আধুনিক অর্থনৈতিক সমস্যা সমাধানে ইসলাম

চিন্তা ও দর্শন

মানবতার জন্য সবচেয়ে মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো— সারা পৃথিবীর সকল মানুষের মৌলিক চাহিদার যোগান। মানবতার কল্যাণ নিশ্চিত করার জন্য এই সমস্যার একটি কার্যকর সমাধান জরুরি হওয়া সত্ত্বেও কোথাও এর সন্তোষজনক সমাধান চোখে পড়ে না। এর ফলাফল হলো—জীবন ক্রমেই এক পূতিগন্ধময় পৃথিবীতে অবসাদময় সংগ্রামে পরিণত হয়েছে। (দ্য ইকোনমিস্ট, ২০০৯)।
কিন্তু কেন এমন হলো?
এর একটি সম্ভাব্য কারণ হতে পারে সম্পদের অপ্রতুলতা এবং দুষ্প্রাপ্যতা। এই কারণটি মেনে নেওয়াটা বর্তমান দূরাবস্থাকে জায়েজকরণ এবং সমাধান হাজির করার ব্যর্থতা থেকে আমাদের দায়মুক্তির একটি দরজা উন্মোচন করবে। সেই সঙ্গে আরেকটি প্রশ্নের ব্যাখ্যা দিতেও ব্যর্থতার জন্ম দেবে। সেটি হলো, একই সময়ে, একই আকাশের নিচে কেন কোনো কোনো জায়গায় সম্পদের প্রাচুর্য, অপচয় ও প্রদর্শনেচ্ছার ছড়াছড়ি, আবার কোথাও দারিদ্র্য এবং ক্ষুধার যন্ত্রণায় মানুষের ছটফটানি। বাস্তবতা হলো, সম্পদের দুষ্প্রাপ্যতা বা অপ্রতুলতা—যাই বলি না কেন; এগুলো আসলে আপেক্ষিক। সম্পদকে কার্যকরভাবে এবং ইনসাফের সহিত ব্যবহার করা হলে তা সকলের চাহিদা মেটাতেই সক্ষম হবে।
এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে নিয়ে যায়। সম্পদকে কার্যকরভাবে এবং ইনসাফের সহিত ব্যবহার করতে না পারার কারণ কী? কেন আমরা তা করতে ব্যর্থ হচ্ছি? এর সন্তোষজনক জবাব দেওয়া সম্ভব নয়, যতক্ষণ না আমরা অর্থনীতির তিনটি সুপরিচিত প্রশ্ন—কী, কীভাবে এবং কার জন্য উৎপাদন করতে হবে—এর ফলপ্রসূ জবাব দিতে পারি। তাই, অবশ্যই প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে, কোন বিকল্প পণ্য এবং সেবা কতটুকু পরিমাণে উৎপাদন করতে হবে; কে বা কারা সেগুলো সম্ভাব্য সর্বনিম্ন খরচে উৎপাদন করতে সক্ষম এবং এসব পণ্য বা সেবা উৎপাদনের পর কে তা কতটুকু পর্যন্ত ভোগ করতে পারবে। 
যেকোনো অর্থনৈতিক ব্যবস্থায় এই প্রশ্নগুলোর উত্তর নির্ভর করে মূলত সেই ব্যবস্থার ভিশন ও পলিসির উপর। আর এ দুটোই নির্ভর করে সেই ব্যবস্থা কোন জীবনদর্শনের উপর দাঁড়িয়ে আছে তার উপর; যা নির্ধারণ করে পৃথিবীতে মানুষের জীবনের অর্থ ও উদ্দেশ্য, প্রকৃতি, ব্যক্তির নিয়ন্ত্রণাধীন সম্পদের প্রকৃত মালিকানা এবং এই সম্পদ কোন লক্ষ্য অর্জনে ব্যবহৃত হবে তার উপর। 
একটি ভবন নির্মাণের ক্ষেত্রে তার ফাউন্ডেশন বা ভিত্তির যে ভূমিকা, যেকোনো অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে এর দার্শনিক ভিত্তির ভূমিকাও তদ্রূপ। ভবন নির্মাণের পর এর ফাউন্ডেশন দৃষ্টির অন্তরালে চলে গেলেও, মূলত সেই ভিত্তিই একে পরবর্তীতেও টিকিয়ে রাখে। তেমনি দর্শনও একটি প্রতিষ্ঠিত অর্থনৈতিক ব্যবস্থায় উপরোল্লিখিত প্রতিটি প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধানের ক্ষেত্রে মূল নিয়ামকের ভূমিকা পালন করে।
পুঁজিবাদ ও মার্ক্সবাদের অন্তর্নিহিত দর্শন
১৮ ও ১৯ শতকে বিকশিত হওয়া পুঁজিবাদের অন্তর্নিহিত দর্শন এই প্রশ্নগুলোর জবাব সমকালীন ইউরোপে বিদ্যমান Zeitgeist (জার্মান শব্দ, যার অর্থ যুগচেতনা)-এর কাছে খুঁজেছিল; যা ছিল মূলত বস্তুবাদী এবং সেক্যুলার মতবাদের উপর প্রতিষ্ঠিত। এখনো অনেকাংশে তাই আছে। মূলত ইউরোপে চার্চের একচেটিয়া আধিপত্য ও ক্ষমতার অপব্যবহারের প্রতিক্রিয়া হিসেবে পুঁজিবাদের উত্থান হয়েছিল। কিন্তু যেকোনো প্রতিক্রিয়ার মতোই এই প্রতিক্রিয়াও বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। চার্চের আধিপত্য মোকাবিলা করতে গিয়ে এটি চার্চ যে বিষয়গুলোর প্রতিনিধিত্ব করত—যেমন মেটাফিজিক্যাল বিষয়সমূহ ও মূল্যবোধ—এসব কিছুরই বিরোধিতা করে বসে। ফলে তারা মহাবিশ্ব সম্পর্কে এমন এক দৃষ্টিভঙ্গি দাঁড় করাল যে, কোনো সৃষ্টিকর্তা ছাড়াই এগুলো সবই আপনা-আপনি সৃষ্টি হয়েছে, এবং একটি বিবর্তন প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকের অবস্থায় এসেছে।
মহাবিশ্ব যদি আপনা-আপনি একটি সংঘর্ষের মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে, তাহলে মানুষ সৃষ্টির পেছনেও একই রকম ঘটনা থাকতে হবে। ফলে মানুষের সৃষ্টিতত্ত্বের ধারণাও বদলে গেল। এর পেছনে সৃষ্টিকর্তার অস্তিত্বের ধারণা যখন বদলে গেল, তখন মানুষ সৃষ্টির উদ্দেশ্য খোঁজাও অনর্থক হয়ে দাঁড়াল। মানুষের সৃষ্টি একই রকম উদ্দেশ্যহীন, খামখেয়ালি একটি ঘটনা মাত্র হয়ে গেল। আধুনিক যুগের অন্যতম প্রভাবশালী দার্শনিক বার্ট্রান্ড রাসেল মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলেন, এটি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কোন অর্থ রাখেনা।
ধর্মীয় গোষ্ঠীগুলোর প্রতিরোধ সত্ত্বেও ধীরে ধীরে পশ্চিমা বিশ্বের সীমা ছাড়িয়ে সারা পৃথিবীতে সেক্যুলারিজমের বিষবাষ্প ছড়িয়ে পড়তে লাগল। ফলশ্রুতিতে বিভিন্ন সমাজের সামাজিক এবং আখলাকি ভিত্তি নড়বড়ে হয়ে গেল।

ফলে সমাজকাঠামো এবং বিশ্বব্যবস্থায় যে মতাদর্শিক শূন্যতা সৃষ্টি হলো, সেটি পূরণ করে নেয় অস্তিত্বের সংগ্রাম (Struggle for Existence) এবং যোগ্যতমের টিকে থাকা (Survival of the Fittest)-এর মতো ধারণাগুলো; উনিশ শতকের শেষের দিকে এসে যা সোশ্যাল ডারউইনিজম নামে পরিচিত হয়।

এই শূন্যতা পূরণের প্রচেষ্টার আরেকটি ফলাফল হলো উপযোগবাদ (Utilitarianism), যা ভালো-মন্দ, ন্যায়-অন্যায় ইত্যাদি পরম আখলাকি বিষয়গুলোকে সন্তুষ্টি ও কষ্টের পরিমাপযোগ্য মানদন্ডের মাধ্যমে আপেক্ষিক হিসেবে তুলে ধরে। এর ফলে ক্রমান্বয়ে মানুষ লালসাপ্রবণ একটি যন্ত্রে পরিণত হতে থাকে, যে কেবল অর্থ উপার্জন এর মধ্যেই নিজের সুখ খুঁজতে থাকে। এখান থেকেই অর্থনৈতিক মানুষ Economic man এর জন্ম হতে থাকে, যা ব্যাপক বিরোধিতা সত্ত্বেও আধুনিক অর্থনীতির ভিত্তি হিসেবে কাজ করছে।
এই অর্থনৈতিক মানুষ এর জীবনের মূল প্রেরণা হয়ে উঠলো আত্মস্বার্থ সিদ্ধি। জেভন এর ভাষায় এধরণের মানুষ হয়ে উঠলো উপযোগ বৃদ্ধি এবং স্বার্থান্বেষণ এর যন্ত্র। এটিকে হয়তো সরাসরি নিন্দা করা যায়না, কেননা একজন মানুষ সমাজের সামষ্টিক কল্যাণের এর পাশাপাশিও নিজের ব্যক্তিগত কল্যাণ সাধন করতে পারে। কিংবা কখনো কখনো এদুটোই সমান্তরাল হয়ে উঠতে পারে। কিন্তু নোবেলবিজয়ী অধ্যাপক মিল্টন ফ্রিডম্যান স্পষ্টভাষায় উল্লেখ করে দিয়েছেন,

একজন অর্থনৈতিক মানুষের একমাত্র সামাজিক দায়িত্ব হলো তার নিজের মুনাফা বৃদ্ধি করা। পুরোপুরি না হলেও অনেকটাই মানবিক মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি সমাজ ব্যবস্থায় যেকোন উপায়ে ব্যক্তিগত মুনাফা বৃদ্ধির উপর অতিরিক্ত এই জোর দেয়া স্বাভাবিকভাবেই একটি নতুন প্রশ্নের জন্ম দেয়: যদি সমাজের সকল মানুষ ব্যক্তিস্বার্থের পেছনে ছুটতে থাকে, তাহলে সমাজের সামগ্রিক স্বার্থের কী হবে? এই প্রশ্নের উত্তরে বলা হয়েছিলো যে, মানুষের মধ্যকার পারস্পরিক প্রতিযোগিতা ব্যক্তি স্বার্থের সাথে সামষ্টিক স্বার্থের সমন্বয় সাধন করবে৷

প্রতিযোগিতামূলক অর্থনীতিতে বাজার ব্যবস্থার নিজস্ব চালিকশক্তি (যাকে অদৃশ্য হাত বলা হচ্ছে) একচেটিয়া ব্যক্তি স্বার্থের লাগাম টেনে ধরে, যার ফলে সামষ্টিক স্বার্থ রক্ষা পায়। বাজারব্যবস্থার এই অদৃশ্য হাত এমনভাবে তিনটি মৌলিক প্রশ্ন কী, কীভাবে এবং কার জন্য উৎপাদন করতে হবে এর জবাব দেয়, যেন সকলের স্বার্থই সংরক্ষিত থাকে। এর জন্য কোন সামাজিক মূল্যবোধ বা কোন সরকারী হস্তক্ষেপ এর প্রয়োজন নেই। এভাবে ব্যক্তিস্বার্থ, প্রতিযোগিতা এবং মুনাফা অর্জন এই তিনটিই পুঁজিবাদী দর্শনের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং

  • মানুষকে বস্তুবাদি চিন্তা,
  • ভোগবাদিতা ও
  • লাগামহীন প্রবৃদ্ধির দিকে ধাবিত করে।

কিন্তু, এক্ষেত্রে প্রতিযোগিতা এড়িয়ে যাওয়া ও সীমিত করা এবং অন্যের ক্ষতির বিনিময়ে নিজের মুনাফা অর্জনের যে অসংখ্য চোরাগলি রয়েছে, সেটি যথেষ্টভাবে বিবেচনা করা হয়নি। মানুষের ফেতরাতী বৈশিষ্ট্য এবং সহজাত নৈতিক মূল্যবোধ যদি কিছুটা লাগাম টেনে না ধরতো, তবে এই লাগামহীন ভোগবাদীতার কারণে পৃথিবীর অবস্থা আরও করুণ হতো৷ 
মার্ক্সীয় মতবাদ মূলত এই পুঁজিবাদী-সেক্যুলার মতবাদেরই একটি পরিশীলিত রূপ। বরং ধর্মের প্রতি বিদ্বেষের কারণে মানুষকে মূল্যবোধশূন্য করার ক্ষেত্রে মার্কসবাদের ভূমিকা আরও বেশি। পুঁজিবাদের সাথে মার্কসবাদের মৌলিক পার্থক্য হচ্ছে—মার্কসবাদ কী, কেন, কার জন্য উৎপাদন করতে হবে এই তিনটি প্রশ্নের জবাব দেয়ার ক্ষেত্রে সামষ্টিক অংশগ্রহণ ও কেন্দ্রীয় একটি পরিকল্পনার কথা বলে। অন্যদিকে পুঁজিবাদ এক্ষেত্রে ব্যক্তিগত সম্পদ এবং বাজার ব্যবস্থার স্বয়ংক্রিয় চালিকাশক্তির উপর দৃষ্টিপাত করে। কিন্তু মার্ক্সবাদের ভিত্তির মধ্যেই নিহিত একটি মৌলিক ত্রুটির কারণে এটি পুঁজিবাদের চেয়েও খারাপ বলে প্রমাণিত হয়েছে। এর মৌলিক দর্শনের মধ্যে এমন কিছু ছিলোনা, যার দ্বারা ব্যক্তিকে পরিশুদ্ধ করা যায়। অথচ ব্যক্তিই ব্যক্তিগত এবং সামষ্টিক সম্পদের ক্ষেত্রে যেকোন সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে অবস্থান করে।  ব্যক্তি যদি সামাজিক পরিমন্ডলের মধ্যে থেকে ব্যক্তিগত সম্পদ ব্যবস্থাপনায় সক্ষম না হয়, তাহলে কীভাবে সে সমাজের সকলের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করে সামষ্টিক সম্পদ ব্যবস্থাপনা পরিচালনা করবে? অথচ এক্ষেত্রে অন্যের হক নষ্ট করে নিজের ফায়দা অর্জনের সুযোগ আরও অনেক বেশি। ফলে, এই মতবাদটি আদতে ব্যর্থ হয়েছে। 
ইসলামের জীবনদর্শন
ইসলামের জীবনদর্শন মৌলিকভাবে মার্কসবাদ এবং পুঁজিবাদ উভয়টি থেকে পৃথক। এটি মানুষের বস্তুগত ও আধ্যাত্মিক চাহিদার মধ্যে এবং ব্যক্তিস্বার্থ ও সমাজের সামগ্রিক কল্যাণের মধ্যে ভারসাম্য স্থাপন করে। ব্যক্তিগত অর্জনে মৌলিকভাবে কোনো দোষ নেই, তবে এমন কোনো ব্যবস্থা থাকা প্রয়োজন, যা নিশ্চিত করবে, ব্যক্তি যেন সীমা অতিক্রম করতে না পারে এবং অন্যের হক নষ্ট করতে না পারে।
সাধারণত সেক্যুলার ব্যবস্থাপনায় এক্ষেত্রে সামান্য পরিমাণে সরকারি তদারকির আওতাভুক্ত প্রতিযোগিতামূলক বাজার/মুক্ত বাজার ব্যবস্থাকে পর্যাপ্ত বলে ধরে নেওয়া হয়। মার্কসবাদ অতিমাত্রায় সরকারি হস্তক্ষেপের উপর জোর দেয় এবং শেষ পর্যন্ত এটি কোনো কল্যাণকর সমাজব্যবস্থা উপহার দিতে ব্যর্থ হয়। অন্যদিকে পুঁজিবাদ সমাজের কল্যাণের জন্য পূর্ণ প্রতিযোগিতার উপর আস্থা রেখেছিল এবং সরকারের হস্তক্ষেপকে খুবই সামান্য মাত্রায় অনুমোদন দিয়েছিল। কিন্তু সামাজিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং আর্থিক সংকট সরকারের ভূমিকাকে অবশ্যম্ভাবী করে তুলেছিল। সরকারের অংশগ্রহণ বৃদ্ধি যেমন কিছু সুফল এনে দিয়েছিল, তেমনি এটি বাজেট ঘাটতি এবং সরকারি ঋণের অতিবৃদ্ধির মাধ্যমে নতুন এক সমস্যার জন্ম দিয়েছিল। ফলশ্রুতিতে, অর্থনীতির মৌলিক ভিত্তি দুর্বল হয়ে গিয়েছিল, যা পরবর্তীতে বৃহত্তর অর্থনৈতিক ও ফাইন্যান্সিয়াল অস্থিতিশীলতার দিকে ধাবিত হয় এবং অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের ঊর্ধ্বে রয়ে যায়। ফলে আমাদের সামনে আজ একটি বড় প্রশ্ন হলো—কেন এই সমস্যাগুলোর সমাধান সম্ভব হয়নি? এর কারণ কি প্রাইভেট সেক্টর, নাকি পাবলিক সেক্টর? নাকি এসবের কেন্দ্রে থাকা মানুষই এর কারণ?
অনেক সময় এই বোঝাপড়ায় ঘাটতি রয়ে যায় যে, পাবলিক এবং প্রাইভেট—উভয় সেক্টরেরই কেন্দ্রীয় সত্তা হলো মানুষ। যদি মানুষ ঠিক না হয়, তাহলে প্রাইভেট সেক্টরের মতো পাবলিক সেক্টরও একইভাবে অর্থনৈতিক সমস্যা সমাধানে ব্যর্থ হবে। এটা সর্বজনস্বীকৃত যে, ক্ষমতা মানুষকে দূর্নীতিগ্রস্থ করে, আর নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশভাবেই দূর্নীতিগ্রস্থ করে। সেজন্য, সমাজের কল্যাণার্থে নেয়া যেকোন প্রচেষ্টার ক্ষেত্রে মানুষ এবং তার আচরণকে প্রভাবিত করে এধরণের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনকে সর্বাধিক গুরুত্ব দেয়া উচিত৷ একইসাথে,

ইসলামের জীবনদর্শনের মৌলিক একটি দিক হলো, মানুষ এবং মানুষের আচরণকে প্রভাবিত কারি প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন।  যেহেতু মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সকল ধরণের আর্থ সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের কেন্দ্রবিন্দু, তাই মানুষকে পুনর্গঠন না করলে মানুষের জীবনের সমস্যাসমূহ সমাধান করাও অসম্ভব হয়ে পড়বে৷ 

মানুষের পুনর্গঠনের জন্য ইসলামী দর্শনের ভিত্তি মূলত তিনটি বিষয়ের সমন্বয়ে গঠিত:

  • তাওহীদ (একত্ববাদ),
  • খেলাফত (মানুষের প্রতিনিধিত্ব) এবং
  • আদালত।

এই তিনটি ধারণাই আবার আন্তঃসম্পর্কিত। এগুলো একত্রে মানুষের জীবনদর্শনকে পরিবর্তন করে। এই তিনটি বিষয় তিনভাবে মানুষকে পরিবর্তন করে। প্রথমত, নিজের স্রষ্টার প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে: সে যা কিছুই করুক না কেন, আল্লাহর কাছে তার জন্য জবাবদিহিতা করতে হবে; এই বিশ্বাস তার সমগ্র জীবনদর্শনকেই প্রভাবিত করে। দ্বিতীয়ত, অন্য মানুষের সাথে তার সম্পর্ককে ভ্রাতৃত্ব এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দাঁড় করায়। তৃতীয়ত, প্রাকৃতিক পরিবেশসহ পৃথিবীর যা কিছু সে ব্যবহার করে, সবকিছুকে আমানত হিসেবে মানুষের সামনে পেশ করে, ফলে এই আমানতের রক্ষণাবেক্ষণ মানুষের একটি মৌলিক দায়িত্ব হয়ে যায়, যা পৃথিবীর সামগ্রিক কল্যাণ নিশ্চিত করে।
এখন প্রশ্ন আসতে পারে, তাওহীদ কী এবং অর্থনীতির সাথে এর সম্পর্ক কী? কেন আমাদেরকে একটি আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাস করাটা জরুরি? তাওহীদ আপাতদৃষ্টিতে পরজাগতিক/আধ্যাত্মিক বিষয় বলে পরিগণিত হলেও মানুষের আচরণ ও দৃষ্টিভঙ্গির ওপর এর প্রভাব সীমাহীন। এটি একজন মানুষের নিজের প্রতি, তার পরিবারের প্রতি, অন্যান্য মানুষ এবং পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে। এই সুবিশাল-জটিল মহাবিশ্ব একটা নিয়মের অধীন, এগুলো নিজে নিজে সৃষ্টি হয়নি, বরং কেউ এগুলোকে সুনিপুণ-সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন। একজন সর্বোচ্চ সত্তা (আল্লাহ) এগুলো সৃষ্টি করেছেন। কেউ যখন একবার এই সত্যকে মেনে নেয়, তখন এটা মনে করার প্রশ্নই আসে না যে, স্রষ্টা কোনো উদ্দেশ্য ছাড়াই এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এর ফলে স্বাভাবিকভাবেই মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে আসে। কুরআনের ভাষ্যমতে,

মানবজাতিকে সৃষ্টি করা হয়েছে, বিশ্বজগত এবং এর মধ্যকার সকল সৃষ্টির প্রতি রহমতস্বরূপ (কুরআন, ২১:১০৭)।

সাধারণত, আল-আমীন শব্দটিকে মানবজাতি অর্থে অনুবাদ করা হয়। কিন্তু এটি আরও সামগ্রিক এবং ব্যাপকার্থক একটি শব্দ, যেটি মানুষ ছাড়াও পশুপাখি, পতঙ্গ এবং প্রাকৃতিক পরিবেশসহ সকল কিছুকে পরিগ্রহ করে।
মানুষ কীভাবে সমগ্র সৃষ্টির প্রতি রহমত হতে পারে? প্রত্যেক মানুষ যদি নিজের ব্যক্তিস্বার্থের পেছনে ছুটতে থাকে, তাহলে কি এটা সম্ভব? বিষয়টা যদি এমন হত, তাহলে হয়তো অনেক সহজ হয়ে যেত। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হলো, এই আত্মস্বার্থ অন্বেষণকে কেন্দ্র করে পৃথিবীতে যুগে যুগে অন্যের অধিকার হরণ এবং অনেক জুলুম ও শোষণের সূত্রপাত হয়েছে। এর কারণ হলো, ব্যক্তিস্বার্থ কখনো কখনো সমাজের সামগ্রিক কল্যাণের সাথে সমান্তরালে চললেও সবসময় এমনটা নাও হতে পারে। কখনো তা শোষণেরও কারণ হতে পারে। তাই, জুলুম এবং সংঘাতকে প্রশমিত করার জন্য, মানুষের মধ্যকার সুসম্পর্ক ও সম্প্রীতি জরুরি। এ ধরনের সম্প্রীতি কীভাবে তৈরি করা যায়? বাজারের স্বাভাবিক চালিকাশক্তি এক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখলেও তা সম্পূর্ণরূপে এই সম্প্রীতি ও শান্তি নিশ্চিত করতে পারে না। এর জন্য কিছু নিয়ম-কানুন এবং নিযাম বা ব্যবস্থাপনা প্রয়োজন।
এখন যদি আমাদের কিছু সুনির্দিষ্ট নিয়ম-শৃঙ্খলা বা নীতিমালা প্রয়োজন হয়, তাহলে প্রশ্ন আসতে পারে, সেইসব নিয়ম-কানুন কে প্রণয়ন করবে? অবশ্যই, নিরপেক্ষ কাউকে এই নিয়মের প্রণেতা হতে হবে, যার নিজের কোনো লোভ বা প্রাপ্তির আকাঙ্ক্ষা নেই। ফলে এর জন্য একমাত্র যোগ্য হলেন, স্রষ্টা স্বয়ং। যার নিজের কোনো চাহিদা নেই। যিনি তাঁর সমগ্র সৃষ্টিকূলকে ভালোভাবে জানেন; তাদের প্রত্যেকের সবলতাও জানেন, দুর্বলতাও। মানুষের জীবনকে সহজ করতে এবং তাদের পথের আলোকদিশার মতো করে তিনি বিধি-বিধান দিয়ে মানুষের মধ্য থেকেই প্রতিনিধি বা পয়গম্বর পাঠান। আর এই সিলসিলার সর্বশেষ পয়গম্বর হলেন বিশ্বনবী মুস্তফা (স.)।
যখন আমরা এটি মেনে নিলাম যে, মানুষ সৃষ্টির পেছনে স্রষ্টার একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে এবং মানুষকে পরিচালনার জন্য কিছু বিধি-বিধান বা আইন-কানুনও আছে, তখন এর সাথে আরেকটি প্রয়োজনীয়তা দেখা দেয়—মানুষ সেইসব নিয়ম-কানুন মেনে চলছে কিনা, সেটি তদারকির ব্যবস্থা। এসব নিয়ম-কানুন মেনে চলা মানুষের নিজের জন্যই কল্যাণকর হবে, কেননা এর ফলে সমাজের সামগ্রিক কল্যাণ নিশ্চিত হবে এবং তারা বিশ্বজগতের জন্য রহমতে পরিণত হতে পারবে। তবে এই মেনে চলাকে নিশ্চিত করার জন্য জবাবদিহিতা এবং শাস্তি ও পুরস্কারের বিধান থাকা জরুরি। তা না হলে, মানুষের মধ্যে নিয়ম-কানুন না মেনে চলার প্রবণতা থাকাটা স্বাভাবিক, যার ফলে বিশ্বজগতও ক্ষতিগ্রস্ত হতে পারে।
এই জবাবদিহিতা এই দুনিয়ায় সমাজ বা রাষ্ট্রের মাধ্যমে হতে পারে। তবে যেহেতু সমাজ এবং রাষ্ট্রকে ফাঁকি দেওয়া, এমনকি ক্ষমতা ও সম্পদের মাধ্যমে এর ওপর প্রভাব খাটানোর সুযোগ থাকে, তাই এর বাইরেও এমন এক সত্তার কাছে জবাবদিহিতা থাকা প্রয়োজন, যিনি সকল কিছুর ঊর্ধ্বে এবং যাকে ফাঁকি দেওয়া যায় না। যিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা এবং যিনি কারও মুখাপেক্ষী নন। যিনি নিরঙ্কুশভাবে আদিল এবং নিরপেক্ষ। তাই, এই জবাবদিহিতা আখিরাতে অনুষ্ঠিত হবে এবং সেখানে মানুষকে এই দুনিয়ার সকল কৃতকর্মের হিসাব দিতে হবে। অতঃপর সকলেই তার কর্মের প্রাপ্য ফল (শাস্তি অথবা পুরস্কার) ভোগ করবে।
মানবজাতিকে তাদের সৃষ্টির উদ্দেশ্য পূরণে সক্ষম করার জন্য আল্লাহ রাব্বুল আ’লামিন তাদের চারটি অপরিহার্য সম্পদও দিয়েছেন:

  • ১) এর একটি হলো সর্বোত্তম শারীরিক গঠন (আহসান তাকওয়িম) (আল-কুরআন, ৯৫:৪)। এর ফলে মানুষ তাদের সকল প্রয়োজন পূরণ করতে এবং এর মাধ্যমে তাদের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে সক্ষম।
  • (২) দ্বিতীয় সম্পদ হলো ফিতরাত, যার মধ্যে কোনো সহজাত ত্রুটি নেই। সেই অনুযায়ী, সকল মানুষ স্বভাবগতভাবে ভালো এবং তারা চাইলে নিজেদের এই ফিতরাত সংরক্ষণ করতে সক্ষম। তারা যদি এই ফিতরাত সংরক্ষণ না করে এবং এর সঙ্গে সাংঘর্ষিক কাজ করে, তাহলে তারা শুধু নিজেদের স্বার্থকেই ক্ষতিগ্রস্ত করবে না, বরং অন্যদের স্বার্থও ক্ষতিগ্রস্ত করবে এবং এর ফলে তারা সর্বনিম্ন স্তরে উপনীত হতে পারে (আল-কুরআন, ৯৫:৫)।
  • (৩) তৃতীয় সম্পদ হলো আকল, যা তাদের অন্য সব সৃষ্টির থেকে স্বতন্ত্র করে। যথাযথভাবে ব্যবহার করা হলে, এটি তাদের আল্লাহপ্রদত্ত সম্পদ এমনভাবে ব্যবহার করতে সক্ষম করবে, যাতে তারা নিজেদের পাশাপাশি সমগ্র মানবজাতি এমনকি আল্লাহর সমগ্র সৃষ্টিজগতের জন্যও রহমত হয়ে উঠতে পারে।
  • (৪) এই তিনটি সম্পদের পাশাপাশি, তাদের চতুর্থ একটি সম্পদ থাকার সুবিধাও রয়েছে, আর তা হলো ঐশী হিদায়াত (হুদা), যা স্বয়ং আল্লাহ বিভিন্ন সময় মানুষের মধ্য থেকেই পয়গম্বরগণের একটি ধারাবাহিকতার মাধ্যমে তাদের কাছে পাঠিয়েছেন। তাঁদের দায়িত্ব শুধু ডাকপিয়নের মতো বার্তা পৌঁছে দেওয়া ছিল না, বরং তারা ছিলেন মানবজাতির জন্য অনুসরণীয় ও অনুকরণীয় অনুপম আদর্শ (উসওয়াতুন হাসানাহ)।

এই সম্পদগুলো থাকার কারণে মানবজাতিকে এই পৃথিবীতে অন্ধকারে হাতড়ে বেড়ানোর জন্য একা ছেড়ে দেওয়া হয়নি। বরং তাদের স্রষ্টা তাদের এমনভাবে প্রয়োজনীয় সামর্থ্য দিয়ে সুসজ্জিত করেছেন, যাতে তারা শুধু মানবজাতির জন্য নয়, বরং আল্লাহর সমগ্র সৃষ্টির জন্য রহমত হওয়ার দায়িত্বও পালন করতে পারে।
তারা যদি সবার কল্যাণ নিশ্চিত করার জন্য এবং এর মাধ্যমে সবার জন্য রহমত হয়ে ওঠার উদ্দেশ্যে এসব সম্পদ সচেতন ও অর্থবহভাবে ব্যবহার না করে, তাহলে তারা নিজেদের জন্য দুর্ভোগ ডেকে আনবে (আল-কুরআন, ২০:১২৪)। সুতরাং, নিজেদের বৃহত্তর স্বার্থেই তাদের এই দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং তাঁর পক্ষ থেকে প্রদত্ত হিদায়াত অনুযায়ী জীবন পরিচালনা করা কল্যাণকর হবে।
এই জীবনদর্শনের কাঠামোর মধ্যে মানুষ কোনো জন্মগত পাপী ইতিহাসের দাবার ছকে একটি গুটি আকস্মিক বিবর্তনের ফসল কিংবা শূন্য খোলস নয়। বরং সে পৃথিবীতে আল্লাহর খলীফা বা প্রতিনিধি (আল-কুরআন, ২:৩০), যাকে আল্লাহর সমগ্র সৃষ্টির জন্য রহমত হওয়ার উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। মহাবিশ্বের স্রষ্টার খলীফা হিসেবে এই মাকাম তাকে শুধু তাকে সম্মান ও মর্যাদাই প্রদান করে না, বরং তার জীবনকে একটি অর্থ ও উদ্দেশ্যও প্রদান
করে। তার সক্ষমতাসম্পন্ন শারীরিক গঠন এবং সহজাত ভালো স্বভাব বা ফিতরাত, আকল ও রাসূলগণের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হিদায়াতের সমন্বয়ে তাকে তার সৃষ্টির উদ্দেশ্য অর্থবহ ও মর্যাদাপূর্ণভাবে পূরণ করতে সক্ষমতা প্রদান করে।
খিলাফতের ধারণাটি তাই বেশ কিছু তাৎপর্য বহন করে। এর মধ্যে কয়েকটি হলো:

  • (১) মানবজাতির সদস্যদের মধ্যকার মৌলিক ঐক্য এবং সকল মানুষের অধিকার ও মর্যাদার প্রতি দৃঢ় বিশ্বাস; চাই সে মানুষ শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ, ধনী বা দরিদ্র, নারী বা পুরুষ—যাই হোক না কেন।
  • (২) এই বিশ্বাস যে, আল্লাহর খলীফা হিসেবে মানুষ আল্লাহর পক্ষ থেকে তার কাছে প্রদত্ত সম্পদের প্রকৃত মালিক নয়। সে কেবল একজন আমানতদার। তাকে অবশ্যই কেবল বৈধ উপায়ে এসব সম্পদ অর্জন করতে হবে এবং আমানতের দাবি অনুযায়ী তা ব্যবহার করতে হবে—শুধু নিজের জন্য নয়, বরং তার পরিবার, অন্যান্য মানুষ, আল্লাহর সকল সৃষ্ট জীব এবং পরিবেশের কল্যাণেও। স্বার্থপর আচরণ করা কিংবা এসব সম্পদ অপচয় বা অপব্যয় করা তার মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
  • (৩) এই বিশ্বাস যে, সকল মানুষ আল্লাহর বান্দাহ, তার রহমতের ছায়ার অধিকারী। ফলে মানুষের জীবনদর্শন একে অন্যের প্রতি জোর যার মুল্লুক তার কেবল নিজের স্বার্থ হাসিলের জন্য সংগ্রাম এবং যোগ্যতমের টিকে থাকা নয়; বরং ভ্রাতৃত্ব ও সমতা, ভালোবাসা ও স্নেহ এবং পারস্পরিক যত্ন ও সহযোগিতার দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। এর উদ্দেশ্য হলো সকলের মৌলিক চাহিদা পূরণ করা, মানুষের সামগ্রিক সক্ষমতার বিকাশ ঘটানো এবং মানবজীবনকে এমনভাবে সমৃদ্ধ করা, যাতে কুরআনের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে তারা মানবজাতির জন্য রহমত’ হয়ে ওঠে। সুতরাং, ভালো ও মহৎ কাজে প্রতিযোগিতা অনুমোদিত, কিন্তু আত্মম্ভরিতা, স্বার্থপরতা ও পারস্পরিক ধ্বংসের ক্ষেত্রে নয়।
  • (৪) এই বিশ্বাস যে, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে এবং একমাত্র আল্লাহরই বান্দাহ, তারই মুখাপেক্ষী। কুরআন ঘোষণা করে যে, আল্লাহর সকল রাসূলের আগমনের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল—তাঁরা যে সময়েই এবং যেখানেই বসবাস করুন না কেন, মানুষকে তাদের ওপর চেপে বসা দাসত্ব ও শৃঙ্খল থেকে মুক্ত করা (আল-কুরআন, ৭:১৫৭)। এই শিক্ষাই দ্বিতীয় খলীফা উমরকে প্রশ্ন করতে উদ্বুদ্ধ করেছিল: মায়েরা যখন তাদের (সন্তানদের) স্বাধীন মানুষ হিসেবে জন্ম দিয়েছিল, তখন তোমরা কবে থেকে তাদের দাস বানিয়ে রাখতে শুরু করলে? এই বিশ্বাস অনুযায়ী, মানুষ তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বাধীন এবং আল্লাহর কাছে তার নিজের কাজের জন্য নিজেই জবাবদিহি করবে।
  • (৫) এই বিশ্বাস যে, মানুষ সর্বশক্তিমান আল্লাহর কাছে জবাবদিহিতার অধীন এবং তাই তাকে আল্লাহর খলীফা হিসেবে তার মর্যাদার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবন পরিচালনা করতে হবে।

আল্লাহর খলীফা হিসেবে মানুষের নিজের সব অপরিহার্য বস্তুগত ও আধ্যাত্মিক প্রয়োজন পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করা উচিত, যাতে সে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে পারে, নিজের পূর্ণ সম্ভাবনার বিকাশ ঘটাতে ও তা কাজে লাগাতে পারে এবং খলীফা হিসেবে তার দায়িত্ব পালনে সক্ষম হয়। আল্লাহ যে নেয়ামতসমূহ প্রদান করেছেন (আল-কুরআন, ৭:৩২), সেগুলো থেকে নিজেকে বঞ্চিত করার কোনো অর্থ নেই। মানুষকে তার জীবনকে ভালবাসতে ও উপভোগ করতে হবে। জীবন উপভোগ করাই আধ্যাত্মিক উন্নতির পথে বাধা নয়; বরং তা কীভাবে করা হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ। সম্পদ নিজেই খারাপ নয়; বরং তা কীভাবে অর্জিত হচ্ছে এবং কীভাবে ব্যয় করা হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ। ইসলাম প্রদর্শিত মূল্যবোধ এবং আদালতের সীমার মধ্যে জীবনযাপনের  মাধ্যমে মানুষের কল্যাণ সাধন এবং মানবজাতির জন্য রহমত হয়ে ওঠার চেষ্টা করা এবং সেই কাঠামোর মধ্যে থেকে জীবন উপভোগ করার মধ্যে কোনো ভুল নেই।
খিলাফত এবং বিশ্বজনীন ভ্রাতৃত্বের প্রতি বিশ্বাস আদালতের ব্যাপক প্রসার ছাড়া খুব বেশি তাৎপর্য বহন করবে না। তাই ইসলামী মূল্যবোধভিত্তিক ব্যবস্থায় আর্থ-সামাজিক আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামে এর তাৎপর্যের বিচারে এটিকে তাকওয়া বা পরহেজগারির সবচেয়ে নিকটবর্তী হিসেবে ঘোষণা করা হয়েছে (আল-কুরআন, ৫:৮)। স্বাভাবিকভাবেই, তাকওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি আদালতসহ সব ন্যায়সংগত কর্মকাণ্ডের ভিত্তি হিসেবে কাজ করে। রাসূলুল্লাহ (স.) মুসলিমদের সতর্ক করে বলেছেন, জুলুম থেকে বেঁচে থাকো, কারণ কিয়ামতের দিন জুলুম পরম অন্ধকারে পরিণত হবে। আখিরাতের সেই পরম অন্ধকার এই দুনিয়ায় অন্যায়-অবিচার সংঘটনের মাধ্যমে আমরা যে অন্ধকার ছড়িয়ে দিয়েছি, তারই প্রতিফলন হবে।
আর্থ-সামাজিক আদালতের উপাদানসমূহ:
(১) আর্থ-সামাজিক আদালতের একটি অপরিহার্য উপাদান হলো সামাজিক সমতা—তারা শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ, উচ্চ বা নিম্ন, ধনী বা দরিদ্র এবং নারী বা পুরুষ—যাই হোক না কেন। একজন মানুষের মর্যাদা নির্ধারণের একমাত্র মানদণ্ড হলো তার আখলাক, যোগ্যতা এবং মানবতার কল্যাণে তার অবদান। রাসূলুল্লাহ (স.) যেমন জোর দিয়ে বলেছেন ;আল্লাহ তোমাদের দেহ বা সম্পদের দিকে তাকান না; বরং তিনি তোমাদের অন্তর ও কর্মের দিকে তাকান ;তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বাধিক মর্যাদাবান, যার আখলাক সর্বোত্তম এবং আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি, যে অন্যদের জন্য সবচেয়ে বেশি উপকারী।
(২) আর্থ-সামাজিক আদালতের দ্বিতীয় উপাদান হলো আল্লাহপ্রদত্ত সম্পদে সবার ন্যায়সংগত অধিকার নিশ্চিতকরণ এবং এসব সম্পদের ওপর কারও একচেটিয়া নিয়ন্ত্রণ কিংবা অন্যদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করণ রোধ। এটি অর্জনের একটি উপায় হলো সমাজে প্রত্যেককে তার অবদানের বিনিময়ে বা সামাজিক উৎপাদনে তার অবদানের জন্য প্রাপ্য অধিকার প্রদান করা এবং একজনের দ্বারা অন্যজনের শোষণ প্রতিরোধ করা। কুরআন মুসলিমদের নির্দেশ দেয়, কাউকে তার ন্যায্য হক থেকে বঞ্চিত করো না (আল-কুরআন, ২৬:১৮৩)। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে, প্রত্যেক ব্যক্তিকে তার প্রকৃত প্রাপ্য দিতে হবে এবং অন্যদের দ্বারা তাকে তার ন্যায্য অংশ থেকে বঞ্চিত করা যাবে না।
(৩) আর্থ-সামাজিক আদালতের তৃতীয় উপাদান হলো ভিক্ষা না করে নিজের প্রচেষ্টার মাধ্যমে প্রত্যেকের মৌলিক প্রয়োজন পূরণ করা—যদি না কোনো প্রতিবন্ধকতা ও উপার্জনে অক্ষমতার কারণে তাকে তা করতে বাধ্য হতে হয়। এটি আল্লাহর খলীফা হিসেবে প্রত্যেক মানুষের মর্যাদার অন্তর্নিহিত স্বাভাবিক তাৎপর্য। কাজের মাধ্যমে অর্জিত পর্যাপ্ত আয়ই তার কল্যাণের প্রধান ভিত্তি হওয়া উচিত। প্রত্যেকেরই তার সময় ও সামর্থ্যকে উৎপাদনশীলভাবে কাজে লাগানোর সুযোগ থাকা উচিত এবং তার সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কাজ বা পেশা থাকা উচিত, যাতে সে তা করতে পারে। তাই মুসলিম সমাজের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত এমন পরিস্থিতি সৃষ্টি করা, যা একজন ব্যক্তিকে জীবনধারণের জন্য পর্যাপ্ত অর্থ উপার্জনের সুযোগ দেবে, যাতে সে শুধু নিজের নয়, বরং তার পরিবারের কল্যাণের জন্যও পর্যাপ্ত জীবনযাত্রার মান অর্জন করতে পারে। তবে কোনো প্রতিবন্ধকতার কারণে যারা নিজেদের মৌলিক প্রয়োজন পূরণ করতে সক্ষম নয়, তাদের মৌলিক প্রয়োজন পূরণ করা সমাজের নৈতিক দায়িত্ব।
ইসলামী অর্থনীতিকে এমনভাবে সংগঠিত করা উচিত, যাতে—

  • ১) কর্মক্ষম এবং চাকরি বা পেশার সন্ধান করছেন—এমন প্রত্যেক ব্যক্তি তাঁর যোগ্যতা অনুযায়ী কাজ খুঁজে পান এবং এমন একটি হালাল জীবিকা উপার্জন করতে পারেন, যা তাঁর নিজের ও পরিবারের মৌলিক চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত;
  • ২) কেউ যেন অন্যায়ভাবে তাঁর প্রদত্ত পরিশ্রম এবং যোগ্যতার চেয়ে অধিক অর্থ উপার্জন করতে না পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা
  • ৩) রাজনৈতিক, আর্থিক অথবা অর্থনৈতিক ক্ষমতা যেন অল্প কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত না হয়;
  • ৪) বেকারত্ব, অসুস্থতা, অক্ষমতা, বার্ধক্য কিংবা নিজের নিয়ন্ত্রণের বাইরে এমন কোন পরিস্থিতির কারণে পর্যাপ্ত জীবিকা অর্জনে অসমর্থতার ক্ষেত্রে যাঁদের প্রয়োজন, তাঁদের সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য একটি সুনির্দিষ্ট ব্যবস্থা যেন বিদ্যমান থাকে; এবং
  • ৫) সম্পদ যেন অল্প কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত না হয়ে যায়, সেটি নিশ্চিত করা এবং সমাজের যেসব সদস্য নিজেদের প্রচেষ্টায় আয়-রোজগারে অক্ষম, তাঁদের প্রকৃত চাহিদা মেটাতে যতটুকু প্রয়োজনীয় ও ন্যায়সংগত, ততটুকু আয় ও সম্পদের পুনর্বণ্টন নিশ্চিত করা।

একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা উপরোক্ত লক্ষ্যগুলো বাস্তবায়নে সহায়তা করতে সক্ষম হওয়া উচিত। এসব লক্ষ্য অর্জন সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মনোভাব বিকাশের জন্য এবং মানবজাতির জন্য রহমত হয়ে ওঠার ইসলামী ভিশন বাস্তবায়নের পথ সুগম করার জন্য অপরিহার্য।
অন্যদিকে, একটি ভারসাম্যহীন ও অন্যায্য অর্থনৈতিক ব্যবস্থা অযৌক্তিক চাহিদার বিস্তৃত পরিসর সৃষ্টি করতে পারে, মানুষের মধ্যে অধিকতর সম্পদ আহরণের প্রবণতাকে তীব্র করতে পারে, তাদের মধ্যে লোভ ও ঈর্ষার চর্চা গড়ে তুলতে পারে, তাদের স্বার্থপর ও বিবেকবর্জিত করে তুলতে পারে এবং অবিচার ও জুলুমের একটি প্রধান উৎসে পরিণত হতে পারে।
ইসলাম যে ভারসাম্যপূর্ণ ও ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, তা প্রচলিত সম্পদ আহরণকেন্দ্রিক ব্যবস্থায় এখানে-সেখানে সামান্য কিছু পরিবর্তন আনার মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব নয়। এর জন্য প্রথমত মানুষকেই গড়ে তোলা প্রয়োজন, এবং একইসাথে তাদের পারস্পরিক সামাজিক সম্পর্ক এবং আর্থসামাজিক প্রতিষ্ঠানগুলোরও সংস্কার প্রয়োজন।
তিনটি মৌলিক প্রশ্ন
ইসলামের এই অন্তর্নিহিত দর্শন এবং বিশেষত, আল্লাহর খলীফা হিসেবে মানুষের অবস্থানের আলোকে, কী উৎপাদন করতে হবে, কীভাবে উৎপাদন করতে হবে এবং কার জন্য উৎপাদন করতে হবে—অর্থনীতির এই তিনটি মৌলিক প্রশ্নের উত্তর এমনভাবে নির্ণয় করা উচিত, যা মানবজাতির জন্য রহমত হয়ে ওঠার সেই ভিশন বাস্তবায়নে সহায়তা করবে।
কী উৎপাদন করতে হবে
ইসলামের এই ভিশন বাস্তবায়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো,সীমিত সম্পদ এমনভাবে ব্যবহার করা, যাতে অ-নবায়নযোগ্য সম্পদ অতিরিক্ত ব্যবহারের মাধ্যমে নিঃশেষ না করে এবং প্রাকৃতিক পরিবেশের ক্ষতি না করে প্রত্যেকের মৌলিক চাহিদা যথাযথভাবে পূরণ করা যায়।
একটি সেক্যুলার কাঠামোর মধ্যে পরিচালিত বাজারব্যবস্থা, যেখানে প্রত্যেক ব্যক্তি নিজের আয়, রুচি ও পছন্দ অনুযায়ী সম্পদের ওপর নিজের ইচ্ছামতো দাবি জানানোর স্বাধীনতা ভোগ করেন, তা কি একাই কী উৎপাদন করতে হবে—এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারে, নাকি এর পরিপূরক হিসেবে অন্য কিছুরও প্রয়োজন রয়েছে? এ পর্যন্ত বাজারব্যবস্থার অভিজ্ঞতা বিবেচনায় নিলে, এই প্রশ্নের উত্তর ;না ছাড়া অন্য কিছু হওয়া সম্ভবত কঠিন। অর্থাৎ, এই ব্যবস্থার পরিপূরক হিসেবে অন্য কিছুর প্রয়োজন রয়েছে।
সীমিত সম্পদ থেকে সব মানুষের চাহিদা যথাযথভাবে পূরণ করা যায়—এমন একটি ন্যায়ভিত্তিক ও ভারসাম্যপূর্ণ সমাজব্যবস্থা গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হলো: 

  • (১) এমন কিছু মূল্যবোধ, যা সম্পদের ওপর বিভিন্ন মানুষের দাবির মধ্যে ন্যায়সংগত ভারসাম্য প্রতিষ্ঠায় সহায়তা করবে; পাশাপাশি 
  • (২) এসব মূল্যবোধের ভিত্তিতে মানুষকে কাজ করতে সক্ষম করে তোলার জন্য একটি অনুকূল ব্যবস্থা বা সিস্টেম এবং 
  • (৩) সরকারের সহায়ক ভূমিকা।

অন্যদিকে, উপযোগবাদী দর্শন (utilitarian philosophy) এর অনুসরণকারী প্রচলিত অর্থনীতি এ প্রশ্নের উত্তর দেয় হ্যাঁ সূচক। আখলাক, মূল্যবোধ, আদালত ও পুনর্বণ্টনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এড়িয়ে গিয়ে এটি আত্মস্বার্থ চরিতার্থ করার ওপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করে। ফলে প্রত্যেক ব্যক্তি নিজের রুচি ও পছন্দ অনুযায়ী ব্যক্তিগত মোট উপযোগ যথাসম্ভব বৃদ্ধি করাকেই অর্থনৈতিক কর্মকাণ্ডের একমাত্র লক্ষ্য হিসেবে বিবেচনা করে।
কোনো অভিজ্ঞতালব্ধ বা যৌক্তিক ভিত্তি ছাড়াই এটি ধরে নেয় যে, প্রত্যেকের সর্বাধিক পরিমাণ চাহিদা পূরণের মাধ্যমে নিজের ব্যক্তিগত মোট উপযোগ সর্বাধিক করার চেষ্টার মধ্য দিয়ে সামগ্রিক মানবকল্যাণও সর্বাধিক করা সম্ভব। এই উপযোগের প্রকৃতি ও গুণগত মান এবং সমাজের সদস্যদের মধ্যে এর বণ্টন যথাযথ গুরুত্ব পায় না। কারণ, এসব বিষয়ের সঙ্গে মূল্যবোধ জড়িত, আর তাদের মতে, অর্থনীতি একটি মূল্যবোধ নিরপেক্ষ বিষয়।
এভাবে, প্রতিনিয়ত অর্থ উপার্জনের পেছনে ছোটা এবং সর্বাধিক পরিমাণ চাহিদা পূরণের মাধ্যমে আত্মস্বার্থ চরিতার্থ করাই আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে। সেই অনুযায়ী, উৎপাদনব্যবস্থার সমগ্র কাঠামো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত হয়; এভাবে সীমাহীন ব্যক্তিগত চাহিদা মানুষের সামগ্রিক কল্যাণের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখবে, তা বিবেচনা না করেই। অধিকন্তু, বিজ্ঞাপনের মাধ্যমে, এমনকি পর্নোগ্রাফি, উদ্দেশ্যহীন ফ্যাশন এবং অপ্রয়োজনীয় মডেল পরিবর্তন- এভাবে প্রচারের মাধ্যমেও মানুষের চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি করাকে সম্পূর্ণ বৈধ বলে বিবেচনা করা হয়।
এর ফলে দুটি বিরূপ পরিণতি দেখা দিয়েছে:
(১) প্রথমত, মানুষের প্রকৃত কোনো চাহিদা পূরণ করে না—এমন পণ্য ও সেবা উৎপাদনের মাধ্যমে সীমিত সম্পদের ওপর অত্যধিক চাপ সৃষ্টি হচ্ছে। এ কারণে টাউনি যথার্থই বলেছেন, প্রতি বছর উৎপাদিত পণ্যসামগ্রীর যে অংশকে সম্পদ বলা হয়, তার একটি অংশকে প্রকৃত অর্থে অপচয় বলা যায়। কারণ, এর মধ্যে এমন কিছু সামগ্রী রয়েছে, যেগুলোকে জাতীয় আয়ের অংশ হিসেবে গণ্য করা হলেও—(বাস্তবতা হলো), হয় অন্যান্য (প্রয়োজনীয়) সামগ্রী পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত না হওয়া পর্যন্ত এগুলো উৎপাদন করা উচিত ছিল না, অথবা এগুলো আদৌ উৎপাদন করা-ই উচিত ছিল না।
(২) দ্বিতীয়ত, এর ফলে মানুষ নিজের সামর্থ্যের বাইরে জীবনযাপন করতে অভ্যস্ত হয়েছে এবং ঋণের পরিমাণ অত্যধিক বৃদ্ধি পেয়েছে। এটি বর্তমানে স্বতঃসিদ্ধ যে, আন্তর্জাতিক আর্থিক সংকটগুলোর অন্যতম প্রধান কারণ ছিল এটি। বন্ডের মাধ্যমে সৃষ্ট বৈশ্বিক ঋণের মোট পরিমাণ গত এক দশকে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে—২০০০ সালে ১৮.৮ ট্রিলিয়ন ডলার থেকে ২০১০ সালে ৩৯.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ধারণা করা হয়েছিল, ২০১১ সালে তা আরও বেড়ে ৪২.২ ট্রিলিয়ন ডলার এবং ২০১২ সালে ৪৫.৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে।
ভোগ ও ঋণের এই অত্যধিক বৃদ্ধি সত্ত্বেও প্রকৃতপক্ষে মানুষের জীবন মান উন্নত হয়নি। সে অনুযায়ী, দ্য ইকোনমিস্ট (২০০৯) থেকে ইতোমধ্যে উদ্ধৃত বক্তব্যটিতে যে উপলব্ধি প্রকাশ করা হয়েছে, তা হলো, এক পূতিগন্ধময় পৃথিবীতে জীবন ক্রমেই এক অবসাদময় সংগ্রামে পরিণত হচ্ছে।
সম্পদ যদি অফুরন্ত হতো, তাহলে চাহিদার এমন সীমাহীন ও অপ্রয়োজনীয় সম্প্রসারণ, অপচয়মূলক ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হওয়া সত্ত্বেও, হয়তো কোনো গুরুতর সমস্যা সৃষ্টি করত না। কিন্তু মানুষের ব্যবহারের জন্য বিদ্যমান সম্পদের পরিমাণ সীমিত। এর ফলে এমন একটি ভারসাম্য কীভাবে প্রতিষ্ঠা করা যায়, যার মাধ্যমে অসীম চাহিদা ও সীমিত সম্পদের মধ্যে সামঞ্জস্য বিধান করে সব মানুষের মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব—সে প্রশ্ন দেখা দেয়।
এর একটি উপায় হতে পারে, যেসব চাহিদা মানুষের প্রয়োজন পূরণের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো দূর করা। স্বাভাবিকভাবেই, এর জন্য মূল্যবোধভিত্তিক মানদন্ডের প্রয়োজন হবে। যেহেতু ধর্মনিরপেক্ষ/ সেক্যুলার বাজারব্যবস্থায় মূল্যবোধকে বিবেচনায় নেয়া হয়না, তাই কোন চাহিদাগুলো পূরণ করা হবে এবং কী উৎপাদন করা হবে, সে সিদ্ধান্ত বাজার ব্যবস্থার অদৃশ্য হাত মূল্যব্যবস্থার মাধ্যমে গণভোটের মতো প্রক্রিয়ায় গ্রহণ করা হয়। প্রত্যেক ব্যক্তি বাজারে গিয়ে নিজের রুচি ও পছন্দ অনুযায়ী এবং নিজের আয় ও ঋণ গ্রহণের সামর্থ্যের সীমার মধ্যে যা ইচ্ছা তা-ই কেনেন। কোনো ব্যক্তি যখন কোনো পণ্য বা সেবা কেনার জন্য এক একক মুদ্রা ব্যয় করেন, তখন তা একটি ভোটের প্রতিনিধিত্ব করে। ভোক্তা যদি দুধের চেয়ে মদ কেনার পেছনে বেশি অর্থ ব্যয় করে থাকে, তাহলে ধরে নেয়া হয় বাজারে মদের চাহিদা বেশি। ফলে স্বয়ংক্রিয়ভাবেই জাতীয় সম্পদের আরও বেশি অংশ মদ উৎপাদনে বরাদ্দ হয়। 
তবে এই যুক্তিতে বেশ কিছু ত্রুটি রয়েছে: 
(১) প্রথমত, এই স্বয়ংক্রিয় মূল্যব্যবস্থা ধরে নেয় যে, বিভিন্ন ভোক্তার চাহিদা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা প্রয়োজনীয় তাকে দামের মাধ্যমে তুলনা করা সম্ভব, কারণ প্রতিটি একক মুদ্রা একটি ভোটের প্রতিনিধিত্ব করে। দুজন ব্যক্তি সমপরিমাণ অর্থ ব্যয় করতে আগ্রহী হলে ধরে নেওয়া হয় যে, তাঁদের জরুরত সমান। এই অনুমানটি প্রশ্নবিদ্ধ। কারণ, ধনী হোক বা দরিদ্র—সব শিশুর জন্য দুধের প্রয়োজনীয়তা সমান হলেও, একটি দরিদ্র পরিবার দুধ কেনার যে জরুরত থাকে, বা তার চাহিদার সাথে প্রয়োজনীয়তার যে সম্পর্ক থাকে; একটি ধনী পরিবারের মদ কেনার চাহিদার সাথে জরুরত এর সে একই সম্পর্ক থাকেনা৷ ফলে এখানে উভয়ের চাহিদা একই পাল্লায় তুলনীয় নয়।
(২) দ্বিতীয়ত, বাজার এর মুক্ত ও অবাধ কার্যক্রমের মাধ্যমে মানুষের চাহিদার বাজারমূল্যের তুলনার ভিত্তিতে সম্পদের কাঙ্ক্ষিত বণ্টন তখনই সম্ভব হতো, যদি অর্থনীতিতে আয়, সম্পদ ও ব্যাংকঋণের সমবণ্টন বিদ্যমান থাকত। কিন্তু বাস্তবে তা থাকেনা। 
এটা স্বতঃসিদ্ধ যে, সমাজে সকল মানুষের মধ্যে আয় এবং সম্পদের সমবন্টন সম্ভব নয়। ঋণের অসম বণ্টনের মাধ্যমে আধুনিক ফিনান্সিয়াল সিস্টেম এই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এটি স্বাভাবিক, কারণ ব্যাংকগুলো ঋণগ্রহীতার ঋণ পরিশোধের সামর্থ্য অনুযায়ী ঋণ প্রদান করে, আর এই সামর্থ্য নির্ধারিত হয় তার সম্পদ ও নগদ অর্থপ্রবাহের ভিত্তিতে। আয়, সম্পদ ও ঋণের এই অসম বণ্টন না থাকলে সমাজের ধনী শ্রেণি, যারা জাতীয় আয় ও ঋণের ক্ষেত্রে তাদের জনসংখ্যাগত অনুপাতের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি অংশ ভোগ করে। তারা নিজেদের ভোটের সংখ্যাগত প্রভাব কাজে লাগিয়ে জাতীয় সম্পদের মতো দুষ্প্রাপ্য সম্পদকে এমন সব পণ্য উৎপাদনের দিকে প্রবাহিত করতে সক্ষম হয়, যেগুলো গোটা সমাজের মানুষের প্রয়োজনীয়তা এবং সামাজিক মূল্যবোধকে প্রতিনিধিত্ব করেনা। ফলে সম্পদের চূড়ান্ত বণ্টনও সেভাবেই হতো, যা কাম্য নয়।
(৩) তৃতীয়ত, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থার (laissez faire) ধারণাটি এখনো এক অধরা স্বপ্ন হয়েই রয়েছে। বাজারে অসংখ্য অপূর্ণতা বিদ্যমান। এসব অসম্পূর্ণতা বাজারব্যবস্থার স্বয়ংক্রিয় কার্যকরিতাকে বাধাগ্রস্ত করে এবং এমন বাজারদরের সৃষ্টি করে, যা প্রকৃত ব্যয় বা বা মানবকল্যাণকে প্রতিফলিত করে না। এর ফলে পণ্য ও সেবার দাম সাধারণত তাদের সুযোগব্যয়ের (opportunity cost) তুলনায় অনেক বেশি হয় এবং উৎপাদনের উপকরণগুলোর মালিকদের প্রদত্ত পারিশ্রমিক তাদের প্রকৃত উৎপাদনে অবদানের মূল্যের তুলনায় অনেক বেশি বা কম হয়ে থাকে।
(৪) চতুর্থত, অসংখ্য মানুষের অন্তহীন অভাব-অভিলাষ পূরণের লক্ষ্যহীন প্রচেষ্টা ব্যক্তি ও জাতীয় সম্পদের পাশাপাশি সরকারি ও বেসরকারি অর্থায়নের ওপরও চাপ সৃষ্টি করে। এর ফলে কয়েকটি সমস্যা দেখা দেয়: (ক) অপ্রয়োজনীয় উৎপাদন ও সম্পদের অতিরিক্ত ব্যবহারের কারণে পরিবেশদূষণ এবং পরিবেশের অবক্ষয়; (খ) ভোগবাদী সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে অপ্রয়োজনীয় চাহিদা পূরণ করতে গিয়ে মানুষকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিশ্রম করতে হয়। এর ফলে মানুষের জীবন স্রেফ অর্থের পেছনে ছুটতে ছুটতে কেটে যায়। জীবনের অপরিহার্য লক্ষ্য; যেমন—নৈতিক ও বৌদ্ধিক উৎকর্ষ সাধন, সন্তানদের যথাযথ লালন-পালন এবং পারিবারিক ও সামাজিক সংহতি বজায় রাখা; এসবের জন্যও পর্যাপ্ত অবসর থাকে না এবং (গ) সরকারি ও বেসরকারি উভয় খাতেই ঋণের অস্বাস্থ্যকর সম্প্রসারণ ঘটে, যা অতিরিক্ত মুদ্রা ও ঋণের প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি এবং আর্থিক সংকটের সূচনা করে
যেহেতু মূল্যস্ফীতি ও ঋণ—উভয়ের উচ্চ প্রবৃদ্ধির হারকেই অনাকাঙ্ক্ষিত বলে বিবেচনা করা হয়, তাই সামগ্রিক চাহিদা সর্বত্র ও একইভাবে কমানোর প্রচেষ্টা চালানো হয়। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হয়ে পড়ে, অর্থনৈতিক মন্দা ও বেকারত্ব দেখা দেয় এবং মানুষের দুর্ভোগ বৃদ্ধি পায়। বিশেষত, নিম্ন আয়ের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ এ ধরনের সার্বিক চাহিদা হ্রাস তাদের ওপর তুলনামূলকভাবে অধিক নেতিবাচক প্রভাব ফেলে।
স্যামুয়েলসন যে মন্তব্য করেছেন, তাতে অবাক হওয়ার কিছু নেই। তিনি বলেছেন, অবাধ প্রতিযোগিতাভিত্তিক পূর্ণাঙ্গ মুক্তবাজার ব্যবস্থা এমন পরিস্থিতির জন্ম দিতে পারে, যেখানে দম্পতিরা অনাহারে থাকবে; অপুষ্টিতে ভোগা শিশুরা বড় হয়ে আবারও অপুষ্টিতে ভোগা শিশুর জন্ম দেবে; আর কেয়ামত পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম ধরে লরেঞ্জ কার্ভে আয় ও সম্পদের চরম বৈষম্যসূচক প্রবণতা ধারাবাহিকভাবে বজায় থাকবে। তিনি আরও যোগ করেন,

অ্যাডাম স্মিথের এই দাবি করার কোনোই অধিকার ছিল না যে, কোন এক অদৃশ্য শক্তির কল্যাণে ব্যক্তিস্বার্থের পেছনে ছুটে চলা মানুষদের স্বার্থ অন্বেষণের এই প্রচেষ্টার মধ্য দিয়েই সামগ্রিকভাবে সমাজের স্বার্থ রক্ষা পাবে। … এমনকি স্মিথ তার দাবির পক্ষে কোন ধরনের প্রমাণও পেশ করতে পারেননি, ১৭৭৬ সালের পর থেকে অন্য কোনো অর্থনীতিবিদও তা প্রমাণ করতে পারেননি।

অতএব, সমাজের সব মানুষের অপরিহার্য চাহিদা পূরণ করা এবং মূল্যস্ফীতিজনিত চাপ এড়ানোর লক্ষ্য থাকলে, কী উৎপাদন করতে হবে—এই প্রশ্নের উত্তর কেবল বাজার এর উপর ছেড়ে দেয়া যায়না। এ উদ্দেশ্য অর্জনের জন্য এমন একটি ব্যবস্থা প্রয়োজন, যা মূল্যব্যবস্থার পরিপূরক হিসেবে কাজ করবে এবং মানুষের কল্যাণে অর্থবহ অবদান রাখে না—এমন পণ্য ও সেবার চাহিদা দূর করতে সহায়তা করবে। এটি কীভাবে করা সম্ভব?
এর একটি অপরিহার্য উপায় হলো, এমন কতগুলো নৈতিক মূল্যবোধের মাধ্যমে বাজারব্যবস্থায় অধিকতর দায়িত্ববোধ ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, যা সমাজের প্রত্যেক ব্যক্তির কল্যাণ নিশ্চিত করতে সহায়তা করতে পারে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা সম্পর্কে শুমাখার যথার্থই বলেছেন, বাজার হলো ব্যক্তিস্বার্থ ও দায়িত্বহীনতার প্রাতিষ্ঠানিক রূপ, যেখানে ক্রেতা কিংবা বিক্রেতা—কেউই নিজের স্বার্থ ছাড়া অন্য কিছুর জন্য দায়ী নয়।
তাহলে এই প্রশ্নের উত্তর কীভাবে দেওয়া উচিত? উৎপাদন প্রক্রিয়ার উদ্দেশ্য নির্ধারণ না করে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নাও হতে পারে। এর প্রধান উদ্দেশ্য হওয়া উচিত এমন পণ্য ও সেবা উৎপাদন করা, যা সকল মানুষের প্রকৃত চাহিদা পূরণ করে এবং এর মাধ্যমে মাকাসিদ আশ-শরিয়াহর সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষের জন্য মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে সহায়তা করে। প্রদর্শনমূলক ভোগের জন্য পণ্য উৎপাদন করে এবং এর ফলে অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে চলার অস্বাস্থ্যকর প্রতিযোগিতা সৃষ্টি করে সামাজিক বৈষম্য ও আভিজাত্য প্রদর্শনের প্রবণতা বাড়ানো উচিত নয়। সে অনুযায়ী, অপ্রয়োজনীয় পণ্যের প্রতি আকাঙ্ক্ষা এবং সেগুলো কেনার জন্য অস্বাস্থ্যকর প্রতিযোগিতা কমানোর লক্ষ্যে সামাজিক পরিবেশের পাশাপাশি বিজ্ঞাপনব্যবস্থারও সংস্কার প্রয়োজন। এ উদ্দেশ্যে বলপ্রয়োগের কথা বিবেচনা করা যায় না বলে, একমাত্র বিকল্প হলো এমন শিক্ষাব্যবস্থা, যা মানুষের রুচি ও পছন্দকে এমনভাবে পরিবর্তিত করতে সহায়তা করবে, যাতে সমাজের সকলের চাহিদা পূরণ ও সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হয়।
অতএব, এই লক্ষ্যকে সামনে রেখেই কার্যকর অর্থনীতির সংজ্ঞা নির্ধারণ করা প্রয়োজন। কোনো অর্থনীতিকে তখনই কার্যকর (efficient) বলা উচিত, যখন তা সব মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার পর্যাপ্ত উৎপাদন করতে সক্ষম হয়। কেবল তখনই সম্পদের বণ্টনকে সর্বোত্তম বলে বিবেচনা করা উচিত। অন্যথায়, অর্থনৈতিক ব্যবস্থাটি হয় অকার্যকর, নয়তো অনুন্নত। (২৬)
কোনো অর্থনীতি সমৃদ্ধ ও অত্যন্ত উন্নত হওয়া সত্ত্বেও তাকে অকার্যকর বলে বিবেচনা করা উচিত, যদি তার সম্পদ ও উন্নয়ন সমগ্র জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণে সক্ষম না হয়। এর কারণ হলো, মানুষের চাহিদার অগ্রাধিকারের বিচারে কম গুরুত্বপূর্ণ কিংবা অপ্রয়োজনীয় পণ্য ও সেবা উৎপাদনের দিকে সম্পদ সরিয়ে নেওয়া হচ্ছে।
এখানে বর্ণিত কাঠামোর মধ্যে থেকে কীভাবে একটি অর্থনীতিকে গোটা সমাজের মানুষের অত্যাবশ্যকীয় চাহিদাগুলো পূরণে সক্ষম করে তোলা যায়? ব্যক্তিস্বাধীনতার প্রতি ইসলামের গুরুত্ব বিবেচনায় অর্থনীতিকে কঠোর নিয়ন্ত্রণের অধীনে পরিচালনা করা গ্রহণযোগ্য নয়। অতএব, যথাযথ সমাধান খুঁজতে হবে এমন একটি লক্ষ্যভিত্তিক বাজারব্যবস্থায়, যা আধ্যাত্মিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ এবং সরকারের পরিপূরক ভূমিকার কাঠামোর মধ্যে পরিচালিত হয়।
এ উদ্দেশ্যে কোনো অনড় ও সর্বজনীন নিয়ম নির্ধারণ করা সম্ভব নয়। প্রত্যেকেরই বাজারে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করা উচিত: আমার জন্য এই পণ্য বা সেবাটি কি এমন কারও অত্যাবশ্যকীয় প্রয়োজনের তুলনায় অপরিহার্য, সীমিত সম্পদের ওপর আমার অপ্রয়োজনীয় দাবি করার ফলে যে ব্যক্তি সেটি থেকে বঞ্চিত হতে পারেন?
ব্যক্তিস্বাধীনতা সুরক্ষিত রাখার পাশাপাশি, এমন একটি ব্যবস্থা প্রয়োজন যা ব্যক্তিগত উদ্যোগ, সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের জন্যও অধিকতর অনুকূল হতে পারে। আল্লাহর সব রাসূলই পৃথিবীতে এসেছিলেন এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে, এবং তাঁদের শিক্ষা বিশ্বের প্রায় সব সমাজের ঐতিহ্যেরই অংশ—যতটুকু পর্যন্ত সেই শিক্ষাগুলো হারিয়ে যায়নি বা বিকৃত হয়নি।
কীভাবে উৎপাদন করা হবে
যেকোনো আকলবান সমাজের লক্ষ্য হওয়া উচিত উৎপাদনের উপাদানগুলোকে এমন অনুপাতে সমন্বয় করা, যাতে অপচয় ও অপব্যয় সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা যায়, মানুষের কাজের বোঝা হালকা করা যায়, একঘেয়ে ও কষ্টসাধ্য শ্রম দূর করা যায় এবং সর্বনিম্ন বিনিয়োগ থেকে সর্বাধিক উপকৃত হওয়া যায়। তবে যে ব্যয়গুলো সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার কথা বলা হচ্ছে, সেগুলো কেবল ব্যক্তিগত আর্থিক ব্যয় হওয়া উচিত নয়; এর মধ্যে সামাজিক ব্যয়, বর্তমান ও ভবিষ্যৎ—উভয় প্রজন্মের জন্য সৃষ্ট ব্যয় এবং নৈতিক অবক্ষয়, অপরাধ বৃদ্ধি, পারিবারিক ও সামাজিক ভাঙন এবং পরিবেশ দূষণের কারণে সৃষ্ট ক্ষতিও বিবেচনায় নিতে হবে। অধিকন্তু, উৎপাদনপ্রক্রিয়া বা ব্যবসায়িক সংগঠনের ধরন এমন হওয়া উচিত, যাতে তা অল্প কয়েকজনের হাতে সম্পদ ও ক্ষমতার কেন্দ্রীভবনে অবদান না রাখে এবং এক ব্যক্তির দ্বারা অন্য ব্যক্তির শোষণের কারণ না হয়।
একটি ধর্মনিরপেক্ষ বাজারব্যবস্থায় মুনাফার বৃদ্ধির পেছনে ছুটতে থাকা ব্যক্ত বা প্রতিষ্ঠানই সমাজের প্রতিনিধি হিসেবে পণ্য ও সেবা কীভাবে উৎপাদিত হবে, তা নির্ধারণ করে। মূল্যব্যবস্থা তার জন্য ইশারা প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে। প্রতিযোগিতা তাকে ব্যয় সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে বাধ্য করে। পণ্যের দাম যখন তার প্রান্তিক ব্যয়ের (opportunity cost) সমান হয়, তখন সে সর্বোচ্চ মুনাফা অর্জন করে। এভাবে যুক্তি দেওয়া হয় যে, বাজারে বিদ্যমান প্রতিযোগিতার সঙ্গে ব্যক্তিস্বার্থের সমন্বয় এমন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা সৃষ্টি করে, যেখানে শৃঙ্খলা ও জনস্বার্থ নিশ্চিত করার জন্য কোনো নৈতিক মূল্যবোধ বা সরকারি হস্তক্ষেপের প্রয়োজন হয় না।
এটা সত্য যে,সুস্থ প্রতিযোগিতা কেবল ব্যয় সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা নয়, বরং গুণগত মান উন্নত করা এবং দক্ষতা বৃদ্ধির জন্যও অপরিহার্য। তবে লাগামহীন প্রতিযোগিতা, অর্থাৎ এমন প্রতিযোগিতা, যা ভ্রাতৃত্ব ও সহযোগিতার মতো শরিয়তের গুরুত্বপূর্ণ উদ্দেশ্যসমূহের (মাকাসিদ) সঙ্গে সাংঘর্ষিক, তা পরিহার করা প্রয়োজন। একদিকে ভোগবাদ, যা ক্রমাগত আরও বেশি বস্তুগত পণ্য অর্জন এবং সীমাহীন চাহিদা পূরণের ওপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করে, অন্যদিকে অর্থনৈতিক মানুষ এর ধারণার প্রসার—এই দুই প্রবণতাই লাগামহীন প্রতিযোগীতার সৃষ্টি করে। উভয় ধরনের আচরণই আগ্রাসী মনোভাব ও মূল্যবোধহীনতাকে উৎসাহিত করে এবং এর ফলে সৃষ্ট সামাজিক ও অর্থনৈতিক ব্যয় মানুষের সামগ্রিক কল্যাণের ওপর উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলে।
অতএব, প্রতিযোগিতা যেন সুস্থ থাকে এবং বাজার যেন কেবল দক্ষতার সঙ্গে নয়, ইনসাফের সঙ্গেও পরিচালিত হয়, তা নিশ্চিত করার জন্য বাজারব্যবস্থায় আখলাক ও মূল্যবোধ এর প্রসার করা এবং সরকারের ইতিবাচক ভূমিকা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ কারণে একটি ইসলামী অর্থনীতিতে উৎপাদন ব্যয় কমানো এবং অধিকতর দক্ষতা, উদ্ভাবন ও সাংগঠনিক উন্নতির মাধ্যমে পণ্যের গুণগত মান বাড়ানোর লক্ষ্যে সুস্থ প্রতিযোগিতাকে উৎসাহিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এমন তীব্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করা প্রয়োজন— যা কম দামে পণ্য বিক্রি করে প্রতিদ্বন্দ্বীদের বাজার থেকে সরিয়ে দেওয়া, ডাম্পিং, তথ্য জালিয়াতি, প্রতিযোগীদের ধ্বংস করা, অর্থনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি এবং তৃতীয় পক্ষের উপর সৃষ্ট প্রভাব ও সামাজিক ব্যয়ের প্রতি উদাসীনতার দিকে পরিচালিত করে। কেবল মূল্যব্যবস্থার ওপর নির্ভর করে এটি করা সম্ভব নয়। সমাজ সংস্কার এবং উৎপাদক ও ভোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিও প্রয়োজন। সামাজিক ও অর্থনৈতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারের গঠনমূলক ভূমিকাও অপরিহার্য; এগুলোকে উপেক্ষা করা যায় না।
ইসলাম আমাদের সামনে আর্থসামাজিক আদালতের যে রূপরেখা দেয়, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবসায়িক সংগঠনের ধরন সাধারণত ক্ষুদ্র ও মাঝারি আকারের হওয়া উচিত। এটি আয় ও সম্পদের ন্যায়সংগত বণ্টনে সহায়ক হবে, যার ওপর ইসলাম অত্যন্ত জোর দিয়েছে। একই সঙ্গে এটি মানুষের ভেতরের সুপ্ত সম্ভাবনার বিকাশে সহায়তা করবে এবং উদ্যোক্তাদের নিজেদের সেরাটা দেয়ার সুযোগ তৈরী করে দেবে। সাধারণত শ্রমনির্ভর হওয়ায়, তুলনামূলকভাবে অধিক জনসংখ্যাবিশিষ্ট দেশগুলোর জন্যও এ ধরনের প্রতিষ্ঠান অধিক উপযোগী হবে। সাধারণভাবে, অধিকাংশ অর্থনীতিবিদই মনে করেন, গড়পড়তা শিল্প কারখানাগুলোর তুলনায় দক্ষ শিল্পকারখানাগুলোর প্লান্ট সাইজ তুলনামূলকভাবে ছোট।²⁷
বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সাধারণত কেবল তখনই উৎসাহিত করা উচিত, যখন তা প্রয়োজনীয়। তবে এ ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে সেগুলোকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে হবে, যাতে ভোক্তা, শেয়ারহোল্ডার, কর্মচারী এবং অন্যান্য অংশীজনের স্বার্থ পর্যাপ্তভাবে সুরক্ষিত থাকে। এভাবে বিপুলসংখ্যক ক্ষুদ্র ও মাঝারি আকারের প্রতিষ্ঠানের সঙ্গে কয়েকটি যথাযথভাবে নিয়ন্ত্রিত বৃহৎ প্রতিষ্ঠানের সমন্বয় সামাজিক আদালত, অধিকতর অর্থনৈতিক সমৃদ্ধি এবং সৃজনশীল উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করবে।
ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসার ওপর গুরুত্বারোপ ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের সংগঠনে বেশ কিছু কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দেয়।²⁸ এর মধ্যে কয়েকটি হলো: প্রথমত, এই লক্ষ্য অর্জনের সহায়ক প্রযুক্তির উন্নয়ন; দ্বিতীয়ত, যেখানে মানুষ বসবাস করে, সেখানেই ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা, যাতে মানুষ কাজের সন্ধানে পরিবার থেকে দূরে বড় বড় মহানগরীতে যেতে বাধ্য না হয়; তৃতীয়ত, এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় যুক্তিসংগতভাবে কম রাখা, যাতে বিপুলসংখ্যক ব্যক্তির সামর্থ্যের মধ্যে থাকে; চতুর্থত, ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তোলা, যাতে তারা পারস্পরিকভাবে নিজেদের সমস্যার সমাধান করতে পারে এবং একই সঙ্গে অধিকতর দক্ষতা অর্জনের জন্য নিজেদের মধ্যে সুস্থ প্রতিযোগিতাও বজায় রাখতে পারে; এবং পঞ্চমত, ব্যাংকিং ব্যবস্থাকে এমনভাবে সংগঠিত ও নিয়ন্ত্রিত করা, যাতে বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো অতিরিক্ত সুযোগ-সুবিধা না পায় এবং ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সমস্যার মুখোমুখি হতে না হয়।
কার জন্য উৎপাদন করা হবে
আয় কীভাবে বণ্টন করা উচিত, সে প্রসঙ্গে কথা বলার ক্ষেত্রে প্রচলিত অর্থনীতিবিদরা তাত্ত্বিক-দার্শনিক আলাপকে একপাশে সরিয়ে রেখেছেন। এর কারণ হলো, মানুষের মধ্যে তুলনা এবং এবং সম্পদ প্রাপ্তির ন্যায্যতা বিচার করার ক্ষেত্রে তারা প্রত্যেকে নিজস্ব একটা সীমারেখার মধ্যে থাকেন। তার উপর Pareto optimality এর মানদণ্ড অসম বণ্টনকে দীর্ঘস্থায়ী করাকে বুদ্ধিবৃত্তিক সমর্থন জুগিয়েছে। এর কারণ হলো, যেকোনো পুনর্বণ্টন ধনীদের অবস্থার কিছুটা অবনতি ঘটাবে, যদিও তা দরিদ্রদের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে এবং সমাজের নিট লাভও উল্লেখযোগ্যভাবে ইতিবাচক হবে।
আয় ও সম্পদের চরম বৈষম্য ইসলামের ভিশনের পরিপন্থী এবং ভ্রাতৃত্ব ও আর্থসামাজিক আদালতের সঙ্গে অসংগতিপূর্ণ। এ ধরনের বৈষম্য ইসলামের কাঙ্ক্ষিত ভ্রাতৃত্ববোধকে লালন করার পরিবর্তে ধ্বংস করে। এ কারণে মুসলিম সমাজে এমন একটি পুনর্বণ্টন নীতি থাকা অপরিহার্য, যা সম্পদের ওপর মানুষের দাবিগুলো পূরণ করতে সাহায্য করবে²⁹ এবং একই সঙ্গে এমন জীবনযাত্রার মান নিশ্চিত করবে, যা মানবিক, সম্মানজনক এবং পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে মানুষের মৌলিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যে মুসলিম সমাজ এমন মানবিক জীবনযাত্রার মান নিশ্চিত করতে ব্যর্থ হয়, প্রকৃতপক্ষে সে সমাজকে মুসলিম সমাজ বলা যায়না। মহানবী (স.) যথার্থই ঘোষণা করেছেন, ;যে ব্যক্তি পেট ভরে খায়, অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে প্রকৃত মুসলিম নয়।³⁰
ইসলামী ব্যবস্থায়, অন্যান্য মূল্যবোধভিত্তিক ব্যবস্থার মতোই, 
(১) প্রথমত, অন্যায় উপায়ে অন্যদের তুলনায় অধিক সুবিধা লাভের উদ্দেশ্যে উপার্জনের সব অসৎ পন্থা ও অনৈতিক কার্যকলাপ—যার মধ্যে একচেটিয়া ব্যবসা, মজুতদারি, কম দামে পণ্য বাজারে ছেড়ে প্রতিযোগীদের ক্ষতিগ্রস্ত করা, প্রতারণা ও জালিয়াতি অন্তর্ভুক্ত—কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার সৎ ও যথাযথ বাস্তবায়ন আয়ের অসম বণ্টনের একটি প্রধান উৎস হ্রাস করতে সাহায্য করবে।
(২) দ্বিতীয়ত, শ্রমিক শোষণকে তীব্র ভাবে নিন্দা করা হয়েছে এবং ন্যায্য মজুরি প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। ন্যায্য মজুরি কত হবে, তা নির্ধারণ করতে কয়েকটি বিষয় বিবেচনায় নিতে হবে। এর মধ্যে রয়েছে একজন শ্রমিক এর উৎপাদিত পণ্য বা সেবার পরিমাণ, একটি পরিবারের ভরণপোষণের জন্য প্রয়োজনীয় ন্যূনতম আয়, মোট জনসংখ্যার তুলনায় দেশের অর্থনৈতিক উন্নয়নের সূচক এবং শ্রমিকদের আরও দক্ষ হয়ে প্রয়োজনীয় মজুরি অর্জনে সক্ষম করার জন্য বিদ্যমান বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ।
(৩) তৃতীয়ত, ব্যবসায়িক ঝুঁকিতে অংশগ্রহণ না করে আর্থিক মূলধনের ওপর মুনাফা গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। অর্থায়নকারীকে হয় মুনাফা-লোকসান ভাগাভাগির মাধ্যমে ঝুঁকিতে অংশগ্রহণ করতে হবে, নতুবা কোনো মুনাফা গ্রহণ করা যাবে না। এটি শুধু আয়ের বৈষম্যের অন্যতম প্রধান উৎস দূর করতেই সাহায্য করবে না, বরং অতিরিক্ত ঋণ প্রদানের প্রবণতাও হ্রাস করবে। ঝুঁকি ভাগাভাগির ওপর ভিত্তি করে গড়ে না ওঠা যেকোনো ব্যবস্থায় সাধারণত এ ধরনের প্রবণতা দেখা যায়।
(৪) চতুর্থত, যারা কাজ করতে অক্ষম অথবা যাদের উৎপাদনশীলতা কম হওয়ার কারণে নিজেদের প্রয়োজন নিজেরা পূরণ করতে পারে না, সেইসব দরিদ্র মানুষের প্রয়োজন পূরণের দায়িত্ব সমাজের ওপর নৈতিকভাবে বাধ্যতামূলক করেছে ইসলাম। যাকাতের মাধ্যমে এ দায়িত্ব পালন করা হয়। যাকাত কোনো কর নয়; বরং দরিদ্রদের সাহায্য করার জন্য ধনীদের ওপর আরোপিত একটি ফরয বিধান। দরিদ্রদের এমন সব মৌলিক চাহিদা, যা তারা নিজেদের প্রচেষ্টায় পূরণ করতে পারে না, যাকাত ও সদকার অর্থ থেকে সমাজকে তা পূরণ করতে হবে। এগুলো পর্যাপ্ত না হলে প্রণোদনা, সামগ্রিক উৎপাদন ও উন্নয়নের ওপর এর প্রভাব বিবেচনায় নিয়ে এ উদ্দেশ্যে একটি বিশেষ কর আরোপ করতে হবে।
উপসংহার
সেক্যুলার বাজারব্যবস্থা ব্যক্তিস্বার্থের ওপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করেছে এবং ব্যক্তির রুচি ও পছন্দের পাশাপাশি সামাজিক রীতিনীতি ও মনোভাবের সংস্কারে নৈতিক মূল্যবোধ যে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে, তা উপেক্ষা করেছে। ফলে সীমাহীন চাহিদা ও সীমিত সম্পদের মধ্যে আদালতপূর্ণ ভারসাম্য প্রতিষ্ঠায় এই ব্যবস্থা ব্যর্থ হয়েছে। অনিচ্ছাকৃতভাবেই এটি সম্পূর্ণ দায়ভার মূল্যব্যবস্থার ওপর চাপিয়ে দিয়েছে। এর ফলে ভারসাম্য ধনীদের পক্ষে চলে গেছে। তাই এই ব্যবস্থার সমালোচকেরা যথার্থই দেখিয়েছেন যে, সামগ্রিকভাবে এই ব্যবস্থা অত্যন্ত আদালতহীন এবং এটি আয় ও সম্পদের বৈষম্যকে আরও বাড়িয়ে তুলেছে। এর উপযোগবাদী দর্শন, বিজ্ঞাপনী ব্যবস্থার বিপুল প্রভাব এবং লোকদেখানো ভোগের সঙ্গে সম্পৃক্ত উচ্চ সামাজিক মর্যাদা—সব মিলিয়ে এটি মানুষের চাহিদার ব্যাপক বিস্তার ঘটিয়েছে, যার অধিকাংশই অন্ত:সারশূন্য এবং মানুষের কল্যাণের জন্য অপ্রয়োজনীয়। ফলে মানুষের এই ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে সরকারি ও বেসরকারি—উভয় খাতেই ঋণের পরিমাণ অত্যধিক বেড়েছে। এর পেছনে সুদভিত্তিক আর্থিক ব্যবস্থার একটি অন্তর্নিহিত ত্রুটি কাজ করেছে। এই ব্যবস্থায় ব্যাংকগুলো ঝুঁকির অংশীদার হয় না; ফলে নিজেদের মুনাফা সর্বাধিক করার জন্য যতটা সম্ভব ঋণ দেওয়ার প্রণোদনা তাদের থাকে। একটি বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থায় পণ্য ও সেবা সরবরাহের সক্ষমতার তুলনায় অনেক বেশি হারে চাহিদা বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি হয়। এরপর মূল্যবোধ এর তোয়াক্কা না করে সব ক্ষেত্রের ওপর সমানভাবে, সামগ্রিক চাহিদা কমানোর প্রচেষ্টা চালানো হয়। এর ফলে মন্দা ও বেকারত্ব দেখা দেয়, যা দরিদ্রদের দুর্দশা আরও বাড়িয়ে তোলে।
সমাজতন্ত্রের প্রভাব, মহামন্দা, অর্থনৈতিক মন্দা এবং আর্থিক সংকটের ফলে অর্থনীতিতে সরকারের ভূমিকার প্রয়োজনীয়তা এখন সাধারণভাবে স্বীকৃত হয়েছে। পুঁজিবাদী চিন্তাধারায় এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পরিবর্তন। তবে এর ফলে সরকারি ব্যয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে। অন্যদিকে অপ্রয়োজনীয় ব্যয় আনুপাতিকভাবে কমানো না হওয়ায় বিশ্বের অনেক দেশে বাজেট ঘাটতি অযৌক্তিকভাবে বেড়ে গেছে। এর পরিণতিতে বিশ্বব্যাপী মোট ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে—যা সাধারণভাবে আর্থিক সংকটের অন্যতম প্রধান কারণ হিসেবে স্বীকৃত। গভীরতর পর্যায়ে কেবল সামাজিক শৃঙ্খলা ও স্থিতিশীলতাই এমন একটি ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় সাহায্য করতে পারে, যা অর্থনৈতিক ভারসাম্যহীনতা সৃষ্টি না করেই সবার চাহিদা পূরণে সক্ষম।
ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় সর্বপ্রথম ব্যক্তি ও সমাজের আখলাকী পুনর্জাগরণের উপর গুরুত্ব দিতে হবে। এই পুনর্জাগরণ কঠিন হলেও অপরিহার্য। পাশাপাশি, অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ এবং দরিদ্র জনগোষ্ঠীর অবস্থার উন্নয়নের জন্য উপযুক্ত সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে। সরকারেরও সক্রিয় এবং গঠনমূলক ভূমিকা পালন করা উচিত। তবে সরকারের উচিত তার ক্ষমতা ও বলপ্রয়োগের পরিবর্তে সমাজের নৈতিক সংস্কার এবং উপযুক্ত সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিকাশের ওপর অধিক নির্ভর করা। বলপ্রয়োগ ও ক্ষমতার ব্যবহার কেবল যতটুকু অপরিহার্য, ততটুকুই করা উচিত। সরকারের কার্যপ্রণালিকে স্বৈরতন্ত্রে পর্যবসিত হতে দেওয়া যাবে না কিংবা স্বয়ংক্রিয় বাজারব্যবস্থার মতো একইভাবে অন্যায়কে স্থায়ী করার সুযোগ দেওয়া যাবে না।
বেসরকারি খাতে চাহিদার পরিবর্তে প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেওয়া, সরকারি বাজেটের যৌক্তিকীকরণ এবং সরকারি কল্যাণমূলক ব্যয় নির্ধারণে প্রয়োজনভিত্তিক যাচাই-পদ্ধতি প্রয়োগ; এসব পদক্ষেপ সীমাহীন চাহিদার প্রসার ও লাগামহীন সরকারি ব্যয়ের কারণে সৃষ্ট ভারসাম্যহীনতা এবং ঋণবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করবে। দরিদ্রদের প্রয়োজন যত বেশি পূরণ হবে এবং বৈষম্য যত বেশি হ্রাস পাবে, দক্ষতা ও উৎপাদন, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সংহতির ওপর এর প্রভাব তত বেশি কার্যকর হবে। এটি ধনী ও দরিদ্রের মধ্যকার ব্যবধান কমাতে এবং এর ফলে সামাজিক উত্তেজনা ও সংঘাতের আগুন নিভিয়ে দিতে সাহায্য করবে।
সম্পদকে চূড়ান্ত লক্ষ্য নয়, বরং একটি উপায় হিসেবে বিবেচনা করা হলে এবং পার্থিব সম্পদ ও লোকদেখানো ভোগের ওপর কম গুরুত্ব দেওয়া হলে, অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অপরিহার্য সামাজিক ও আধ্যাত্মিক কর্মকাণ্ড, সন্তানদের যথাযথ লালন-পালন এবং সামাজিক সংহতির জন্য আরও বেশি অবসর পাবেন। এটি জীবনের অর্থবহ সমৃদ্ধি ফিরিয়ে আনতে এবং অসীম প্রজ্ঞা ও করুণার অধিকারী স্রষ্টার প্রতিনিধি হিসেবে মানুষের প্রাপ্য মর্যাদা পুনরুদ্ধার করতে সাহায্য করবে।
তবে মুসলিম বিশ্ব এখনো প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থার কবলে রয়েছে। এর পাশাপাশি, কয়েক শতাব্দীর অবক্ষয় এবং যথাযথ ইসলামী শিক্ষার অভাবের কারণে এটি নানা সমস্যায়ও জর্জরিত। তা সত্ত্বেও, সংস্কার আন্দোলনগুলো পরিবর্তন আনার চেষ্টা করছে এবং বিদ্যমান ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে কাজ করা কর্তৃত্ববাদী শাসনব্যবস্থাগুলোও ধীরে ধীরে ভেঙে পড়ছে। অতএব, আমরা আশা করতে পারি যে, মুসলিম বিশ্ব নিজেদের সংস্কার করতে সক্ষম হবে এবং বাকি বিশ্বের সামনে একটি যথার্থ আদর্শ উপস্থাপন করতে পারবে, ইনশাআল্লাহ।

Footnote
1. The Economist, “Onwards and Upwards: Why is the Modern View of Progress so Improvised?”, 19 December, 2009, pp. 35–38।
2. Edwin A. Burtt, The Metaphysical Foundations of Modern Science (Garden City, New York, Doubleday, 1955)।
3. Bertrand Russel, The Impact of Science on Society (New York: Simon and Schuster, 1953), p. 6।
4. Jacques Barzun, Darwin, Marx, Wagner (New York: Doubleday, 1950), p. 87। Encyclopedia of Philosophy-তে Psychology বিষয়ক নিবন্ধটিও দেখুন, যেখানে বলা হয়েছে, দীর্ঘ হ্রাসবাদী প্রক্রিয়ায় মানুষ প্রথমে তার রূহ, তারপর তার ক্বালব, এরপর তার চেতনা এবং সবশেষে এমনকি তার দেহও হারিয়েছে; দেহকেও আবেগ-অনুভূতহীন একটি স্থায়ী সম্ভাবনায় পরিণত করা হয়েছে (New York: Macmillan and the Free Press, 1967), vol. VII, p. 27।
5. Barzun, 1950, op. cit., p. 92।
6. George A. Miller, Psychology: The Science of Mental Life (New York: Harper & Row, 1962), pp. 230–31।
(Thorstein Veblen, The Place of Science in Modern Civilization, New York: B.W. Huebsch, 1919, pp. 73–74)।
7. Jevons, W. S. The Theory of Political Economy (Reprint of the 1871 edition, New York: A. M. Kelly, 1965)।
8. See, Milton Friedman, Capitalism and Freedom (Chicago: The University of Chicago Press, 1972), p. 133।
9. Adam Smith, Invisible Hand in L.S. Stepelevich, ed., The Capitalist Reader (New York: Arlington House Publishers, 1977), p. 20। আরও দেখুন, Wilhelm Roepke, Ordered Anarchy, ibid., p. 32।
10. তাওহীদের ধারণা এবং ইসলামী জীবনব্যবস্থায় এর তাৎপর্যের সুস্পষ্ট ব্যাখ্যার জন্য দেখুন, M. N. Siddiqi, Tawid, the Concept and the Process in K. Ahmad and Z.I. Ansari, Islamic Perspectives (Leicester, U.K.: The Islamic Foundation, 1979), pp. 17–33। আরও দেখুন, Bilal Philips, The Fundamentals of Tawheed: Islamic Monotheism (Birmingham, UK: Al-Hidayah Publishing, 2004)।
11. আল-কুরতুবির কুরআনের তাফসির দেখুন (১৯৫২), Al-Jami li Ahkam al-Quran (Beirut: Dar al-Kitab al-Arabi), Vol. 1, p. 138।
12. “আর তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তিনি তোমাদের যে সম্পদের ওপর প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছেন, তা থেকে ব্যয় করো।(আল-কুরআন, ৫৭:৭)।
13. “তোমরা অন্যায়ভাবে পরস্পরের সম্পদ ভোগ করো না এবং অন্যের সম্পদ অন্যায়ভাবে ও জেনেশুনে গ্রাস করার উদ্দেশ্যে তা শাসকদের কাছে পেশ করো না।(আল-কুরআন, ২:১৮৮)।
14. “আর তাদের সম্পদের মধ্যে প্রার্থী ও বঞ্চিতদের হক রয়েছে।; (আল-কুরআন, ৭০:২৪)। “আল্লাহ তোমাকে যা দিয়েছেন, তা দিয়ে আখিরাতের আবাস অনুসন্ধান করো; তবে দুনিয়ায় তোমার অংশের কথা ভুলে যেয়ো না। আর তুমি অন্যের প্রতি অনুগ্রহ করো, যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন। আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের পছন্দ করেন না।(আল-কুরআন, ২৮:৭৭)।
15. কুরআনে উৎসাহিত করা হয়েছে: “তোমরা সৎকাজে একে অপরের চেয়ে অগ্রগামী হও। (আল-কুরআন, ২:১৪৮)। মহানবী (স.) জোর দিয়ে বলেছেন, “তোমরা একে অপরকে ঘৃণা করো না, একে অপরের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করো না এবং পার্থিব বিষয় নিয়ে একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়ো না; বরং এক আল্লাহর সৃষ্টি ভাই ভাই হয়ে থাকো।; (সহিহ মুসলিম, Cairo: ;Isa al-Babi al-Halabi, 1955, vol. 4, p. 1986: 31)।
16. ;Ali al-Tantawi and Naji al-Tantawi, Akhbaru ;Umar (Damascus: Dar al-Fikr, 1959), p. 268।
17. সহিহ মুসলিম (1955), vol. 4, p. 1996:56, Kitab al-Birr wa al-Silah wa al-Adab, Bab Tahrim al-Zulm, Jabir ibn Abdallah থেকে বর্ণিত। এই হাদিসে নবী (স.) জুলুমাত শব্দটি ব্যবহার করেছেন। জুলুমাত হলো ;জুলমাহ বা অন্ধকার শব্দের বহুবচন। এটি অন্ধকারের একাধিক স্তরকে বোঝায়, যা শেষ পর্যন্ত ;ঘন অন্ধকার; বা ;পরম অন্ধকারে গিয়ে পৌঁছায়। কুরআনের ২৪:৪০ নম্বর আয়াতেও এর প্রমাণ পাওয়া যায়।
18. সহিহ মুসলিম, পূর্বোক্ত গ্রন্থ, vol. 4, p. 1987: 34।
19. সহিহ আল-বুখারি (Cairo: Muhammad ;Ali Subayhi, n.d.), vol. 8, p. 15।
[11/16/2026 7:26 PM] Nasfin Islam: 20. R. H. Tawney, The Acquisitive Society (New York: Harcourt Bran, 1948), p. 38।
21. এই পরিসংখ্যানগুলো ২৪ মে ২০১১ তারিখে ;world debt clock ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছিল (http://ca.gdc.s3.amazonaws.com/index.html)।%E0%A5%A4)
22. দেখুন, Bruno S. Frey and Alois Stutzer, What can Economics Learn from Happiness Research?; in Journal of Economic Literature (June, 2002), p. 403। মানুষের কল্যাণ নির্ধারণকারী বিষয়গুলো নিয়ে গবেষণামূলক সাহিত্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই সাহিত্য পর্যালোচনার জন্য দেখুন, David G. Myers, The Pursuit of Happiness: Who is Happy and Why? (New York: Avon, 1993)।
23. দেখুন, Samuelson, Economics (New York: McGraw Hill, 11th ed., 1980, p. 591)।
24. E. F. Schumacher, Small is Beautiful (London: Blond and Briggs, 1973), p. 40।
25. আল-গাজালি ও আল-শাতিবির বিকশিত মাকাসিদুশ শরীয়াহর আলোকে এ বিষয়ে আরও জানতে দেখুন, Anas Zarqa, Islamic Economics: An Approach to Human Welfare in K. Ahmad, ed., Studies in Islamic Economics (Leicester, U.K.: The Islamic Foundation, 1980), pp. 13–17। আরও দেখুন, M. Umer Chapra, The Islamic Vision of Development in the light of Maqasid al-Shariah (Jeddah: Islamic Research and Training Institute/Islamic Development Bank, 2008)।
26. বেশ কয়েকজন পশ্চিমা পণ্ডিতও একই মত প্রকাশ করেছেন। উদাহরণস্বরূপ, শুমাখার বলেছেন: “বিশ্বের প্রাথমিক সম্পদের ৪০ শতাংশ ব্যবহার করে বিশ্বের জনসংখ্যার ৬ শতাংশেরও কম মানুষের চাহিদা পূরণকারী একটি শিল্পব্যবস্থাকে তখনই দক্ষ বলা যেতে পারে, যদি তা মানুষের সুখ, কল্যাণ, সংস্কৃতি, শান্তি ও সম্প্রীতির ক্ষেত্রে অত্যন্ত সফল ফলাফল অর্জন করে। Schumacher, পূর্বোক্ত গ্রন্থ, p. 109।
27. Robert L. Heilbroner, et al., In the Name of Profit (New York: Warner, 1973), p. 209।
28. এই অংশটি লেখার সময় লেখক Schumacher-এর পূর্বোক্ত গ্রন্থ, p. 163 থেকে উপকৃত হয়েছেন।
29. Abdul Hamid Abu-Sulayman, The Theory of the Economics of Islam in Contemporary Aspects of Economic Thinking in Islam (American Trust Publications, 1976), p. 20।
30. Muhammad bin Islamil al-Bukhari, আল-আদাবুল মুফরাদাত (Cairo: Qusay Muhib al-Din al-Khatib, 2nd ed., 1379 A.H.), p. 52: 112।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *