ইসলামে প্রকৃত ও পূর্ণাঙ্গ শিক্ষার ধারণা: সাইয়েদ মুহাম্মদ নকীব আল আত্তাসের তা’দিব দর্শন

চিন্তা ও দর্শন

ভূমিকা
সমকালীন মুসলিম চিন্তাজগতে শিক্ষার উদ্দেশ্য, প্রকৃতি ও আদর্শ নিয়ে যারা গভীর ও সুসংবদ্ধ চিন্তাভাবনা করেছেন, সাইয়েদ মুহাম্মদ নকীব আল আত্তাস (জন্ম ১৯৩১) তাদের অন্যতম। গত দুই শতাব্দীর মুসলিম চিন্তার ইতিহাসে তিনি প্রথম দিকের এমন একজন চিন্তক, যিনি ইসলামের দৃষ্টিতে শিক্ষার প্রকৃত অর্থকে সুসংহতভাবে ব্যাখ্যা করেছেন এবং সেই ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ শিক্ষাব্যবস্থার রূপরেখা তৈরি করেছেন। 
সুফি মেটাফিজিক্স, আখলাক দর্শন ও ইসলামের জ্ঞানতাত্ত্বিক ঐতিহ্যের গভীরে প্রোথিত ছিল আল আত্তাসের চিন্তাভাবনা। তিনি ধারাবাহিকভাবে যুক্তি দেখিয়েছেন যে, ইসলামে শিক্ষার উদ্দেশ্য কেবল একজন ভালো নাগরিক কিংবা দক্ষ কর্মী তৈরি করা নয়, বরং একজন প্রকৃত ভালো মানুষ গড়ে তোলা। তাঁর মতে, শিক্ষার সাফল্যকে কেবল রাষ্ট্র, সমাজ কিংবা অর্থনীতির জন্য একজন মানুষের উপযোগিতা দিয়ে বিচার করা যায় না। বরং মানুষ হিসেবে তার প্রকৃত মূল্য, আত্মিক পরিচয় এবং সৃষ্টিজগতের সঙ্গে তার অবস্থান ও সম্পর্কের ভিত্তিতেই শিক্ষার সার্থকতা নির্ধারিত হওয়া উচিত। এ প্রসঙ্গে তিনি লিখেছেন:

“মানুষের মূল্যায়নে তার প্রকৃত মানবিক সত্তাকেই গুরুত্ব দিতে হবে। সে তার নিজের অন্তর্জগতের নগরীর অধিবাসী, নিজের ক্ষুদ্র জগতের রাজ্যের নাগরিক এবং সর্বোপরি একজন আত্মিক সত্তা। রাষ্ট্র, সমাজ কিংবা পৃথিবীর জন্য তার ব্যবহারিক উপযোগিতা বা কর্মক্ষমতার ভিত্তিতে তাকে মূল্যায়ন করাই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না।”

আল আত্তাসের মতে, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ভালো নাগরিক কিংবা দক্ষ কর্মী হলেই কেউ প্রকৃত অর্থে ভালো মানুষ হয়ে ওঠে না। তবে একজন প্রকৃত ভালো মানুষ অবশ্যই ভালো কর্মী ও দায়িত্বশীল নাগরিক হবেন। অবশ্য রাষ্ট্র ও নিয়োগকর্তার আদর্শ যদি ইসলামের সামগ্রিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে ভালো মানুষ, ভালো কর্মী ও ভালো নাগরিক হওয়ার মধ্যে কোনো বিরোধ থাকে না। কিন্তু একটি আদর্শ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বশর্ত হলো এমন একদল নারী ও পুরুষের উপস্থিতি, যারা ইসলামী দৃষ্টিভঙ্গিতে চিন্তা করেন এবং সমাজ ও রাষ্ট্রের জীবনে সক্রিয় ভূমিকা পালন করেন।
পরবর্তী সময়ে আল আত্তাস আরও স্পষ্ট করেন যে, শিক্ষায় ব্যক্তিমানুষকে অগ্রাধিকার দেওয়া কেবল নীতিগত অবস্থান নয়, বরং আমাদের সময় ও বর্তমান বাস্তবতায় এটি একটি যথার্থ কৌশলগত সিদ্ধান্তও। কারণ ব্যক্তিকে গুরুত্ব দেওয়ার অর্থ হলো তার বুদ্ধিবৃত্তি, নৈতিক গুণাবলি, আত্মিক সত্তা এবং জীবনের চূড়ান্ত গন্তব্য ও উদ্দেশ্য সম্পর্কে সচেতন হওয়া। এসব বিষয় মানুষের নিজস্ব সত্তার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত। অন্যদিকে, শিক্ষার মূল লক্ষ্য হিসেবে সমাজ ও রাষ্ট্রকে সামনে আনলে তা অনেক সময় আইনকেন্দ্রিকতা ও রাজনৈতিক স্বার্থের দিকে ঝুঁকে পড়তে পারে।
তবে আল আত্তাস নাগরিকত্বের ধারণাকে অস্বীকার করেন না। তিনি বলেন, ইসলামও শিক্ষার উদ্দেশ্য হিসেবে একজন ভালো নাগরিক গড়ে তোলাকে স্বীকার করে। তবে এখানে নাগরিক বলতে তিনি কেবল পার্থিব রাষ্ট্রের নাগরিককে বোঝান না, বরং সেই চিরস্থায়ী রাজ্যের নাগরিককে বোঝান, যার পরিচয় মানুষ দুনিয়াতেও নিজের কর্ম ও চরিত্রের মাধ্যমে বহন করে। অর্থাৎ, একজন ভালো মানুষ হিসেবে জীবনযাপন করাই প্রকৃত অর্থে সেই উচ্চতর নাগরিকত্বের প্রকাশ।
শিক্ষায় ব্যক্তিমানুষের এই গুরুত্বের পেছনে ইসলামের একটি মৌলিক নৈতিক দর্শন কাজ করে। ইসলামে নৈতিকতার চূড়ান্ত লক্ষ্য ও পরিণতি হলো ব্যক্তিমানুষের আত্মিক ও নৈতিক উৎকর্ষ। কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার নিজের কাজের জন্য জবাবদিহি করতে হবে। সেখানে অন্য কেউ তার দায়ভার বহন করবে না। এই ব্যক্তিগত জবাবদিহির ধারণাই মানুষকে তার চিন্তা, বিশ্বাস ও কর্মের ব্যাপারে সচেতন করে তোলে।
আদবসম্পন্ন মানুষ: প্রকৃত শিক্ষার আদর্শ
আল আত্তাসের মতে, একজন শিক্ষিত মানুষ মানেই একজন ভালো মানুষ। এখানে ভালো মানুষ বলতে তিনি এমন ব্যক্তিকে বোঝান, যার মধ্যে পূর্ণাঙ্গ অর্থে আদব বিদ্যমান। আর এই আদব কেবল ভদ্রতা, শিষ্টাচার কিংবা সামাজিক সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি মানুষের জ্ঞান, চরিত্র, আত্মিক উপলব্ধি এবং দায়িত্ববোধের একটি সমন্বিত গুণ।
তিনি আদবসম্পন্ন মানুষ বা ইনসান আদাবি-এর পরিচয় দিতে গিয়ে বলেন, তিনি এমন একজন মানুষ, যিনি প্রকৃত আল্লাহর প্রতি নিজের দায়িত্ব সম্পর্কে আন্তরিকভাবে সচেতন; নিজের প্রতি এবং সমাজের অন্য মানুষের প্রতি তার কর্তব্য ও অধিকার সম্পর্কে সম্যক উপলব্ধি রাখেন এবং ইনসাফের সঙ্গে সেসব দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি নিজের মানবিক সত্তার প্রতিটি দিককে উৎকর্ষের দিকে এগিয়ে নেওয়ার জন্য নিরন্তর চেষ্টা করেন।
এই দৃষ্টিভঙ্গি থেকে আল আত্তাস শিক্ষার যথার্থ নাম দিয়েছেন তা দিব। অর্থাৎ, মানুষের মধ্যে আদবের বোধকে প্রতিষ্ঠা করা, তাকে আত্মস্থ করানো এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার বাস্তব প্রয়োগ নিশ্চিত করাই প্রকৃত শিক্ষা।
আল কুরআন আমাদের সামনে রাসূল (স.)-কে এমন একজন আদর্শ মানুষ হিসেবে উপস্থাপন করেছে, যার জীবন ও চরিত্র অনুসরণীয়। অনেক ইসলামি চিন্তাবিদ তাঁকে ইনসান কামিল বা ইনসান কুল্লি অর্থাৎ পূর্ণাঙ্গ মানবসত্তার আদর্শ হিসেবে অভিহিত করেছেন। আল আত্তাসের মতে, ইসলামী শিক্ষাব্যবস্থায় জ্ঞানচর্চা, প্রশাসনিক কাঠামো এবং শিক্ষার সামগ্রিক বিন্যাসেও এই পূর্ণাঙ্গ মানবিক আদর্শের প্রতিফলন থাকা প্রয়োজন।
আল আত্তাস মনে করেন, ইসলামে শিক্ষার সামগ্রিক অর্থ প্রকাশের জন্য তালিম কিংবা তারবিয়াহ নয়, বরং তাদিব শব্দটিই অধিক যথার্থ। কারণ তাদিবের ধারণার মধ্যেই জ্ঞান অর্জন (ইলম), জ্ঞান প্রদান ও শিক্ষা দেওয়া (তালিম) এবং মানুষের স্বভাব, চরিত্র ও ব্যক্তিত্বের লালন-পালন (তারবিয়াহ) অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ, তাদিব এমন একটি ব্যাপক ধারণা, যা শিক্ষার জ্ঞানগত, নৈতিক, আত্মিক ও আচরণগত সব দিককে একত্র করে।
যদিও আল কুরআনে আদব শব্দটি কিংবা এর বিভিন্ন রূপ সরাসরি ব্যবহৃত হয়নি, তবু রাসূল (স.)-এর হাদিস, সাহাবিদের বক্তব্য, প্রাচীন আরবি কবিতা এবং পরবর্তী যুগের আলিমদের রচনায় শব্দটির ব্যাপক ব্যবহার পাওয়া যায়। সময়ের পরিক্রমায় আদব শব্দটির অর্থ সংকুচিত হয়ে সাহিত্য, ভাষাশৈলী, সামাজিক শিষ্টাচার ও পেশাগত আচরণের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। অথচ এর আদি অর্থ ছিল অনেক বেশি বিস্তৃত ও গভীর।
মূলত আদব শব্দের একটি প্রাথমিক অর্থ হলো কাউকে ভোজসভা বা সম্মানজনক আহ্বানে আমন্ত্রণ জানানো। এই অর্থের মধ্যেই সুন্দর সামাজিক সম্পর্ক, সৌজন্য, পরিশীলিত আচরণ এবং মর্যাদাপূর্ণ সহাবস্থানের ধারণা নিহিত রয়েছে। ইসলাম এই ধারণাকে আরও গভীর আত্মিক ও বুদ্ধিবৃত্তিক তাৎপর্য দিয়েছে। এ প্রসঙ্গে আল আত্তাস কুরআনকে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে মানুষের জন্য এক আত্মিক ভোজসভা হিসেবে ব্যাখ্যা করেছেন। এই ভোজসভায় অংশগ্রহণের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ জ্ঞান গ্রহণ করা এবং সেই জ্ঞানকে নিজের জীবনে ধারণ করা।
তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, পবিত্র কুরআন হলো আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক আত্মিক ভোজের আয়োজন। আর কুরআনের প্রকৃত জ্ঞান অর্জন করা হলো সেই ভোজের উৎকৃষ্ট খাদ্য গ্রহণ করার মতো। যেমন একটি মর্যাদাপূর্ণ ভোজসভায় উৎকৃষ্ট খাবারের স্বাদ উপভোগ করার জন্য সুন্দর পরিবেশ, সম্মানজনক সঙ্গ এবং পরিশীলিত আচরণ প্রয়োজন, তেমনি জ্ঞানের মর্যাদা উপলব্ধি করতে হলে তার কাছেও যথাযথ আদব নিয়ে উপস্থিত হতে হয়। জ্ঞান কেবল সংগ্রহ করার বিষয় নয়; বরং তার প্রকৃতি, মর্যাদা ও তাৎপর্য বুঝে যথাযথ পদ্ধতিতে তা গ্রহণ করাও জরুরি।
তাদিবের নববী ভিত্তি ও আদবের প্রকৃত অর্থ
আল আত্তাস তাঁর শিক্ষাদর্শনের পক্ষে রাসূল (স.)-এর একটি প্রসিদ্ধ বর্ণনা উল্লেখ করেন। সেখানে রাসূল (স.) বলেছেন, “আমার প্রতিপালক আমাকে আদব শিখিয়েছেন এবং আমার আদবকে সর্বোত্তম করেছেন।” আরবি বর্ণনায় ব্যবহৃত আদ্দাবানি; শব্দটির অনুবাদ আল আত্তাস করেছেন আমাকে শিক্ষা দিয়েছেন এবং তা দিবি শব্দটির অর্থ করেছেন আমার শিক্ষা;। ফলে বর্ণনাটির অর্থ দাঁড়ায়, “আমার প্রতিপালক আমাকে শিক্ষা দিয়েছেন এবং আমার শিক্ষাকে সর্বোত্তম করেছেন।”
আল আত্তাসের এই অনুবাদ বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ তিনি ;আদব ও তাদিবকে কেবল নৈতিক শিষ্টাচার শেখানোর মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং এগুলোকে শিক্ষার পূর্ণাঙ্গ ধারণা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তিনি প্রাচীন আরবি ভাষাবিদ ইবনে মানজুরের বক্তব্যও উল্লেখ করেন, যেখানে ;আদ্দাবা শব্দের সঙ্গে ;আল্লামা অর্থাৎ শিক্ষা দেওয়ার অর্থগত সম্পর্ক দেখানো হয়েছে। এর মাধ্যমে তিনি বোঝাতে চান, তাদিবের ধারণা শিক্ষার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
প্রাচীন ইসলামি আলিমদের কাছে তাদিবের মূল বিষয়বস্তু ছিল আখলাক বা নৈতিকতা। রাসূল (স.)-এর চরিত্রের উৎকর্ষও এই তা;দিবেরই সর্বোচ্চ প্রকাশ। আল কুরআন তাঁর মহান চরিত্রের স্বীকৃতি দিয়েছে এবং তাঁকে মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে উপস্থাপন করেছে। রাসূল (স.) নিজেও তাঁর নবুওয়াতের অন্যতম উদ্দেশ্য হিসেবে মানুষের নৈতিক চরিত্রকে পূর্ণতা দেওয়ার কথা উল্লেখ করেছেন। তাঁর বাণী, “আমি তো উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্যই প্রেরিত হয়েছি।”
অন্য একটি হাদিসে রাসূল (স.) জানিয়েছেন, মুমিনদের মধ্যে ঈমানের দিক থেকে সবচেয়ে পরিপূর্ণ সেই ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে সুন্দর। অর্থাৎ, ঈমানের উৎকর্ষ কেবল বিশ্বাসের মৌখিক স্বীকৃতিতে সীমাবদ্ধ নয়; বরং মানুষের চরিত্র, আচরণ ও আখলাকি অবস্থানের মধ্য দিয়েও তার প্রকাশ ঘটে।
এই দৃষ্টিতে রাসূল (স.)-এর কুরআন শিক্ষা দেওয়া, হিকমত শিক্ষা দেওয়া এবং মানুষকে আত্মিকভাবে পরিশুদ্ধ করার দায়িত্বও তাদিবের অন্তর্ভুক্ত। ইসলামের প্রথম যুগ থেকেই আদবের সঙ্গে সঠিক জ্ঞান (ইলম), যথাযথ কর্ম (;আমল) এবং রাসূল (স.)-এর সুন্নাহ অনুসরণের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছিল। ফলে আদব কেবল সুন্দর আচরণের নাম নয়, বরং জ্ঞান ও কর্মের মধ্যে সঠিক সামঞ্জস্য প্রতিষ্ঠার একটি নৈতিক ও আত্মিক শৃঙ্খলা।
আল আত্তাস এই ঐতিহাসিক ও ভাষাগত প্রেক্ষাপটের আলোকে আদবের একটি নিজস্ব সংজ্ঞা দিয়েছেন। তাঁর মতে:

“আদব হলো এই বাস্তবতাকে যথাযথভাবে উপলব্ধি করা এবং স্বীকার করে নেওয়া যে, জ্ঞান ও অস্তিত্ব সৃষ্টিজগতের বিভিন্ন স্তর, মর্যাদা ও অবস্থান অনুযায়ী একটি সুশৃঙ্খল বিন্যাসে বিন্যস্ত। একই সঙ্গে এই বিন্যাসের মধ্যে নিজের যথাযথ অবস্থান এবং নিজের দৈহিক, বুদ্ধিবৃত্তিক ও আত্মিক সামর্থ্য ও সম্ভাবনাকে সঠিকভাবে চিনতে পারাও আদবের অন্তর্ভুক্ত।”

এই সংজ্ঞায় দুটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমটি হলো উপলব্ধি বা স্বীকৃতি, আর দ্বিতীয়টি হলো সেই উপলব্ধি অনুযায়ী দায়িত্বশীল আচরণ বা বাস্তবায়ন। 
প্রথমটির অর্থ হলো মানুষ নিজের অস্তিত্বের গভীরে নিহিত সেই আদি অঙ্গীকারের কথা উপলব্ধি করবে, যা সে তার প্রতিপালকের সঙ্গে করেছিল। আল কুরআনের সূরা আল আরাফের ১৭২ নম্বর আয়াতে এই আদি অঙ্গীকারের কথা বলা হয়েছে। সেখানে আল্লাহ আদমসন্তানদের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করেন এবং জিজ্ঞাসা করেন, “আমি কি তোমাদের প্রতিপালক নই?” তারা উত্তর দেয়, “হ্যাঁ, অবশ্যই। আমরা সাক্ষ্য দিচ্ছি।”
এই আদি অঙ্গীকার মানুষের অস্তিত্ব, দায়িত্ব এবং আল্লাহর সঙ্গে তার সম্পর্কের মৌলিক ভিত্তি। আদবের মাধ্যমে মানুষ সেই সত্যকে পুনরায় উপলব্ধি করে এবং নিজের জীবনকে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলে।
আল আত্তাসের মতে, সৃষ্টিজগতের প্রতিটি বিষয় ও সত্তারই একটি নির্দিষ্ট অবস্থান রয়েছে। কিন্তু মানুষ কখনো অজ্ঞতা, কখনো অহংকার কিংবা স্বার্থের কারণে কোনো কিছুর যথাযথ অবস্থানকে অস্বীকার করে এবং তার প্রকৃত বিন্যাসে পরিবর্তন ঘটায়। এর ফলে সৃষ্টি হয় জুলুম বা অবিচার। অন্যদিকে, কোনো বিষয়কে সঠিকভাবে চিনতে পারার পর সেই উপলব্ধি অনুযায়ী আচরণ করাই হলো যথার্থ স্বীকৃতি। অর্থাৎ, শুধু সত্যকে জানা যথেষ্ট নয়; সেই সত্যকে নিজের চিন্তা, কর্ম ও আচরণে বাস্তবায়ন করাও জরুরি। তা না হলে শিক্ষা কেবল তথ্য অর্জন বা শেখার প্রক্রিয়ায় সীমাবদ্ধ থেকে যায়।
এখানেই আদবের সঙ্গে হিকমত, ইনসাফ এবং হাকিকতের গভীর সম্পর্ক তৈরি হয়। হিকমত হলো কোনো বিষয়কে তার যথাযথ অবস্থানে স্থাপন করার প্রজ্ঞা। আর ইনসাফ হলো সেই যথাযথ অবস্থান ও সম্পর্ক বজায় রাখা। অন্যদিকে, হাকিকত বা সত্যের সঙ্গে সামঞ্জস্য প্রতিষ্ঠিত হয় তখনই, যখন কোনো বিষয়কে তার প্রকৃত অবস্থান ও তাৎপর্য অনুযায়ী উপলব্ধি করা হয়। সুতরাং আদবের মধ্যে জ্ঞান ও কর্মের সমন্বয় যেমন রয়েছে, তেমনি রয়েছে হিকমত, ইনসাফ ও হাকিকতের বাস্তব প্রতিফলন।
জীবনের প্রতিটি ক্ষেত্রে আদবের প্রয়োগ
আল আত্তাসের আদবের ধারণা কেবল ব্যক্তিগত চরিত্র কিংবা সামাজিক শিষ্টাচারের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের অস্তিত্বের প্রতিটি স্তরে এর প্রয়োগ রয়েছে। নিজের প্রতি আদবের সূচনা হয় নিজের দ্বৈত প্রকৃতি সম্পর্কে সচেতন হওয়ার মাধ্যমে। মানুষের মধ্যে যেমন বুদ্ধিবৃত্তিক ও আত্মিক সত্তা রয়েছে, তেমনি রয়েছে প্রবৃত্তি ও পশুবৃত্তির প্রভাব। যখন মানুষ তার বুদ্ধিবৃত্তিক ও আত্মিক সত্তার নির্দেশনায় প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখন সে নিজের সত্তার প্রতিটি অংশকে যথাযথ অবস্থানে রাখতে সক্ষম হয়। এটিই নিজের প্রতি ইনসাফ। বিপরীতে, প্রবৃত্তির কাছে বিবেক ও বুদ্ধিকে সমর্পণ করা হলো নিজের ওপর জুলুম বা ;জুলমুন নাফস।
মানুষের পারস্পরিক সম্পর্কেও আদবের বিশেষ গুরুত্ব রয়েছে। পরিবার, সমাজ ও বৃহত্তর মানবসমাজে প্রত্যেকের অবস্থান ও দায়িত্ব অনুযায়ী আচরণ করা আদবের অংশ। তবে মানুষের মর্যাদা নির্ধারণের মাপকাঠি ক্ষমতা, সম্পদ কিংবা বংশপরিচয় নয়। আল কুরআনের আলোকে মানুষের প্রকৃত মর্যাদার ভিত্তি হলো জ্ঞান, বুদ্ধিমত্তা ও নৈতিক উৎকর্ষ। তাই বাবা-মা, বয়োজ্যেষ্ঠ, সন্তান, প্রতিবেশী কিংবা সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে যথাযথ সম্মান, ভালোবাসা, বিনয় ও সহমর্মিতার আচরণ করা আদবেরই প্রকাশ। প্রত্যেকের অধিকার ও অবস্থান উপলব্ধি করে তার প্রতি যথাযথ দায়িত্ব পালন করাই এখানে মূল বিষয়।
জ্ঞানচর্চার ক্ষেত্রেও আদব একটি অপরিহার্য বুদ্ধিবৃত্তিক শৃঙ্খলা। এর অর্থ হলো জ্ঞানের বিভিন্ন শাখা ও স্তরের মধ্যে যথাযথ মর্যাদা ও অগ্রাধিকারের পার্থক্য উপলব্ধি করা। যেমন, ওহিভিত্তিক জ্ঞানকে নিছক মানবীয় বুদ্ধি ও অনুমাননির্ভর জ্ঞানের সমপর্যায়ে বিবেচনা করা যায় না। একইভাবে, প্রত্যেক মুসলিমের ব্যক্তিগতভাবে অর্জন করা অপরিহার্য জ্ঞান বা ফরজে আইন এবং সমাজের প্রয়োজন পূরণের জন্য নির্দিষ্টসংখ্যক মানুষের অর্জনীয় জ্ঞান বা ফরজে কিফায়াহর মধ্যে পার্থক্য রয়েছে। মানুষের হিদায়াত ও জীবন পরিচালনার জন্য যে জ্ঞান অপরিহার্য, তার মর্যাদাও কেবল ব্যবহারিক প্রয়োজন মেটানোর জ্ঞানের চেয়ে আলাদা। জ্ঞানের প্রতি আদব মানুষকে শেখায় কোন জ্ঞান কীভাবে অর্জন করতে হবে, কীভাবে প্রয়োগ করতে হবে এবং কোন জ্ঞানের কী ধরনের অগ্রাধিকার রয়েছে। এ কারণেই আলিম ও শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনও জ্ঞানের প্রতি আদবের একটি গুরুত্বপূর্ণ অংশ। জ্ঞান অর্জনের চূড়ান্ত উদ্দেশ্য হলো মানুষের আত্মিক উৎকর্ষ এবং দুনিয়া ও আখিরাতের প্রকৃত সাফল্য অর্জন।
প্রকৃতি ও পরিবেশের প্রতিও আদবের নিজস্ব তাৎপর্য রয়েছে। আল আত্তাসের মতে, মানুষের ব্যবহারিক বুদ্ধিবৃত্তির দায়িত্ব হলো প্রকৃতির সুশৃঙ্খল বিন্যাসকে উপলব্ধি করা এবং তার সঙ্গে যথাযথ আচরণ করা। প্রকৃতির প্রতিটি উপাদান আল্লাহর নিদর্শন, জ্ঞান অর্জনের উৎস এবং মানুষের আত্মিক ও দৈহিক বিকাশের সহায়ক। তাই বৃক্ষ, পাথর, পাহাড়, নদী, উপত্যকা, হ্রদ, প্রাণী এবং তাদের আবাসস্থলের প্রতি দায়িত্বশীল আচরণ করা আদবেরই অংশ। প্রকৃতিকে কেবল মানুষের ভোগের উপকরণ হিসেবে বিবেচনা না করে তার নিজস্ব অবস্থান ও গুরুত্ব উপলব্ধি করতে হবে।
ভাষার ক্ষেত্রেও আদবের একটি বিশেষ প্রয়োগ রয়েছে। প্রতিটি শব্দের নিজস্ব অর্থ, অবস্থান ও তাৎপর্য আছে। বাক্যের মধ্যে শব্দকে যথাযথ স্থানে ব্যবহার করতে না পারলে অর্থ, ধ্বনি ও ভাবের মধ্যে অসংগতি তৈরি হয়। তাই ভাষার প্রতি আদব হলো প্রতিটি শব্দের যথার্থ অর্থ ও অবস্থান বুঝে তার সঠিক প্রয়োগ নিশ্চিত করা। ইসলামী ঐতিহ্যে সাহিত্যকে আদাবিয়াত বলা হয় এই কারণেই যে, সাহিত্য মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে পরিশীলিত করে এবং সভ্যতার জ্ঞান, শিক্ষা ও অভিজ্ঞতাকে সংরক্ষণ করে। সাহিত্য মানুষের মধ্যে আদবের চর্চা জাগিয়ে তোলে এবং ব্যক্তি ও সমাজকে উন্নত সাংস্কৃতিক ও নৈতিক অবস্থানে পৌঁছাতে সহায়তা করে।
একইভাবে, আত্মিক জগতের প্রতিও আদবের বিষয় রয়েছে। আত্মিক উৎকর্ষের বিভিন্ন স্তর ও মর্যাদা উপলব্ধি করা, ইবাদত ও আনুগত্যের মাধ্যমে আত্মিক উন্নতির বিভিন্ন মাকাম অর্জন করা এবং দৈহিক প্রবৃত্তিকে আত্মিক ও বুদ্ধিবৃত্তিক সত্তার অধীন রাখা এর অন্তর্ভুক্ত। প্রখ্যাত মুসলিম চিন্তাবিদ জুরজানি আদবকে মারিফাহ বা বিশেষ ধরনের জ্ঞানের সঙ্গে তুলনা করেছেন, যা মানুষকে ভুল ও বিভ্রান্তি থেকে রক্ষা করে। এ কারণেই আদবকে হিকমতের মাধ্যমে প্রকাশিত ইনসাফের একটি বাস্তব রূপ হিসেবে বিবেচনা করা যায়।
এসব দিক বিবেচনায় আল আত্তাস ইসলামী শিক্ষার পূর্ণাঙ্গ সংজ্ঞা হিসেবে তাদিবকে প্রতিষ্ঠা করেন। তাঁর ভাষায়:

“মানুষের মধ্যে ক্রমান্বয়ে এমন উপলব্ধি ও স্বীকৃতি গড়ে তোলা, যার মাধ্যমে সৃষ্টিজগতের বিন্যাসে প্রতিটি বিষয় ও সত্তার যথাযথ অবস্থান সে চিনতে পারে এবং সেই উপলব্ধি তাকে অস্তিত্ব ও সত্তার সর্বোচ্চ স্তরে আল্লাহর যথাযথ অবস্থান চিনতে ও স্বীকার করতে পরিচালিত করে।”

এই সংজ্ঞার মধ্যে শিক্ষার উদ্দেশ্য, বিষয়বস্তু এবং পদ্ধতি তিনটিই অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ, শিক্ষা কেবল জ্ঞান প্রদান নয়, বরং সেই জ্ঞানের আলোকে মানুষকে নিজের অবস্থান, সৃষ্টিজগতের বিন্যাস এবং স্রষ্টার সঙ্গে নিজের সম্পর্ক সম্পর্কে সচেতন করে তোলা।
তালিম ও তারবিয়াহর সীমাবদ্ধতা
আল আত্তাস ইসলামে শিক্ষার পূর্ণাঙ্গ ধারণা প্রকাশের জন্য তালিম ও ;তারবিয়াহ শব্দ দুটিকে এককভাবে কিংবা একত্রে ব্যবহারের ক্ষেত্রেও আপত্তি জানিয়েছেন। তাঁর মতে, শব্দ দুটির নিজস্ব তাৎপর্য থাকলেও শিক্ষার সামগ্রিক উদ্দেশ্য প্রকাশের জন্য এগুলো যথেষ্ট নয়।
তিনি;তারবিয়াহ; শব্দটিকে সীমিত মনে করেন, কারণ এর মূল তাৎপর্য বৃদ্ধি, লালন-পালন ও বিকাশের সঙ্গে সম্পর্কিত। উদ্ভিদের ক্ষেত্রে এটি দৈহিক বৃদ্ধি ও পরিচর্যাকে বোঝায়। প্রাণী ও মানুষের ক্ষেত্রে দৈহিক ও আবেগীয় বিকাশের বিষয়টি এর অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু মানুষের জ্ঞান, বিবেক, নৈতিকতা, আত্মিক উপলব্ধি এবং সৃষ্টিজগত সম্পর্কে তার যথার্থ বোধ গড়ে তোলার পূর্ণাঙ্গ ধারণা এতে প্রকাশিত হয় না। এ প্রসঙ্গে তিনি আল কুরআনের সূরা আল কাসাসের ১৮ নম্বর আয়াতের কথা উল্লেখ করেন, যেখানে ফেরাউন হজরত মুসা (আ.)-এর প্রতি তার লালন-পালনের কথা স্মরণ করিয়ে দিয়েছিল। আল আত্তাসের যুক্তি হলো, তারবিয়াহ যদি শিক্ষার পূর্ণাঙ্গ অর্থ বহন করত, তাহলে ফেরাউনের পক্ষেও মুসা (আ.)-কে লালন-পালন করার
দাবি করা সম্ভব হতো।
অন্যদিকে, তালিম; সাধারণত জ্ঞান প্রদান, পাঠদান ও বুদ্ধিবৃত্তিক শিক্ষার সঙ্গে সম্পর্কিত। কিন্তু এর মধ্যেও শিক্ষার নৈতিক, আত্মিক ও সামগ্রিক মানবিক বিকাশের বিষয়গুলো স্বয়ংসম্পূর্ণভাবে প্রকাশিত হয় না। অথচ তাদিবের ধারণার মধ্যে তালিম ও তারবিয়াহ উভয়ের ইতিবাচক দিকই অন্তর্ভুক্ত রয়েছে।
প্রাচীন ইসলামি চিন্তাবিদদের বক্তব্যেও তা;দিবের এই গুরুত্বের প্রমাণ পাওয়া যায়। সূরা আত তাহরিমের ৬ নম্বর আয়াতে আল্লাহ মানুষকে নিজেদের ও পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার নির্দেশ দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস (রা.) বলেছেন, এর অর্থ হলো পরিবারকে দ্বীনের জ্ঞান শেখানো এবং তাদের আদব শিক্ষা দেওয়া। অর্থাৎ, পরিবারের সদস্যদের শুধু জ্ঞান দিলেই দায়িত্ব শেষ হয় না; তাদের চরিত্র ও আচরণকেও পরিশীলিত করে তুলতে হয়।
প্রখ্যাত মুহাদ্দিস ও আলিম ইবনে মুবারকও বলেছেন, “আমাদের অনেক জ্ঞানের চেয়েও বেশি প্রয়োজন আদবের।” এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি জ্ঞান ও আদবের মধ্যকার সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছেন। জ্ঞান অর্জন অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু সেই জ্ঞানকে সঠিকভাবে ধারণ ও প্রয়োগ করার জন্য আদব অপরিহার্য।
তাদিব শব্দটি বিভিন্ন প্রেক্ষাপটে শৃঙ্খলা প্রতিষ্ঠা, সংশোধন কিংবা শাস্তি প্রদানের অর্থেও ব্যবহৃত হয়েছে। যেমন, রাসূল (স.) ঘোড়াকে প্রশিক্ষিত ও নিয়ন্ত্রিত করার প্রসঙ্গে তাদিব শব্দটি রূপক অর্থে ব্যবহার করেছেন। আবার প্রাচীন ইসলামি সমাজে কোনো ব্যক্তির শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তি প্রদানের ক্ষেত্রেও শব্দটির ব্যবহার পাওয়া যায়। আধুনিক আরবি ভাষায়;মাজলিসুত তাদিব বলতে শৃঙ্খলা রক্ষা বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বোর্ডকে বোঝানো হয়।
তবে এর অর্থ এই নয় যে, তা;দিব কেবল শাস্তি কিংবা নিয়ন্ত্রণের বিষয়। বরং এর মূল তাৎপর্য হলো মানুষের বুদ্ধিবৃত্তিক, আত্মিক ও নৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা শিক্ষার অংশ হতে পারে, কিন্তু শিক্ষার উদ্দেশ্য কখনোই শাস্তি প্রদান নয়। বরং মানুষকে সঠিক উপলব্ধি, আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্বশীল আচরণের উপযোগী করে গড়ে তোলাই এর লক্ষ্য।
শিক্ষা ও প্রশিক্ষণের পার্থক্য
তাদিবকে শিক্ষার পূর্ণাঙ্গ ধারণা হিসেবে বুঝতে হলে শিক্ষা ও প্রশিক্ষণের মধ্যকার পার্থক্যটিও উপলব্ধি করা জরুরি। আল আত্তাসের মতে, শিক্ষা কেবল কোনো নির্দিষ্ট দক্ষতা অর্জন কিংবা পেশাগত কাজের উপযোগী হয়ে ওঠার নাম নয়। প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে নির্দিষ্ট কাজের জন্য দক্ষ করে তোলা সম্ভব। এমনকি প্রাণীকেও প্রশিক্ষণ দেওয়া যায়। কিন্তু প্রকৃত শিক্ষা কেবল মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ এর সঙ্গে মানুষের বিবেক, নৈতিকতা, আত্মিক উপলব্ধি এবং সত্য-মিথ্যা বিচারের ক্ষমতা জড়িত।
আধুনিক পাশ্চাত্যের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষাবিদও শিক্ষা ও প্রশিক্ষণের এই পার্থক্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, আধুনিক শিক্ষাব্যবস্থা ক্রমশ বিভিন্ন পেশার জন্য দক্ষ কর্মী তৈরি করার দিকে বেশি মনোযোগী হয়ে উঠেছে। কিন্তু শিক্ষার্থীদের প্রকৃত অর্থে শিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার বিষয়টি অনেক ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে। ফলে মানুষ পেশাগত দক্ষতা অর্জন করলেও তার মধ্যে নৈতিক প্রজ্ঞা, সামাজিক দায়িত্ববোধ কিংবা আত্মিক উপলব্ধির যথাযথ বিকাশ ঘটছে না।
আল আত্তাসের মতে, এই সমস্যার পেছনে একটি গভীর বুদ্ধিবৃত্তিক বিভ্রান্তি রয়েছে। মানুষ ও প্রাণীর মধ্যে যে মৌলিক অস্তিত্বগত পার্থক্য রয়েছে, তা উপেক্ষা করার ফলেই শিক্ষা ও প্রশিক্ষণের সীমারেখা অস্পষ্ট হয়ে পড়েছে। অথচ ইসলামী বিশ্বদৃষ্টিতে মানুষ কেবল দৈহিক অস্তিত্ব নয়; তার রয়েছে বিবেক, আত্মা, নৈতিক দায়িত্ব এবং আল্লাহর সামনে জবাবদিহির স্বতন্ত্র অবস্থান।
ইসলামের ইতিহাসে সুফি আলিমদের মধ্যে তা;দিবের ধারণা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। তাঁরা মানুষের ইন্দ্রিয়, বুদ্ধি, আত্মা ও নৈতিক চরিত্রের সমন্বিত বিকাশের ওপর জোর দিয়েছেন। তবে তাদিব কেবল সুফি সাধনা কিংবা শিশুদের প্রাথমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিল না। বিচারক, ফকিহ, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব, এমনকি বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর মধ্যেও আদবের চর্চাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হতো।
ইসলামের ইতিহাসে খলিফা, সুলতান, মন্ত্রী, সেনাপতি, আলিম ও অভিজাত পরিবারের সন্তানদের শিক্ষাদানের জন্য বিশেষভাবে নিয়োজিত শিক্ষককে মুয়াদ্দিব বলা হতো। তাঁদের দায়িত্ব ছিল শুধু পাঠদান নয়, বরং শিক্ষার্থীর জ্ঞান, চরিত্র, আচরণ ও ব্যক্তিত্বকে পরিশীলিত করে তোলা। উমাইয়া যুগ থেকে শুরু করে উসমানি সালতানাত পর্যন্ত বিভিন্ন সময়ে এই শিক্ষাপদ্ধতির প্রচলন ছিল। এর মাধ্যমে বিভিন্ন পেশা ও দায়িত্বে যোগ্য নেতৃত্ব তৈরি হয়েছে।
সুতরাং তাদিবকে কেবল শিশুদের নৈতিক শিক্ষা কিংবা প্রাথমিক পর্যায়ের শিষ্টাচার শেখানোর বিষয় হিসেবে বিবেচনা করা যায় না। বরং ইসলামের জ্ঞানচর্চা ও পেশাগত জীবনের প্রতিটি স্তরে আদব ছিল একটি মৌলিক শর্ত।
ইসলামী শিক্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য ও তাদিবের গুরুত্ব
সমকালীন মুসলিম চিন্তাজগতে আল আত্তাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলোর একটি হলো, তিনি তাদিবের ধারণাকে নতুনভাবে সামনে এনেছেন এবং একে ইসলামী শিক্ষার একটি সমন্বিত ও সুসংবদ্ধ দর্শন হিসেবে প্রতিষ্ঠা করেছেন। এর গুরুত্ব কেবল এই কারণে নয় যে, তিনি একটি প্রাচীন ধারণাকে পুনরুজ্জীবিত করেছেন; বরং এর মাধ্যমে তিনি ইসলামী শিক্ষার জন্য এমন একটি মৌলিক কাঠামো দিয়েছেন, যা শিক্ষা সম্পর্কে আমাদের চিন্তা, পরিকল্পনা ও বাস্তব অনুশীলনকে নতুনভাবে বিন্যস্ত করতে পারে।
তাঁর মতে, মারিফাহ যেমন সাধারণ জ্ঞান বা ইলমের একটি বিশেষ ও গভীরতর রূপ, তেমনি তাদিবও শিক্ষার একটি বিশেষ ও স্বতন্ত্র রূপ। তবে এর বিশেষত্ব কোনো সংকীর্ণ অর্থে নয়। বরং এটি এমন একটি শিক্ষাদর্শন, যেখানে জ্ঞান, হিকমত, নৈতিকতা, আত্মিক উপলব্ধি এবং মানবিক উৎকর্ষ একে অপরের সঙ্গে সমন্বিত। এ কারণেই তাদিবকে কেবল সাহিত্যচর্চা, লেখক-সাহিত্যিক তৈরি কিংবা সামাজিক শিষ্টাচার শেখানোর মধ্যে সীমাবদ্ধ করে দেখার সুযোগ নেই।
এখানে প্রাচীন গ্রিক শিক্ষাদর্শনের;পাইদেইয়া(Paideia) ধারণার সঙ্গে তুলনা করা যেতে পারে। গ্রিকদের কাছে পাইদেইয়া বলতে এমন এক সাংস্কৃতিক শিক্ষা বোঝানো হতো, যার মাধ্যমে একজন মানুষ জ্ঞান, সংস্কৃতি, নৈতিকতা ও নাগরিক জীবনে পরিশীলিত হয়ে উঠত। আধুনিক পাশ্চাত্যের অনেক চিন্তাবিদ এই ধারণাকে মানবসভ্যতার ইতিহাসে শিক্ষার অন্যতম গভীর ও পূর্ণাঙ্গ আদর্শ হিসেবে বিবেচনা করেন। তবে এর একটি মৌলিক সীমাবদ্ধতা ছিল আত্মিক ও ধর্মীয় উপাদানের যথাযথ অনুপস্থিতি।
অন্যদিকে, খ্রিষ্টীয় শিক্ষাদর্শনে আত্মিকতার একটি সুস্পষ্ট ভিত্তি থাকলেও ইতিহাসের দীর্ঘ পরিসরে ধর্মীয় ও তথাকথিত ধর্মনিরপেক্ষ জ্ঞানচর্চার মধ্যে সবসময় সমন্বয় প্রতিষ্ঠিত হয়নি। মুসলিম সমাজে আদবের ধারণার মধ্যে এই দুই ক্ষেত্রের তুলনামূলকভাবে অধিকতর সমন্বিত রূপ দেখা যায়। এখানে ধর্মীয় জ্ঞান ও ব্যবহারিক জ্ঞান, আত্মিক উৎকর্ষ ও বুদ্ধিবৃত্তিক বিকাশ, ব্যক্তিগত নৈতিকতা ও সামাজিক দায়িত্ব পরস্পর বিচ্ছিন্ন নয়। বরং এগুলো একই শিক্ষাদর্শনের বিভিন্ন দিক।
এ কারণেই কিছু আধুনিক গবেষক মনে করেন, আদবভিত্তিক শিক্ষার ধারণা বর্তমান বিশ্বে প্রচলিত শিক্ষাব্যবস্থার সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ এটি মানুষকে কেবল কর্মক্ষম বা প্রতিযোগিতায় সক্ষম করে তোলে না, বরং তাকে সত্যনিষ্ঠ, দায়িত্বশীল, ন্যায়পরায়ণ ও আত্মসচেতন মানুষ হিসেবে গড়ে তুলতে চায়।
ব্যক্তি ও সমাজের উন্নয়নে শিক্ষার ভূমিকা
আল আত্তাসের শিক্ষাদর্শনে ব্যক্তিমানুষের বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হলেও তাঁর চিন্তা কোনোভাবেই ব্যক্তিকেন্দ্রিক বা সমাজবিচ্ছিন্ন নয়। বরং ব্যক্তির নৈতিক ও আত্মিক বিকাশের মধ্য দিয়েই সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব বলে তিনি মনে করেন। ব্যক্তি ও সমাজের এই অবিচ্ছেদ্য সম্পর্কের ভিত্তি তিনি কোনো ঐতিহাসিক সামাজিক চুক্তির মধ্যে খুঁজে পান না। বরং এর উৎস হিসেবে তিনি উল্লেখ করেন মানুষের আদি অঙ্গীকার বা ;মিসাকে আলাস্ত এবং দ্বীন ধারণার অন্তর্নিহিত তাৎপর্য।
সূরা আল আরাফের ১৭২ নম্বর আয়াতে বর্ণিত সেই আদি অঙ্গীকারে মানুষ আল্লাহর রবুবিয়্যাতের স্বীকৃতি দিয়েছিল। সেখানে ব্যবহৃত বালা শাহিদনা অর্থাৎ, ;হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি বাক্যটি বহুবচনে ব্যবহৃত হয়েছে। আল আত্তাসের মতে, এর মধ্যে প্রতিটি মানুষের স্বতন্ত্র অস্তিত্বের পাশাপাশি অন্য মানুষের সঙ্গে তার সম্পর্ক এবং সবার সঙ্গে আল্লাহর অভিন্ন সম্পর্কের স্বীকৃতি নিহিত রয়েছে।
তিনি শব্দটির মূল অর্থ বিশ্লেষণ করে দেখিয়েছেন যে, এর মধ্যে চারটি মৌলিক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রথমত, আল্লাহর কাছে মানুষের অস্তিত্বগত ঋণ বা তাঁর প্রতি মানুষের চিরন্তন নির্ভরশীলতা। দ্বিতীয়ত, আল্লাহর কাছে আত্মসমর্পণ। তৃতীয়ত, ন্যায়সংগত কর্তৃত্ব ও ক্ষমতার প্রয়োগ। চতুর্থত, মানুষের স্বভাবজাত প্রবণতা বা ফিতরাত, যার সঙ্গে সেই আদি অঙ্গীকারের সম্পর্ক রয়েছে।
দ্বীন; শব্দের বিভিন্ন রূপ ও ব্যুৎপত্তি বিশ্লেষণ করে আল আত্তাস এর সঙ্গে ;দানা (ঋণী হওয়া), ;দাইন (ঋণদাতা বা ঋণগ্রহীতা), দাইন; বা ;দায়ন (দায় ও বাধ্যবাধকতা), দাইনুনাহ (বিচার) এবং ;ইদানাহ (বিশ্বাস বা আনুগত্য) শব্দগুলোর সম্পর্ক দেখিয়েছেন। একই সঙ্গে তিনি ;মাদিনাহ (নগর),;মাদ্দানা(সভ্য করে তোলা) এবং;তামাদ্দুন (সভ্যতা ও সাংস্কৃতিক
পরিশীলন) শব্দগুলোর সঙ্গেও এর অর্থগত যোগসূত্র স্থাপন করেছেন।
এভাবে দ্বীনের ধারণা কেবল ব্যক্তিগত ইবাদত কিংবা কিছু ধর্মীয় বিধিবিধানের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বরং এটি মানুষের সামাজিক জীবন, পারস্পরিক সম্পর্ক, ন্যায়বিচার, নাগরিক দায়িত্ব এবং সভ্যতা বিনির্মাণের সঙ্গেও গভীরভাবে যুক্ত হয়ে ওঠে।
আল আত্তাস এ প্রসঙ্গে বলেন, শিক্ষার উদ্দেশ্য যদি একজন ভালো মানুষ তৈরি করা হয়, তাহলে এর অর্থ এই নয় যে, একটি ভালো সমাজ গড়ে তোলা শিক্ষার উদ্দেশ্য নয়। কারণ সমাজ গঠিত হয় মানুষকে নিয়েই। সুতরাং সমাজের প্রত্যেককে কিংবা অন্তত অধিকাংশ মানুষকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে একটি ভালো সমাজও প্রতিষ্ঠিত হবে। তাঁর ভাষায়, “শিক্ষাই সমাজের বুনন।”
একজন প্রকৃত ব্যক্তি নিজের স্বতন্ত্র পরিচয় উপলব্ধি করার পাশাপাশি অন্য মানুষের সঙ্গে নিজের অভিন্ন মানবিক সম্পর্কও বুঝতে পারেন। মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে তার ব্যক্তিসত্তাকে পূর্ণভাবে উপলব্ধি করা সম্ভব নয়। আল আত্তাসের ইনসান আদাবি; এমন একজন মানুষ, যিনি নিজের অস্তিত্ব, স্রষ্টার সঙ্গে সম্পর্ক, পরিবার, সমাজ এবং দৃশ্যমান ও অদৃশ্য সৃষ্টির সঙ্গে নিজের যথাযথ সম্পর্ক সম্পর্কে সচেতন।
এই দৃষ্টিতে একজন ভালো মানুষ একই সঙ্গে আল্লাহর উত্তম বান্দা, সন্তানের প্রতি দায়িত্বশীল পিতা, স্ত্রীর প্রতি দায়িত্বশীল স্বামী, বাবা-মায়ের প্রতি কর্তব্যপরায়ণ সন্তান, প্রতিবেশীর প্রতি সহমর্মী প্রতিবেশী এবং দেশের দায়িত্বশীল নাগরিক। অর্থাৎ, ব্যক্তিগত নৈতিকতা ও সামাজিক দায়িত্বকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই।
মালয় ভাষায় সভ্যতার একটি প্রতিশব্দ হলো ;তামাদুন;, আরেকটি শব্দ পেরাদাবান। এই দ্বিতীয় শব্দটির মধ্যেই আদবসম্পন্ন নারী ও পুরুষের সম্মিলিত এবং প্রজন্মান্তরে বিস্তৃত অবদানের মাধ্যমে সভ্যতা গড়ে ওঠার ধারণা প্রকাশিত হয়েছে।
তবে সমাজের উন্নয়ন কেবল ব্যক্তির উন্নয়নের সরল যোগফল নয়। সমাজ একটি বৃহত্তর সামগ্রিক সত্তা, যা তার সদস্যদের সম্মিলিত অস্তিত্বের চেয়েও ব্যাপক। তাই একটি সমাজকে শিক্ষিত ও নৈতিকভাবে উন্নত করে তুলতে হলে প্রথমে পর্যাপ্তসংখ্যক ব্যক্তিকে প্রকৃত অর্থে শিক্ষিত করে তুলতে হবে। একই সঙ্গে প্রত্যেক মুসলিমের মনে রাখতে হবে, আখিরাতে আল্লাহর বিচার ব্যক্তিগতভাবে সংঘটিত হলেও ইতিহাসের পরিসরে কোনো কোনো জাতি ও সমাজের সামগ্রিক কর্মের ভিত্তিতেও বিচার আসে। কোনো সমাজ যখন অন্যায় ও অবিচারে নিমজ্জিত হয়, তখন তার পরিণতি থেকে সৎ মানুষরাও কখনো কখনো পরীক্ষার সম্মুখীন হতে পারেন, বিশেষত যখন তারা নিজেদের সামাজিক দায়িত্ব পালনে ব্যর্থ হন।
সুতরাং ইসলামের দৃষ্টিতে প্রকৃত নাগরিকত্ব কিংবা পেশাগত দায়িত্ব পালনের সর্বোচ্চ সার্থকতা হলো আত্মিক ও নৈতিক উৎকর্ষের সঙ্গে সামাজিক দায়িত্বের সমন্বয়।
ফরজে আইন ও ফরজে কিফায়াহ: ব্যক্তি ও সমাজের কল্যাণের সমন্বয়
ব্যক্তি ও সমাজের এই সমন্বিত উন্নয়নের ক্ষেত্রে আল আত্তাস ফরজে আইন ও ফরজে কিফায়াহর জ্ঞানকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এই শ্রেণিবিভাগের দার্শনিক ভিত্তি তিনি ইমাম আবু হামিদ আল গাজ্জালির চিন্তা থেকে গ্রহণ ও বিকশিত করেছেন।
ফরজে আইন হলো প্রত্যেক ব্যক্তির নিজের জন্য অপরিহার্য জ্ঞান ও দায়িত্ব। অন্যদিকে, ফরজে কিফায়াহ হলো সমাজের সামগ্রিক প্রয়োজন পূরণের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দায়িত্ব, যা সমাজের একটি অংশ যথাযথভাবে পালন করলে অন্যদের ওপর থেকে সেই দায়িত্বের বাধ্যবাধকতা উঠে যায়।
সাধারণভাবে মনে করা হয়, ফরজে কিফায়াহর জ্ঞান সরাসরি সমাজের কল্যাণে ভূমিকা রাখে, কিন্তু ফরজে আইনের জ্ঞান মূলত ব্যক্তিগত জীবনের মধ্যেই সীমাবদ্ধ। আল আত্তাস এই ধারণার সঙ্গে একমত নন। তাঁর মতে, ফরজে আইনের জ্ঞান যথাযথভাবে অর্জন ও অনুশীলন করা না হলে ফরজে কিফায়াহর জ্ঞানও তার সঠিক উদ্দেশ্য পূরণ করতে পারবে না। কারণ ফরজে আইন মানুষকে সেই নৈতিক ও আত্মিক ভিত্তি দেয়, যার ওপর দাঁড়িয়ে সমাজের প্রয়োজনীয় জ্ঞান ও পেশাগত দক্ষতা সঠিকভাবে পরিচালিত হতে পারে।
এখানে ফরজে আইন বলতে কেবল কিছু নির্দিষ্ট বিষয় মুখস্থ করা কিংবা কয়েকটি ধর্মীয় বিধান শেখাকে বোঝানো হয়নি। বরং একজন মানুষের জীবন পরিচালনার জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান, আত্মিক উপলব্ধি, নৈতিক দায়িত্ব এবং আল্লাহর সঙ্গে সম্পর্কের যথার্থ বোধ এর অন্তর্ভুক্ত।
অন্যদিকে, ফরজে কিফায়াহর অন্তর্ভুক্ত কোন কোন বিষয় শিক্ষাব্যবস্থায় রাখা হবে, তা নির্ধারণের ক্ষেত্রে কেবল ব্যক্তিগত পছন্দ কিংবা প্রচলিত চাহিদাকে বিবেচনা করা যথেষ্ট নয়। আল আত্তাসের মতে, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত প্রয়োজন, দীর্ঘমেয়াদি কল্যাণ এবং মানুষের সামগ্রিক উন্নয়নের বিষয়টিও ন্যায়সংগতভাবে বিবেচনায় নিতে হবে।
এ প্রসঙ্গে গবেষক এ. এল. তিবাওয়ি উল্লেখ করেছেন, ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষার ব্যক্তিগত উদ্দেশ্য ছিল দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও সুখ অর্জন। আধুনিক জাতীয় রাষ্ট্রগুলোর শিক্ষাব্যবস্থায় সমাজের জন্য যে অস্পষ্ট ও সাধারণ লক্ষ্য নির্ধারণ করা হয়, তার তুলনায় এই ব্যক্তিগত উদ্দেশ্য অনেক বেশি সুনির্দিষ্ট এবং নাগরিকদের জন্য অধিকতর কল্যাণকর।
আদবের অবক্ষয়: মুসলিম সমাজের জ্ঞান ও নেতৃত্বের সংকট
আল আত্তাসের ইসলামী শিক্ষাদর্শনের অন্যতম প্রধান ভিত্তি হলো আদবের পূর্ণাঙ্গ ধারণা। স্বাভাবিকভাবেই শিক্ষা, জ্ঞানচর্চা ও সভ্যতার সংকট বিশ্লেষণ করতে গিয়ে তিনি মুসলিম সমাজের অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ধরনের সমস্যার কথা উল্লেখ করেছেন।
তাঁর মতে, বাহ্যিক সংকটের প্রধান কারণ হলো পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ। অন্যদিকে, মুসলিম সমাজের অভ্যন্তরীণ সংকট তিনটি পরস্পর সম্পর্কিত সমস্যার মাধ্যমে প্রকাশিত হয়। প্রথমত, জ্ঞানের অর্থ ও প্রয়োগ সম্পর্কে বিভ্রান্তি এবং ভুল ধারণা। দ্বিতীয়ত, আদবের অবক্ষয়। তৃতীয়ত, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অযোগ্য ও প্রকৃত নেতৃত্বের মর্যাদার অধিকারী নয় এমন ব্যক্তিদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়া।
আল আত্তাসের মতে, এই তিনটি সমস্যার মধ্যে আদবের অবক্ষয় সবচেয়ে মৌলিক। কারণ জ্ঞানের প্রকৃত অর্থ উপলব্ধি করতে এবং তাকে যথাযথভাবে প্রয়োগ করতে হলে শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের প্রতি সঠিক আদব থাকা প্রয়োজন। জ্ঞানের বিভিন্ন স্তর, তার মর্যাদা এবং জ্ঞানচর্চার বৈধ ও গ্রহণযোগ্য কর্তৃত্ব সম্পর্কে শ্রদ্ধাবোধ না থাকলে প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব নয়। একইভাবে, আদবের অভাব থাকলে জ্ঞান অর্জিত হলেও তা মানুষের চরিত্র ও কর্মে সঠিকভাবে প্রতিফলিত হয় না।
আদবের সঙ্গে হিকমত ও ইনসাফের গভীর সম্পর্ক রয়েছে। ফলে আদবের অবক্ষয় অনিবার্যভাবে সমাজে অবিচার, বুদ্ধিবৃত্তিক অদূরদর্শিতা এবং নৈতিক বিচ্যুতি সৃষ্টি করে। আল আত্তাস এই অবস্থাকে তিনটি ধারণার মাধ্যমে ব্যাখ্যা করেছেন।
প্রথমত, জুলুম বা অবিচার। এর অর্থ হলো কোনো বিষয়কে তার যথাযথ অবস্থান থেকে সরিয়ে দেওয়া। দ্বিতীয়ত, হুমক বা নির্বুদ্ধিতা। এটি এমন এক অবস্থা, যেখানে মানুষ সঠিক লক্ষ্য অর্জনের জন্য ভুল পদ্ধতি অবলম্বন করে। তৃতীয়ত, জুনুন বা উন্মত্ততা। এর অর্থ হলো মানুষ এমন কোনো লক্ষ্য অর্জনের জন্য সংগ্রাম করছে, যা নিজেই ভুল কিংবা অসত্য।
এই দৃষ্টিতে প্রকৃত সুখ অর্জনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে জ্ঞানচর্চা করাও এক ধরনের উন্মত্ততা। কারণ ইসলামের দৃষ্টিতে জ্ঞান অর্জনের চূড়ান্ত উদ্দেশ্য হলো সত্য দ্বীনের নির্দেশনা অনুযায়ী দুনিয়ার জীবনে প্রকৃত সুখ অর্জন, আল্লাহর প্রতি ভালোবাসা বা মাহাব্বাহর বিকাশ এবং আখিরাতে তাঁর দিদার বা রুয়াতুল্লাহ লাভের সৌভাগ্য অর্জন। অন্যদিকে, যথাযথ জ্ঞান ও সৎকর্ম ছাড়া দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জনের চেষ্টা করাও নির্বুদ্ধিতার পরিচয়।
আদবের ব্যাপক অবক্ষয়ের আরও কিছু ভয়াবহ পরিণতির কথা আল আত্তাস উল্লেখ করেছেন। তাঁর মতে, এর ফলে প্রকৃত ও যথার্থ সংজ্ঞাগুলো হারিয়ে যায় এবং সেগুলোর জায়গা দখল করে নেয় অস্পষ্ট স্লোগান, যেগুলোকে ধারণা বা তত্ত্ব হিসেবে উপস্থাপন করা হয়। মানুষ তখন কোনো সমস্যার প্রকৃত স্বরূপ নির্ধারণ করতে পারে না, সমস্যার সঠিক কারণ শনাক্ত করতে ব্যর্থ হয় এবং যথাযথ সমাধানও দিতে পারে না। এমনকি অনেক সময় প্রকৃত সমস্যাকে আড়াল করে কৃত্রিম সমস্যা তৈরি করা হয় কিংবা জটিল বুদ্ধিবৃত্তিক ও নৈতিক সংকটকে কেবল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও আইনি সমস্যায় সীমাবদ্ধ করে ফেলা হয়।
এমন পরিস্থিতি উগ্রপন্থী ও চরমপন্থী গোষ্ঠীগুলোর উত্থানের জন্যও অনুকূল পরিবেশ তৈরি করে। কারণ যখন সমাজে প্রকৃত জ্ঞান ও নৈতিক প্রজ্ঞার অভাব দেখা দেয়, তখন অজ্ঞতাকেই পুঁজি করে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের প্রভাব বিস্তার করতে পারে।
বিশ্বায়নের যুগে আদবসম্পন্ন মানুষের প্রয়োজনীয়তা
বর্তমান পৃথিবী ক্রমশ একটি বৈশ্বিক গ্রামে পরিণত হচ্ছে। অর্থনীতি, শিক্ষা, রাজনীতি, প্রযুক্তি ও যোগাযোগব্যবস্থার পারস্পরিক নির্ভরশীলতা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি বেড়েছে। এই বাস্তবতায় কেবল দক্ষ নাগরিক কিংবা প্রশিক্ষিত কর্মী তৈরি করার চেয়ে আদবসম্পন্ন মানুষ গড়ে তোলার প্রয়োজনীয়তা অনেক বেশি।
কারণ বর্তমান বিশ্বের অধিকাংশ গুরুত্বপূর্ণ উদ্যোগ ও প্রকল্পের পরিসর আন্তর্জাতিক। অর্থনৈতিক, রাজনৈতিক কিংবা শিক্ষাগত বিভিন্ন কার্যক্রম এখন একাধিক দেশ ও সমাজের সঙ্গে সম্পর্কিত। এমন পরিস্থিতিতে কোনো দেশের নাগরিক যদি কেবল নিজের ব্যক্তিগত কিংবা জাতীয় স্বার্থকে প্রাধান্য দেন, তাহলে আন্তর্জাতিক সহযোগিতা ও বৃহত্তর মানবিক কল্যাণ বাধাগ্রস্ত হতে পারে।
দ্রুত ও সহজ আন্তর্জাতিক যাতায়াতের ফলে অন্যায় রাষ্ট্র কিংবা সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজেদের ক্ষতিকর কর্মকাণ্ড আরও বিস্তৃতভাবে পরিচালনা করার সুযোগ পাচ্ছে। একইভাবে, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশ জাতীয় সীমানার প্রচলিত ধারণাকে অনেকটাই অকার্যকর করে তুলেছে। মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ তথ্য পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে। এসব তথ্যের মধ্যে যেমন কল্যাণকর ও জ্ঞানসমৃদ্ধ উপাদান রয়েছে, তেমনি রয়েছে বিভ্রান্তিকর, অনৈতিক, সাংস্কৃতিকভাবে ক্ষতিকর এবং সামাজিকভাবে বিপজ্জনক বিষয়বস্তু।
তথ্যের এই বিস্ফোরণ মানুষের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে, আবার একই সঙ্গে বিভ্রান্তি ও মূল্যবোধের সংকটও বাড়িয়েছে। তাই বর্তমান সময়ে এমন মানুষ গড়ে তোলা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি জরুরি, যারা আদবের অর্থে প্রকৃত ভালো মানুষ। যারা কেবল তথ্য সংগ্রহ করতে জানেন না, বরং কোন তথ্য গ্রহণযোগ্য, কোন জ্ঞান সত্য এবং কোন কাজ ন্যায়সংগত, তা বিচার করার ক্ষমতাও রাখেন।
একইভাবে, বিশ্ব অর্থনীতির গভীর পারস্পরিক নির্ভরশীলতার কারণে কোনো শক্তিশালী দেশের নাগরিক কিংবা নেতৃত্ব যদি কেবল স্বল্পমেয়াদি ব্যক্তিগত বা জাতীয় মুনাফাকে অগ্রাধিকার দেন, তাহলে তার নেতিবাচক প্রভাব অসংখ্য মানুষের জীবন ও অর্থনীতির ওপর পড়তে পারে। ফলে আজকের বিশ্বে মানুষের ব্যক্তিগত নৈতিকতা আর কেবল তার নিজস্ব জীবনের বিষয় নয়; বরং এর সঙ্গে বৃহত্তর মানবসমাজের কল্যাণও জড়িয়ে রয়েছে।
আল আত্তাসের আদবসম্পন্ন মানুষ এমন একজন সর্বজনীন মানুষ, যিনি নিজের মধ্যে, পরিবারে, পরিবেশে এবং বৃহত্তর বিশ্বসমাজে যথাযথ আদবের চর্চা করেন। তিনি বিভিন্ন সংস্কৃতি, সমাজ ও বাস্তবতার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন, কিন্তু এর জন্য নিজের বিশ্বাস ও পরিচয় বিসর্জন দেন না। বরং প্রতিটি বাস্তবতার সঙ্গে তার যথাযথ সম্পর্ক স্থাপনের মধ্য দিয়েই তিনি নিজের আত্মিক ও নৈতিক অবস্থানকে দৃঢ় করেন।
এভাবে বিভিন্ন স্তরের অস্তিত্ব ও বাস্তবতাকে সঠিকভাবে উপলব্ধি ও মোকাবিলা করার মধ্য দিয়ে মানুষ দুনিয়ায় প্রকৃত ও স্থায়ী সুখ অর্জনের পথে এগিয়ে যায় এবং আখিরাতের সাফল্যের জন্য নিজেকে প্রস্তুত করে।
এই লক্ষ্য অর্জনের জন্য শিক্ষার পরিকল্পনা, বিষয়বস্তু এবং পদ্ধতিতে সৃষ্টিজগতের বিভিন্ন স্তর ও বাস্তবতার প্রতি যথাযথ আদবের চর্চাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। মুসলিম সমাজে এমন একটি নতুন ও সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যার কেন্দ্রবিন্দু হবে বিশ্ববিদ্যালয়। কারণ বিশ্ববিদ্যালয় কেবল পেশাগত দক্ষতা অর্জনের প্রতিষ্ঠান নয়; বরং এখান থেকেই জ্ঞান, চিন্তা, নেতৃত্ব ও সভ্যতার ভবিষ্যৎ নির্মিত হয়।
আল আত্তাস তাঁর এই শিক্ষাদর্শনের অনেকগুলো দিক বাস্তবে প্রয়োগের উদ্যোগ নিয়েছিলেন। ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট অ্যান্ড সিভিলাইজেশন বা ISTAC-এ তিনি এই চিন্তাগুলোর বাস্তব পরীক্ষা ও প্রয়োগ ঘটান। প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ, জ্ঞানচর্চার ধরন এবং সামগ্রিক বিন্যাসে তাঁর ইসলামী শিক্ষাদর্শনের প্রতিফলন ঘটেছিল।
উপসংহার
আল আত্তাসের তা;দিব দর্শন আমাদের মনে করিয়ে দেয়, শিক্ষা কেবল তথ্য অর্জন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কিংবা পেশাগত জীবনের জন্য দক্ষতা অর্জনের প্রক্রিয়া নয়। প্রকৃত শিক্ষা হলো মানুষকে তার নিজের অবস্থান, স্রষ্টার সঙ্গে সম্পর্ক, সৃষ্টিজগতের বিন্যাস এবং সমাজের প্রতি দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলা। এর মাধ্যমে মানুষ শুধু জানে না, বরং কীভাবে সেই জ্ঞানকে যথাযথভাবে ধারণ ও প্রয়োগ করতে হয়, সেটিও শেখে।
আজকের বিশ্বে শিক্ষার বড় একটি সংকট হলো জ্ঞান ও নৈতিকতার মধ্যকার বিচ্ছিন্নতা। মানুষ ক্রমশ বেশি তথ্য ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করছে, কিন্তু সেই জ্ঞানকে কোন উদ্দেশ্যে এবং কীভাবে ব্যবহার করা উচিত, সে সম্পর্কে সমানভাবে সচেতন হয়ে উঠছে না। ফলে দক্ষতা বাড়লেও নৈতিক দায়িত্ববোধ, ন্যায়বিচার ও আত্মিক উপলব্ধির ঘাটতি থেকে যাচ্ছে।
এই বাস্তবতায় তাদিবের ধারণা বিশেষ তাৎপর্য বহন করে। এটি জ্ঞানকে নৈতিকতা থেকে, ব্যক্তিকে সমাজ থেকে কিংবা দুনিয়ার জীবনকে আখিরাতের জবাবদিহি থেকে বিচ্ছিন্ন করে দেখে না। বরং মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রকে একটি সমন্বিত নৈতিক ও আত্মিক কাঠামোর মধ্যে স্থাপন করে।
আল আত্তাসের চিন্তার মূল কথা হলো, আমাদের এমন মানুষ তৈরি করতে হবে, যারা শুধু জানেন না, বরং জ্ঞানের মর্যাদা বোঝেন; যারা শুধু দক্ষ নন, বরং দায়িত্বশীল; যারা শুধু নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নন, বরং অন্যের অধিকার ও মর্যাদাও রক্ষা করেন। যারা কেবল সমাজের প্রচলিত ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে চলতে শেখেন না, বরং হিকমত ও ইনসাফের আলোকে সেই সমাজকে আরও সুন্দর করে গড়ে তোলার যোগ্যতা অর্জন করেন।
অতএব, ইসলামে শিক্ষার প্রকৃত লক্ষ্য কেবল একজন জ্ঞানী, দক্ষ কিংবা সফল মানুষ তৈরি করা নয়। বরং এমন একজন আদবসম্পন্ন মানুষ গড়ে তোলা, যার জ্ঞান ও কর্ম, বিশ্বাস ও চরিত্র, ব্যক্তিগত জীবন ও সামাজিক দায়িত্ব এবং দুনিয়াবি প্রচেষ্টা ও আখিরাতের প্রস্তুতি পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আল আত্তাসের তাদিব দর্শনের মূল তাৎপর্য এখানেই।

ড. ওয়ান নর দাউদ
অনুবাদ : সাবিহা শুচি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *