাগত মীরাস আজকের মুসলিম সমাজগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে রয়ে গেছে, যারা বিশ্বায়ন, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আত্মপরিচয় সংকটের চাপে রয়েছে। তাঁর আহবান আমাদের অতীতের ভুলগুলো পুনরাবৃত্তি থেকে সতর্ক করে এবং নতুন সাংস্কৃতিক ও আখলাকী ভিত্তি নির্মাণে অনুপ্রাণিত করে। তাঁর তত্ত্বের মাধ্যমে “কলোনাইজেবিলিটি” একদিকে যেমন পতনের একটি নির্ণায়ক হাতিয়ার, অন্যদিকে তেমনি পরিবর্তনের একটি কাঠামো হয়ে ওঠে। তিনি মুসলিমদের খাঁটি ঈমান, নৈতিক দায়িত্ববোধ এবং সৃজনশীল উদ্ভাবনের মাধ্যমে নতুন একটি নাহদাহ (পুনর্জাগরণের) পথ তৈরীর মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ বিনির্মাণের আহবান জানান।
রেফারেন্স
- Ar-Raniry State Islamic University Repository. (2019). Renaissance Questions on the 70th Anniversary of The Conditions of Renaissance.
- Bariun, Fawzia. (1993). Malek Bennabi: His Life and Theory of Civilization. Kuala Lumpur: Buaya Ilmu Sdn. Bhd.
- Bennabi, M. (1949). Les conditions de la renaissance [The Conditions of the Renaissance].
- Bennabi, M. (2003). The Question of Culture. Kuala Lumpur: Islamic Book Trust.
- Berghout, A. (2001). Views of Malik Bennabi on Civilizational Renewal. Intellectual Discourse.
- Ilkogretim Online. (n.d.). The Islamic Framework in the Thought of Malik Ibn Nabi.
- International Journal of Innovation and Technology. (2021). Insights from Malek Bennabi’s Theory.
- New Age Islam. (2021). Malek Bennabi, Algerian Thinker and Muslim Intellectual.
- Psychology and Education. (2020). The Colonizability of African and Asian Societies from Bennabi’s Perspective.
- Subhani, Z. H. (2020). Bennabi’s Thoughts on Civilization: Analyzing the New Discourse. Journal of Asian and African Social Science and Humanities.
- University of Michigan. (2020). Malik Bennabi’s Life and Theory of Civilization: Man + Soil + Time Equation.
অনুবাদক: নাজিয়া তাসনিম
