প্রিয় নবী মুহাম্মাদের (সা.) আবির্ভাব বিশ্বজাহানের জন্য সুন্দরতম উপহার। যে সময় নবজাতক নবী, মা আমিনার কোল শোভিত করেন, ঠিক সে সময়েই সমগ্র সৃষ্টিকূলের অনুভূতি আন্দোলিত হয়। জ্ঞাত কিংবা অজ্ঞাত প্রশান্তি সবিস্ময়ে তাদের পরশ বুলিয়ে যায়- কী যেন ঘটছে! পৃথিবী সবচেয়ে বড় সুখবর জানিয়ে চলেছে তার সমস্ত সন্তানকে! আকাশ-বাতাস শান্ত, স্নিগ্ধরূপে কাকে যেন অভ্যর্থনা জানায়! কী অপরূপ শোভা ধরনীর! সিন্ধুর বুকে উত্তাল উচ্ছ্বাস। নিখিল দুনিয়া যেন যার যার ভাষায় শোকরানার ধ্যানে মত্ত! সকল হৃদয় মারহামাতের আজানে মুখরিত। সমস্ত জাহান যেন এক কণ্ঠে গেয়ে চলেছে, দয়া, দয়া, দয়া! মারহামাতের এ উচ্চারণ কেবল চকিতের অনুরণন নয়, একটি যুগ নয় কিংবা একটি সভ্যতাতেও আবদ্ধ নয়; এটি শাশ্বত ধারা! এ ধারাকে উপজীব্য করে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কবি-সাহিত্যিক সাহিত্যারাধনা করেছেন। বাংলার নজরুল সে আরাধনায় অনন্য।
তাঁর সমস্ত সাহিত্যে নবীজির মারহামাত জীবন্ত হয়ে উঠেছে। নজরুলের বিদ্রোহী, সর্বগ্রাসী, সর্বনাশী মননের প্রেক্ষাপটে যে গড়ার প্রচেষ্টা কলকাঠি নেড়েছে- তার প্রেরণা যুগিয়েছে এই মারহামাত! নজরুল সাহিত্যের পরতে পরতে নবীজীর মারহামাতের দিদার মেলে। তাঁর সঙ্গীতে নিঃসীম প্রেমের যে সুর তরঙ্গায়িত হয় তার কারণ তিনি তাঁর প্রেমময় প্রিয়তম মুহাম্মাদের (স.) সাথে আপন হৃদয় জুড়ে মালা গেঁথেছিলেন। অথবা নজরুল তাঁর হৃদয়ে নবীপ্রেমের সিংহাসন তৈয়ার করেছিলেন, যার মধুর ইশারায় মহব্বতের নদী ছুটেছে মুহাম্মাদ দরিয়ায়। নবী দুনিয়ায় নেই, এ কথা নজরুল মানেন না। কারণ তিনি তাঁর প্রিয়তমকে তাঁর গভীর অনুরাগে অনুভব করেন।
“কে, বলে তুমি গেছ চ’লে হাজার বছর আগে,
আছ, লুকিয়ে তুমি প্রিয়তম আমার অনুরাগে।
মোর অন্তরেরই হেরা-গুহায়/ আজো তোমার ডাক শোনা যায়,
জাগে, আমার প্রেমের ‘কাবা’-ঘরে তোমারি সূরত।।”নজরুলের সঙ্গীতে আল্লাহর রাসুলকে (সা.) বিভিন্নভাবে পাওয়া যায়। কোথাও সৃষ্টিতত্ত্বের দিক থেকে প্রিয় নবীর মহিমাকে উচ্চকিত করেছেন। এই পৃথিবী সৃষ্টি কেবল অসিলা মাত্র আর সেই অসিলা হলেন খোদার হাবীব। প্রিয় নবীর আগমন কেবল মানব জাতিরই আরাধ্য নয় সমগ্র সৃষ্টি তাঁর অপেক্ষায় চাতকিনীর মতো চেয়ে ছিল। যাঁর আগমন এই পৃথিবীকে রওশন করেছে, পরকালের মুক্তির আলো জ্বেলেছে।
“আমার প্রিয় হজরত নবী কমলীওয়ালা। /
যাঁহার রওশনীতে দীন-দুনিয়া উজালা।।
যাঁরে খুঁজে ফেরে কোটি গ্রহ তারা, /
ঈদের চাঁদে যাঁহার নামের ইশারা”
প্রেমোন্মাদ নজরুল তাঁর প্রেমাস্পদের প্রেমে হৃদয় রাঙিয়ে ছিলেন। এ রঙ তাঁর হৃদয় থেকে সর্বাঙ্গে রঙ ছড়িয়েছিল। তাই তাঁর প্রেম সিক্ত আঁখি যেদিকে চেয়েছে, নবীময় দুনিয়া দেখেছে। প্রকৃতির মাঝে নজরুল প্রেমের যে আভা পেয়েছেন তার মাঝে রাসুলের রঙের সাদৃশ্য পাওয়ার বহুমুখী কারণ আছে। একটি হলো, আদালতের শৃঙ্খলা। প্রকৃতির মাঝে এত চমৎকার সৌন্দর্য, এত চমৎকার ভারসাম্য তার কারণ তারা কেবলই আল্লার আজ্ঞাবহ। প্রিয় নবী মানুষের জন্য সেই শৃঙ্খলার বানীই এনেছেন যা মানুষকে তার সবচেয়ে সুন্দর রূপটা প্রকাশ করাতে সক্ষম হয়।
“ওরে আসমান! তুই সুনীল হলি জানি কেমন ক’রে-
আমার নবীর কালো চোখের একটুকু নীল হ’রে।
ওরে তারা! তোরা জ্যোতি পেলি নবিজির চাউনিতে।।”
নজরুল তাঁর বহু গানে আল্লাহ পর্যন্ত মুহাম্মাদকে (সা.) আঁকড়ে ধরতে চেয়েছেন। তাঁর এই প্রার্থনা প্রায় গানেই সুর তুলেছে। মুহাম্মাদের (সা.) নামের ধ্যান যে হৃদয়ে আছে সে হৃদয়ে খোদা আপনা আপনিই ধরা দেন।
“ঐ নামেরই রশি ধ’রে যাই আল্লার পথে, / ঐ নামেরই ভেলায় চ’ড়ে ভাসি নূরের স্রোতে,
ঐ নামেরই বাতি জ্বেলে’ দেখি লোহ আরশ-ধামে/ মুর্শিদ মোহাম্মদের নাম।।।
ঐ নামের দামন ধ’রে আছি, আমার কীসের ভয়/ ঐ নামের গুণে পাব আমি খোদার পরিচয়;”
আল্লাহ আরশের মালিক, তিনি দূর আসমানের আরশে থাকেন। তিনি সকল সৃষ্টির প্রতিপালন করেন। কিন্তু সৃষ্টি তাঁকে দেখতে পায় না, খোঁজার সঠিক দিশা পায় না। খোদার জ্ঞানের জগতে যেতে মুহাম্মাদ (স.) দরজায় প্রবেশ করতে হয়। কারণ আল্লাহ দূর আরশে থাকলেও নবিজি থাকেক প্রাণের কাছে। নজরুলের কাছে নবীপ্রেম বা নবীর মারহামাতী দাওয়াত ছিল, সকল মুসকিলেন আসান। তাই নজরুল নবীপ্রেমকে তাবিজের মতো বুকে জড়িয়ে রেখেছেন।
“নবীজি মোর তাবিজ হ’য়ে/ আমার বুকে জড়িয়ে আছে।।
খোদার নাম সেজদা করি, / নবীরে মোর ভালোবাসি,”
নজরুলের প্রিয়তম দুনিয়াতে নেই- এটা তাঁর জন্য দুঃখ বা শোকের কারণ না। তাঁর দুখের কারণ হলো, নবীপ্রেমের বন্ধন হালকা হওয়া। এখানে জাতীয় কবি আত্মকণ্ঠ সরব করলেও এটা কেবলই তাঁর নিজস্ব কণ্ঠ নয়, তিনি সমগ্র উম্মাহর কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন। অর্থ-বিভব-যশ-সম্মান প্রতিযোগিতার তাপে ধরা ধামে যে খরা পড়েছে তা থেকে নাজাত পেতে কবি নবীপ্রেমের সঙ্গ যেচেছেন। এই সঙ্গেই তপ্ত খরার ধরা আর পরপারের সব নদী পাড়ি দিতে চেয়েছেন।
“ইয়া মোহম্মদ, বেহেশত হতে/ খোদায় পাওয়ার পথ দেখাও।
এই দুনিয়ার দুঃখ থেকে/ এবার আমায় নাজাত দাও।।
পীর মুর্শীদ পাইনি আমি/ তাই তোমায় ডাকি দিবস-যামী,
তোমারই নাম হউক হজরত/ আমার পরপারের নাও।।
অর্থ-বিভব-যশ-সম্মান চেয়ে চেয়ে নিশিদিন
দুঃখ-শোকে জ্ব’লে মরি, পরাণ কাঁদে শান্তিহীন।
আল্লা ছাড়া ত্রিভূবনে শান্তি পাওয়া যায় না মনে;
কোথায় পাবো সে আবেহায়াত ইয়া নবিজি রাহ্ বাতাও।।”
নবী করীম (স.) দুনিয়ার কানায় কানায় মারহামাত ছড়িয়ে দিতে পেরেছিলেন তার কারণ তিনি মানুষের উৎকর্ষ রূপের শিখরে পৌঁছাতে পেরেছিলেন। একজন মুমিন তার ভেতরের দুর্বলতা যা তাকে শক্তিমান হওয়ার লোভ এবং ওয়াসওয়াসা জোগায় সেই দুর্বলতার উর্ধ্বে নিজেকে তুলে ধরার লড়াইয়ে সদা সংগ্রামী থাকে। রাসূল (স.) নিজে আজীবন এর সাধনা করেছেন এবং সাধনার সুনির্দিষ্ট পথ দেখিয়েছেন। ক্ষণিকের দুর্বলতায় প্রবিত্ত মুসলমান এবং সব মানুষকে নজরুল স্মরণ করিয়েছেন আমরা কোন মারহামাতপূর্ণ রাসুলের উম্মত। যিনি ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ পাওয়ার কাছেও দুর্বল হননি। বিলাস-বিভবকে তিনি ধূলার মতোই পদদলিত করেছেন।
নবীজির মারহামাতের নূরে কবি ঝলকিত, পুলকিত এবং স্বপ্নময় ঘোরে স্তম্ভিত। বদান্যতার শক্তিই যে শক্তিমান কবি এক বুক বিস্ময়ে তা আবিষ্কার করেছেন এবং সুরের লহরি তুলে তা গেয়ে গেয়ে স্বীকার করেছেন, ছড়িয়ে দিয়েছেন। এক তৌহিদের পয়গাম এনে কীভাবে গোটা দুনিয়ার হানাহানিকে থমকে দিয়েছেন! এই এক তৌহিদের মাহাত্ম্যে সকল শৃঙ্খলের রশি খুলে গেলো। সকল মানুষ উন্নত শিরে, আপন প্রভুর ঠিকানা খুঁজে পেলো। কে রাজা, কে প্রজা তফাত রইলো না। পৃথিবীর যে যে প্রান্তে মারহামাত মাখা, মানব প্রকৃতির আদিটানের সন্ধানস্বরূপ তৌহিদের পয়গাম পৌঁছালে সে সে মানুষ তাদের হৃদয়ের সবটুকু সৌন্দর্য পাশের সব সৃষ্টির জন্য নজরানা বলে মেলে ধরলো। কী অপূর্ব সেই রহমতের জয়গান!
“এ কোন্ মধুর শরাব দিলে আল্-আরাবী সাকী।
নিখিল জগৎ ছুটে এল, / রইল না কেউ বাকী।।
নর নারী বাদশা ফকীর/ তোমার রূপে হয়ে অধীর
যা ছিল নজরানা দিল/ রাঙা পায়ে রাখি।।”
কবি নবীকে প্রেমের দরিয়া জ্ঞান করেছেন। দরিয়া স্থির নয়, প্রবাহিত। পৃথিবী জুড়ে ঘুরে ঘুরে চলে। শুষ্ক মরুতে নদী নেই বলে অনেকে জানে। কবি সেই জ্ঞানকে নাকচ করছেন। কারণ নদীর যে স্নিগ্ধ হাওয়া মানুষকে জুড়ায়, প্রশান্ত করে। নবীর পরশে শুষ্ক মরু নদীরও অধিক প্রশান্তি এনেছে। প্রেমের দরিয়া বুকে পুরে মরুর তপ্ত ধূলা শীতল হয়েছে।
“কে বলে আরবে নদী নাই।
যথা রহমতের ঢল, বহে অবিরল, / দেখি প্রেম দরিয়ার পানি যেদিকে চাই
যাঁর কাবা-ঘরের পাশে আবে জমজম/ যথা আল্লা-নামের বাদল ঝরে হরদম;
যা’র জোয়ার এসে দুনিয়ার দেশে /পুণ্যের গুলিস্তান রচিল, দেখিতে পাই।।”
নবীপ্রেমে ব্যাকুল কবি নবীর দিদার লাভে উন্মুখ। প্রিয়তমের সাক্ষাৎ পেতে কী করা যায়- ভেবে কবি আকুল। কবি যেকোনো মূল্যে দেখা চান। নবীকে না দেখার আফসোস বুকে চেপে কবি নিজেকে একটা ভূখণ্ড ভাবেন, সেই সময়ের সেই ভূখন্ড যাতে তাঁর প্রিয়তম হেঁটে চলতেন। মুহূর্তেই কবির হতাশা দূর হয়ে যায়, এক কাল্পনিক আবহে কবি, লাগামহীন খুশিতে ছুটে চলেন:
“আমি যদি আরব হ’তাম মদিনারই পথ।/ এই পথে মোর চ’লে যতেন নূর-নবী হজরত।।
পয়জার তাঁর লাগত এসে আমার কঠিন বুকে,
আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে
সেই চিহ্ন বুকে পুরে/ পালিয়ে যেতাম কোহ্-ই-তুরে,
সেথা দিবানিশি করতাম তার কদম্ জিয়ারত।।”
কিংবা কবি আরব প্রকৃতির ন্যায় অপেক্ষার সাধনা করতে চেয়েছেন যাদের অপেক্ষা এবং প্রার্থনায় আল্লাহ রাসুলকে পাঠিয়েছিলেন।
“(তোমায়) যেমন ক’রে ডেকেছিল আরব মরুভূমি!
ওগো আমার নবী প্রিয় আল্ আরাবী/ তেমন ক’রে ডাকি যদি আসবে নাকি তুমি।।
যেমন কেঁদে দজলা ফোরাত নদী/ ডেকেছিল নওরবধি,
হে মোর মরুচারী নবুয়তধারী / তেমনি ক’রে কাঁদি যদি আসবে না কি তুমি।।”
কাজী নজরুল ইসলামের সাহিত্যের অন্যতম প্রধান সুর হল অসাম্প্রদায়িক চেতনা। অসাম্প্রদায়িক উদার স্বভাব তাঁর সাহিত্যের একেবারে মজ্জাগত গুণ। কেবল সাহিত্য না, ব্যক্তিগত জীবনেও তিনি সাহিত্যের সমান উদার ছিলেন; বরং তারচেয়েও বেশি। ফলে নজরুলের আত্মপরিচয়, তাঁর বিশ্বাসের পরিচয় অনেকটা রহস্যময় হয়ে ওঠে। তিনি যেমন গজল রচনা করেছেন তেমন শ্যামাসংগীতও রচনা করছেন এবং এ রচনা যেনতেন নয়; যেকোনো বড় মাপের হিন্দু পণ্ডিতের চেয়ে অধিক পাণ্ডিত্যের ছাপ পাওয়া যায় এতে। তাহলে তাঁর আপন বিশ্বাস কোনটি? নজরুল নিজেই এ ধোয়াশার জবাব দিয়েছেন। অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে উন্নত শিরে আত্মপরিচয় প্রদান করেছেন:
“আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়।
আমার নবী মোহাম্মদ, যাঁহার তারিফ জগৎময়।।
আমার কিসের শঙ্কা, / কোরআন আমার ডঙ্কা,
ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়!!”
কেবল বিশ্বাস এবং সাহস নয়, সাম্যবাদী কবির সাম্যের অস্তিত্বও বিশ্বনবী প্রণীত মতাদর্শ থেকে উৎসারিত। কবির অজস্র রচনায় এই সাম্যর জয়গান শোনা যায়। এই সাম্য প্রতিবন্ধকতার সমস্ত প্রাচীর ভাঙতে সক্ষম: ভৌগোলিক, ধর্মীয়, অর্থনৈতিক, পদমর্যাদা প্রভৃতি।
“আরব মিসর চীন হিন্দু মুসলিম-জাহান মোরা ভাই,
কেহ নয় উচ্চ কেহ নয় নীচ এখানে সমান সবাই।
এক দেহ এক দিল্ এক প্রাণ, / আমীর ফকির এক সমান।”
কবি যে সময়ে বসবাস করেছেন , সে সময়ের হানাহানি তাঁকে আঘাত করেছে। ধর্মীয় পরিচয়ের ভিন্নতার কারণ মানুষ মানুষকে হত্যা করে , তুচ্ছ করে- এ নজরুল কোনভাবেই মানতে পারেননি কারণ এটা তাঁর প্রিয়তমের প্রেমের পথের কাঁটা। তাঁর যে অসাম্প্রদায়িক চেতনা তার জন্ম,বিকাশ সবই রাসুলের আদর্শ থেকে পাওয়া। সমসাময়িক কোন কবি, কোন সাহিত্যিক, কোন রাজনীতিবিদ বা কেউ- কোন ব্যক্তি নজরুলের মতো এত দায়িত্ব নিয়ে অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেননি। এ চেতনা ধারণের শক্তি তিনি তাঁর বিশ্বাস থেকে পেয়েছিলেন। হৃদয়ে প্রেমের যার সিংহাসন পেতেছিলেন সেই প্রিয়তম অধিপতির আজ্ঞাবহ হয়েই করেছিলেন। ফলে, দিকে দিকে যখন ঘৃণার চাষাবাদ হচ্ছিল, কবি তখন ব্যথিত হন, ক্রুদ্ধ হন। পথ হারানো মুসলমানদের স্মরণ করিয়ে দেন, কোন মারহামাতের নবীর উত্তরাধিকার তারা! হজরতের বাণী উপেক্ষা করায়, তিনি সকলের তরফ থেকে ক্ষমা প্রার্থনা করেছেন।
“তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হজরত।
ভুলিয়া গিয়েছি তব আদর্শ তোমার দেখানো পথ।
…..
তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি ক’রে
আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে।
ভিন-ধর্ম্মীর পূজা-মন্দির / ভাঙিতে আদেশ দাওনি, হে বীর,
আমরা আজিকে সহ্য করিতে পারিনাকো পর মত্।।
…
তলওয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী।
মোরা ভুলে গিয়ে তব উদারতা/ সার করিয়াছি ধর্মান্ধতা,
বেহেশত হতে ঝরেনাকো আর তাই তব রহমত।।”
ইনসাফ এবং সাম্যের প্রেরণাও কবি এখাব থেকেই লাভ করেছিলেন। সকল মানুষের সব ধরনের অধিকারের বিষয়ে রাসূল (স.) ছিলেন আপসহীন। কবি তা স্মরণ করিয়েছেন।
কবি তার গানের সুরে বারবার সেই দুনিয়ায় ফিরে গেছেন, যে দুনিয়ায় প্রিয় নবীর মারহামাতের চাদর বিছানো ছিল। নজরুল ব্রিটিশ শোষিত ভারত ভূখণ্ড অধঃপতিত মুসলমানদের নৈরাশ্য এবং অপ্রয়োজনীয় হানাহানির কারণ হিসেবে রাসুলের আদর্শের বিচ্যুতিকে আবিষ্কার করেছিলেন। গোটা দুনিয়ায় শোষণের যে চরম নগ্নরূপ দেখা যাচ্ছিল তার কারণ হিসেবেও কবি এটিকেই দায়ী করেছিলেন। তাই সেই আদর্শের রশিকে মজবুতভাবে ধারণ করতে বলেছেন এবং নজরুলের বিদ্রোহী চেতনার পেছনে যে বিনির্মাণের লক্ষ্য ছিল সেই বিনির্মাণের প্রধান উপাদান হিসেবে রাসুলের মারহামাতি দাওয়াতকে চাঙ্গা করতে চেয়েছেন। কারণ এই মারহামাতি ভিত্তি ছাড়া শোষণহীন, ইনসাফের দুনিয়া বিনির্মাণ কখনো সম্ভব নয়।
মিমি বিনতে ওয়ালিদ
